এলডিসি উত্তরণ
জাপানে পণ্য রপ্তানি করলে ১৩% পর্যন্ত শুল্ক বসবে
বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংলাপের আয়োজন করে সিপিডি।
২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যে, বিশেষ করে তৈরি পোশাকে ৭ দশমিক ৪ শতাংশ থেকে ১২ দশমিক ৮ শতাংশ শুল্ক-কর আরোপিত হবে। বর্তমানে সেখানে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ।
গতকাল বুধবার বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সেন্টার পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত মূল প্রবন্ধে এই তথ্য দেওয়া হয়েছে। এলডিসি উত্তরণের পর জাপানের বাজারে বাণিজ্য-সুবিধা অব্যাহত রাখতে তিনটি সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো জিএসপি প্লাস নিয়ে দর-কষাকষি করা, কোভিড প্রেক্ষাপটে আরও দু-তিন বছর বাণিজ্য-সুবিধা অব্যাহত রাখা ও মুক্ত বাণিজ্য (এফটিএ) চুক্তি করা। এ ছাড়া জাপানের বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের ভেতরে প্রয়োজনীয় বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক সৈয়দ ইউসুফ সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যোগ দেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। বলেন, ‘বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্প জাপানের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। আমি আশা করি, ভবিষ্যতে জ্বালানি খাতের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের সহায়তা অব্যাহত থাকবে।’তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান প্রথম বিনিয়োগ করে তৎকালীন পূর্ব পাকিস্তানে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গত ৫০ বছরে জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়নি। জাপানের সঙ্গে সুসম্পর্কের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা করছে জাপান, তাই মাতারবাড়ীকে এখন জাপানবাড়ী বলা হয়।’ আরেকটি উদাহরণ দেন তিনি, ‘একবার জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে জাপানি সহায়তায় নির্মিত সেতু পরিদর্শনে যান, কিন্তু সেতুটি সরু হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে পাশে আরেকটি সেতু করার জন্য সহায়তার ঘোষণা দেন।’
জাপানের সঙ্গে এফটিএ নিয়ে কথা বলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বলেন, এখানে অনেকেই এফটিএ করার তাগিদ দিয়েছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে কাজ চলছে। ২০২০ সালে যৌথ সমীক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, জাপানে দক্ষ জনশক্তি দরকার। তাই বাংলাদেশকে দক্ষ লোক তৈরিতে প্রশিক্ষণ দিতে হবে, সে জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। জাপানে আতিথেয়তা, নার্সিং ও রেস্তোরাঁ খাতে প্রচুর জনবল দরকার হবে।
সাংসদ কাজী নাবিল আহমেদ বলেন, জাপানে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে-শ্রমশক্তি কাঠামো পরিবর্তন হচ্ছে। সে জন্য বাংলাদেশিদের প্রশিক্ষণ দিয়ে সেখানে পাঠানোর পরিকল্পনা করতে হবে। তাঁর প্রস্তাব, দুই দেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে উচ্চপর্যায়ের সফর হতে পারে। এতে সম্ভাবনার নতুন নতুন দ্বার খুলবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি আসিফ এ চৌধুরী। তিনি বলেন, কোনো দেশ দুর্নীতির ঊর্ধ্বে নয়। ১০০ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। তবে তাঁর মত, দুর্নীতি বন্ধ করতেই হবে।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি থেকে উত্তরণের পথে জাপানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে হবে। এতে এলডিসি থেকে বের হলে যেসব বাণিজ্য-সুবিধা চলে যাওয়ার কথা, তা যেন অব্যাহত রাখা যায়, সেই দর-কষাকষি করতে হবে। তথ্যপ্রযুক্তির আদান-প্রদান জোরদার করতে হবে।