ট্রানজিট-ট্রান্সশিপমেন্টের বছর

করোনার কারণে চট্টগ্রাম বন্দরে পণ্যজটও তৈরি হয়েছিল। সেই জট কাটিয়ে গত জুলাইয়ে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের পণ্য পরিবহন হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলাইতে এমভি সেঁজুতি নামের এই জাহাজে করে ট্রানজিট পণ্য পরিবহন চুক্তির আওতায় ভারতের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে।
প্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের ইতিহাসের পাতায় গত জুলাই মাসের দুটি দিনের কথা লেখা থাকবেই সব সময়। এই দুই দিনে চট্টগ্রাম বন্দর ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে বিশ্বে তকমা পেয়েছে। এই বন্দর দিয়ে আগেও নেপালের ট্রানজিট পণ্য পরিবহন হয়েছে। তবে আনুষ্ঠানিক ট্রানজিট চুক্তির আওতায় এই বন্দর হয়ে সড়কপথে ভারতে পণ্য নেওয়ার ঘটনা ঘটেছে গত জুলাইয়ে।

করোনার ধাক্কায় বছরজুড়ে যেখানে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব ধরনের ব্যবসায় ছিল মন্দাভাব। তেমন এক বছরে চট্টগ্রাম বন্দর ইতিহাসের অংশ হয়েছে প্রথমবারের মতো। এদিকে গত মার্চে করোনার সংক্রমণ ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে বন্দর থেকে পণ্য খালাস কমে যায়। তাতে এপ্রিল থেকে জটের মুখে পড়ে চট্টগ্রাম বন্দর। এই জট কাটাতে অপেক্ষা করতে হয়েছে জুলাই পর্যন্ত।
এদিকে করোনা মহামারির মধ্যে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বন্দরের বেশ কয়েকজন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন বেশ কয়েকজন। এমন বৈরী পরিস্থিতিতেও এ বন্দর ছোট আকারে হলেও ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের পণ্য পরিবহন করে সক্ষমতা দেখিয়েছে।

চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম বলেন, চট্টগ্রাম বন্দর মূলত প্রান্ত বন্দর, অর্থাৎ শেষ ব্যবহারকারীর হাতে পণ্য পৌঁছে দেওয়ার বন্দর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ বছর একই সঙ্গে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে পরিচিতি পেয়েছে।

ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম চালানটি চট্টগ্রামে পৌঁছেছে চুক্তির প্রায় দেড় বছর পর। ২০১৮ সালের অক্টোবরে দিল্লিতে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য সরবরাহ করতে দুই দেশের সচিব পর্যায়ে চুক্তি হয়। এক বছর পর ২০১৯ সালের ৫ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে এ-সংক্রান্ত পরিচালন পদ্ধতির মান বা এসওপি সই হয়। এরপরই পরীক্ষামূলক চার কনটেইনারের চালানটি ভারতের কলকাতার শ্যামপ্রসাদ মুখার্জি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় গত ২১ জুলাই। এরপর সড়কপথে চালানটি ভারতের ত্রিপুরায় নেওয়া হয়। চালানটিতে ছিল রড ও মসুর ডাল।

ট্রানজিট পণ্য পরিবহনের চার দিনের মাথায় ২৫ জুলাই ট্রান্সশিপমেন্ট পণ্যের একটি চালান পৌঁছায় এই বন্দরে। মোট ৪৫ কনটেইনারের ভারতীয় পণ্যের চালানটি চীনের নিংবো, ভিয়েতনামের হো চি মিন, থাইল্যান্ডের ব্যাংকক ও মালয়েশিয়ায় কেলাং বন্দর হয়ে এই বন্দরে পৌঁছায়। বন্দরে এক জাহাজ থেকে আরেক জাহাজে স্থানান্তর করে তা নেওয়া হয় কলকাতায়।