পুনঃঅর্থায়ন তহবিল
জাহাজ নির্মাতারা ৪% সুদে ঋণ চান
৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চেয়েছে জাহাজ নির্মাণ খাত, যা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ বিভাগে চিঠি চালাচালি চলছে।
দীর্ঘমেয়াদি ঋণ পুনঃ তফসিল করতে ৪ শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চান জাহাজ নির্মাণ ও শিল্প খাতের ব্যবসায়ীরা। পুনঃঅর্থায়ন তহবিল গঠনে বাণিজ্য মন্ত্রণালয় সম্মত। এতে বাংলাদেশ ব্যাংকেরও কোনো বিরূপ মতামত নেই। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অবশ্য কিছু বলছে না। কিন্তু ঋণ পুনঃ তফসিলের জন্য পুনঃঅর্থায়ন তহবিল গঠনের পক্ষে কেউই রাজি নয়। যে কারণে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের সঙ্গে তিন মাস ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি চালাচালি চলছে।
অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডার্স ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (এইওএসআইবি) পুনঃঅর্থায়ন তহবিল গঠনের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংক গত ৯ জুন বাণিজ্য মন্ত্রণালয়কে জানায়, এ ব্যাপারে তাদের কোনো নেতিবাচক মতামত নেই। জাহাজ নির্মাণশিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়নের সময় শিল্প মন্ত্রণালয়কেও গত বছর একথা জানানো হয় বলে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক।
বাণিজ্যসচিবকে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, নতুন করে ঋণ নিয়ে বিদ্যমান ঋণের দায় পরিশোধ বা সমন্বয় করা শৃঙ্খলা পরিপন্থী। এক বছর আগেই এ ব্যাপারে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলো তা পরিপালন করছে কিনা তা তদারকও করছে কেন্দ্রীয় ব্যাংক।
চিঠিতে আরও জানানো হয়, রপ্তানিমুখী জাহাজ নির্মাণশিল্পের ঋণ ২০১৭ সালের ৩১ ডিসেম্বরভিত্তিক হিসাব করে ২০১৮ সালের ২৮ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে কোনো ডাউন পেমেন্ট ছাড়া ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেওয়া হয়। বলা হয়, তিন বছরের গ্রেস পিরিয়ডসহ পরের ১০ বছরে অর্থাৎ মোট ১৩ বছরে ত্রৈমাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে।
কোভিড-১৯ এর কারণে চলতি ২০২১ সালের ১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জানিয়ে চিঠিতে বলা হয়, ঋণের স্থিতির পরিমাণ বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মেয়াদি ঋণের অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ সময় বাড়ানো যাবে। তবে এই সময়সীমা কোনোভাবেই দুই বছরের বেশি হবে না। সেই হিসেবে ১৩ বছরের সঙ্গে আরও দুই বছর যোগ হয়।
ওই চিঠিতে আরও বলা হয়, ঋণ পুনঃ তফসিল ও পুনঃঅর্থায়ন এক জিনিস নয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়। দেশে কোনো খাতে বিদ্যমান ঋণ দায় সমন্বয় বা দীর্ঘমেয়াদি ঋণ পুনঃ তফসিলের উদ্দেশে পুনঃঅর্থায়ন তহবিল গঠনের কোনো নজির নেই। ঋণ পুনঃ তফসিল ও পুনঃঅর্থায়নেরও স্পষ্টীকরণ দরকার।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি পাওয়ার পর ৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং এইওএসআইবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে এইওএসআইবির সভাপতি আবদুল্লাহেল বারী জাহাজ নির্মাণ ও রপ্তানি শিল্পের টেকসই উন্নয়নে ৪ শতাংশ সুদে দীর্ঘ মেয়াদে পুনঃঅর্থায়ন তহবিল চেয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি বৈঠকে বলেছেন,স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ পেলে জাহাজ নির্মাণ খাতের রপ্তানি বাড়বে এবং অর্জিত মুনাফা দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি জমে থাকা পুরোনো ঋণও পর্যায়ক্রমে পরিশোধ করা সম্ভব হবে। এ ছাড়া খাতটি কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারবে না।
শিল্প মন্ত্রণালয় প্রণীত ‘জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা’য় রপ্তানিমুখী ক্ষতিগ্রস্ত শিপ ইয়ার্ডগুলোকে রক্ষার্থে ঋণ মওকুফ বা ব্লক হিসাব সৃষ্টির মতো সুবিধা দিতে যে বিশেষ তহবিল গঠনের বিষয়ে বলা হয়েছে, তা–ও বৈঠকে তুলে ধরা হয়। তখন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি জানান, পুনঃঅর্থায়ন তহবিল গঠনের পদ্ধতি নিয়ে অর্থ বিভাগের মতামত দরকার। কারণ, পুনঃঅর্থায়ন তহবিলের সুদ ভর্তুকি বাজেট থেকে বহন করতে হবে।
জানতে চাইলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘পুনঃঅর্থায়ন তহবিল হওয়া না হওয়ার পুরো বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের ওপর নির্ভর করছে। দুই দপ্তরকেই আমরা চিঠি পাঠিয়েছি।’
২০০৮ সাল থেকে দেশে রপ্তানিমুখী জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগ বাড়তে থাকে। পরে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় স্থবিরতা নেমে আসে খাতটিতে। দেশের বড় শিপইয়ার্ডগুলো চট্টগ্রামের সীতাকুণ্ড, ভাটিয়ারী ও আনোয়ারায়। এ ছাড়া নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পারেও গড়ে উঠেছে কিছু প্রতিষ্ঠান। ২০০৮-১৮ সময়ে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ৪০টি জাহাজ রপ্তানি হয়েছে।
এইওএসআইবির সহসভাপতি এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্ণধার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুনঃঅর্থায়ন তহবিল দিয়ে সরকার জাহাজ নির্মাণ খাতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে আমরা আশা করছি।’