চিনি, ভোজ্যতেল, সিমেন্ট, কাগজ, জাহাজ নির্মাণ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), পানীয়, মোড়কজাতকরণসহ নানা খাতে সফলতার পর এবার সিরামিক টাইলসের ব্যবসায় নেমেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ। এ জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে তারা। ‘ফ্রেশ সিরামিকস’ ব্র্যান্ড নামে চলতি সপ্তাহে নতুন পণ্যটি বাজারজাত করতে শুরু করেছে মেঘনা সিরামিক।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটের আষাঢ়িয়ার চরে স্থাপিত আধুনিক কারখানায় টাইলস উৎপাদন করছে মেঘনা গ্রুপ। ২০১৯ সালের জানুয়ারিতে কারখানাটির কাজ শুরু হয়েছিল। কারখানা চত্বরে কর্মীদের বাসস্থানের পাশাপাশি চিকিৎসারও ব্যবস্থা রয়েছে।
মেঘনা সিরামিকের কর্মকর্তারা জানান, তাঁদের কারখানায় দেয়াল ও মেঝের টাইলস উৎপাদিত হচ্ছে। কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ৪০ হাজার বর্গমিটার টাইলস। নতুন এই প্রতিষ্ঠানে প্রায় এক হাজার লোকের কর্মসংস্থান হবে।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) তথ্যানুযায়ী, গত ২০১৯-২০ অর্থবছরে দেশে সাড়ে ৪ হাজার ৫৯৬ কোটি টাকার টাইলস বিক্রি হয়েছে। এর মধ্যে দেশীয় কোম্পানিগুলোর হিস্যা ৩ হাজার ৮৫৫ কোটি টাকা, আর আমদানি করা টাইলস বিক্রি হয়েছে ৭৪১ কোটি টাকার।
বিসিএমইএ জানায়, দেশে বর্তমানে টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩০। ধারাবাহিকভাবে পণ্যটির বাজার বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগ বাড়ছে। তাতে বিদেশি টাইলসের ওপর নির্ভরশীলতাও কমছে। দেশে ২০১৫-১৬ সালে টাইলসের বাজার ছিল ৩ হাজার ৬০০ কোটি টাকার। তখন দেশীয় কোম্পানির হিস্যা ছিল ৭৫ শতাংশ, যা বেড়ে বর্তমানে ৮৩ শতাংশে উঠেছে।
মেঘনা গ্রুপের বেশির ভাগ কারখানাই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। কয়েক দশক আগে মেঘনা নদীর তীরে যেসব উদ্যোক্তা শিল্পায়ন শুরু করেন, তাঁদের একজন হলেন মেঘনা গ্রুপের মোস্তফা কামাল। তিনি মেঘনা নদীর সঙ্গে মিলিয়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম রাখেন মেঘনা।
মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইফতেখার আলম গত সোমবার বলেন, নির্মাণসামগ্রী খাতে মেঘনা গ্রুপের বড় বিনিয়োগ রয়েছে। ফ্রেশ সিমেন্ট দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর একটি। সারা দেশে শহরায়ণ শুরু হওয়ায় টাইলসের চাহিদা দ্রুত বাড়ছে। ফলে টাইলসে বিনিয়োগ করেছে মেঘনা। ভোক্তাদের জন্য নির্দিষ্ট সময়ে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের নিশ্চয়তা নিয়েই ফ্রেশ সিরামিকস বাজারে এসেছে।