জাহাজজটে বিলম্বিত পণ্য পরিবহন

জাহাজে পণ্য পরিবহনের ভাড়া আকাশ ছুঁয়েছে। ফলে সারা বিশ্বেই আমদানিকৃত পণ্যের দাম বাড়ছে।

  • চীন থেকে উত্তর আমেরিকা ও ইউরোপে পণ্য পরিবহনের খরচ কয়েক মাস ধরে শুধু বাড়ছে।

  • ৪০ ফুটের একটি কনটেইনার বিশ্বের আটটি প্রধান রুটে পরিবহনের খরচ এক বছরের ব্যবধানে ৩৬০ শতাংশ বেড়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রয়টার্স

বৈশ্বিক পণ্য পরিবহনব্যবস্থায় জট লেগে গেছে। বন্দর, কনটেইনার পরিবহন ও ট্রাক কোম্পানি—সবারই এক অবস্থা। এই পরিস্থিতিতে জাহাজে পণ্য পরিবহনের ভাড়া আকাশ ছুঁয়েছে। ফলে সারা বিশ্বেই আমদানিকৃত পণ্যের দাম বাড়ছে।

মহামারির ১৮ মাস পর এমন বৈশ্বিক সরবরাহব্যবস্থার অবস্থা আরও খারাপ হয়েছে। এতে একদিকে পণ্যের সরবরাহ কমেছে, অন্যদিকে দামও বাড়ছে।

অনেক সমস্যারই জট খোলা যাচ্ছে না। সেই সঙ্গে করোনাভাইরাসের ডেলটা ধরনের দাপট ঠেকানোই যাচ্ছে না। এই পরিস্থিতিতে সামনের উৎসব মৌসুমে ভোক্তা পণ্যের সরবরাহ কম থাকবে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে ক্রেতাদের বাছবিচার করার সুযোগ কমে যাবে। দামও থাকবে বাড়তি।

পশ্চিমা দেশগুলোতে চার মাস পরেই আসছে বড়দিন ও নতুন বছরের দীর্ঘ ছুটি। এ সময় মানুষ হাতখুলে কেনাকাটা করে। কিন্তু অ্যাডিডাস, ক্রকস ও হাসব্রোর মতো কোম্পানিগুলো ইতিমধ্যে জানিয়েছে, ওই সময় পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ লজিস্টিক প্রতিষ্ঠান সিএইডচ রবিনসনের প্রধান নির্বাহী বব বিস্টারফিল্ড জানিয়েছেন, ‘বৈশ্বিক সরবরাহব্যবস্থার ওপর চাপ এখনো কমেনি। শিগগিরই যে পরিস্থিতির উত্তরণ হবে, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না।’

বিপদের শুরু ছিল চীন থেকে, নতুন আরেক বিপদেরও জন্মও সেখানে। সাংহাইয়ের নিংবো–জোশুয়ান বন্দরের একটি টার্মিনাল ১১ আগস্ট থেকে বন্ধ। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জাহাজ প্রতিষ্ঠান, যেমন মেয়ার্সক, হ্যাপাগ লয়েড, সিএমএ সিজিএম ইতিমধ্যে এই বন্দর এড়ানোর জন্য নতুন করে সূচি প্রণয়ন করেছে। গ্রাহকদের ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে, বিলম্ব হবে।

সাংহাইয়ের বন্দরটি বিশ্বের তৃতীয় ব্যস্ততম বন্দর। ফলে এই বন্দর বন্ধ থাকায় চীনের অন্যান্য বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে ইয়ানতিয়ান বন্দরেও সমস্যা হয়েছে। সঙ্গে আছে কনটেইনার–স্বল্পতা এবং মাসখানেক আগে সুয়েজ খালে জট।

জাহাজ কোম্পানিগুলোর শঙ্কা, এই সংকট আরও কয়েক মাস চলবে। এতে কার্গো চলাচলের খরচ আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই তাতে ভোক্তা পণ্যের দাম বেড়ে যাবে। ২০২২ সালের প্রথম ভাগে এই সংকট নিরসনের সম্ভাবনা আছে বলে মনে করে জাহাজ কোম্পানিগুলো।

চীন থেকে উত্তর আমেরিকা ও ইউরোপে পণ্য পরিবহনের খরচ কয়েক মাস ধরে শুধু বাড়ছে। লন্ডনভিত্তিক ড্রিউরি শিপিংয়ের তথ্যানুসারে, ৪০ ফুটের একটি কনটেইনার বিশ্বের আটটি প্রধান রুটে পরিবহনের খরচ এক বছরের ব্যবধানে ৩৬০ শতাংশ বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে সাংহাই থেকে নেদারল্যান্ডসের পথে। এই পথে ভাড়া বৃদ্ধির হার ৬৫৯ শতাংশ। এ ছাড়া সাংহাই থেকে লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের পথে কনটেইনার পরিবহনের খরচ বেড়েছে।

ভোক্তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, তাঁদের পকেট থেকে আরও বেশি খরচ করতে হবে। হ্যাসব্রো পরিবহনের বাড়তি ভাড়া মেটাতে দাম বাড়িয়ে দিয়েছে। তারা ইতিমধ্যে জানিয়েছে, সমুদ্রগামী জাহাজে পণ্য পরিবহনের ভাড়া গত বছরের চেয়ে গড়ে চার গুণ বেশি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন বেশি টাকা দিলেও জাহাজ ভাড়া পাওয়া যাচ্ছে না। ফলে পণ্যের জন্য ক্রেতাদের অপেক্ষা আরও বাড়বে। এমনকি আসন্ন উৎসবের মৌসুমে ইউরোপ–আমেরিকায় দোকানে পণ্যের তাক খালি পড়ে থাকতে পারে।