নিয়মিত যত্ন ফ্রিজকে রাখবে সুস্থ
এখন প্রায় সবার বাসার সঙ্গী ফ্রিজ। সেটা নরমাল ও ডিপ ফ্রিজ (ফ্রিজার), যা–ই হোক না কেন। আমরা সাধারণত দীর্ঘদিন ব্যবহারের জন্যই ফ্রিজ কিনে থাকি। আর স্বাভাবিকভাবে দীর্ঘদিন ব্যবহার করতে হলে প্রয়োজন নিয়মিত যত্ন।
তাই আসুন, জেনে নিই ফিজের যত্ন কীভাবে করব। ফ্রিজ বাসায় নেওয়ার পর প্রথম কাজটি হলো, এটিকে সমতল জায়গায় রাখা। উঁচু-নিচু জায়গায় বসালে ফ্রিজ থেকে শব্দ হতে পারে এবং ধীরে ধীরে কমপ্রেসরের কার্যক্ষমতা কমে যেতে পারে। এ ছাড়া ফ্রিজের নরমাল অংশে একটা ড্রেন পাইপ থাকে, যা ভেতরে জমা জলীয় বাষ্পকে শোষণ করে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। শাকসবজি রাখার কারণে অনেক সময় এই ড্রেন পাইপের পথ বন্ধ হয়ে যায়। তাই মাঝেমধ্যেই এটি পরিষ্কার করা উচিত।
ফ্রিজের দরজা ঠিকভাবে লাগানো হচ্ছে কি না, এটাও গুরুত্বপূর্ণ। কম জিনিস রাখলে ফ্রিজের তাপমাত্রা যেমনটা রাখা উচিত, হঠাৎ করে বেশি পণ্য রাখলে তাপমাত্রাও সেই অনুসারে কমিয়ে নেওয়া উচিত। আবার ধোঁয়া ওঠা গরম খাবার ফ্রিজে রাখা উচিত নয়। ফ্রিজের সঙ্গে দেওয়া নির্দেশিকা বইটি এগুলো বুঝতে ব্যবহারকারীকে সাহায্য করবে। যত্ন নেওয়ার ক্ষেত্রে নরমাল ও ডিপ ফ্রিজের (ফ্রিজার) নিয়ম প্রায় একই। যত্নের অভাবে যেমন ফ্রিজ নষ্ট হতে পারে, তেমনি উৎপাদনগত ত্রুটিও থাকতে পারে।
এ জন্য ফ্রিজে যখন যা তাপমাত্রা, তা রাখতে হবে। বেশির ভাগ সময় ফ্রিজের তাপমাত্রা সঠিক মাত্রায় না থাকার কারণে খাবারে জীবাণু বৃদ্ধি পায়। সেখান থেকে সৃষ্টি হয় দুর্গন্ধ। আর কুসুম গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করলে ফ্রিজ দুর্গন্ধমুক্ত থাকে। তবে এত পরিশ্রম করতে না চাইলে এক বাটি বেকিং সোডা ফ্রিজে রেখে দিন। সব দুর্গন্ধ এটি শুষে নেবে। নিয়মিত চেক করুন যেন কোনো পচা খাবার কিংবা সবজি ফ্রিজে না থাকে। সে রকম কিছু পেলে সেগুলো আলাদা করে ফেলুন। ফ্রিজ থাকবে দুর্গন্ধমুক্ত।
কীভাবে ফ্রিজ পরিষ্কার করা যাবে, আসুন তা দেখে নিই। প্রথমেই ফ্রিজে থাকা পচা ও বাসি খাবার ফেলে দিন। অন্য খাবারগুলো বের করে পাশে রাখুন। ফ্রিজের ড্রয়ারসহ অপসারণযোগ্য অংশগুলো খুলে ফেলুন। কুসুম গরম সাবানপানি দিয়ে সরিয়ে ফেলা ফ্রিজের অংশগুলো ধুয়ে নিন। শুকনা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। ফ্রিজের ভেতরের অংশগুলো কুসুম গরম সাবানপানি দিয়ে ধুয়ে নিন। এরপর পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে ফেলুন। সবশেষে শুকনা তোয়ালে দিয়ে মুছে নিন। ফ্রিজের ড্রয়ারসহ অপসারণযোগ্য অংশগুলো ফ্রিজে সেট করে নিন। সতেজ খাবারগুলো ফ্রিজে রাখুন। হয়ে গেল ফ্রিজ পরিষ্কার।
আসুন, জেনে নিই ফ্রিজে খাবার রাখার কিছু নিয়ম। শাকসবজি ভালো করে ধুয়ে শুকিয়ে কেটে কৌটার মধ্যে ভরে রাখুন। ধনেপাতা, পুদিনাপাতা, কারিপাতার মতো জিনিস ধুয়ে শুকিয়ে টিস্যু পেপারে মুড়িয়ে রাখুন। সবজি পলিথিন ব্যাগে না রেখে খবরের কাগজে মুড়ে রাখুন। ফল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই বারবার ফ্রিজ থেকে বের করা ঠিক নয়। যতটা প্রয়োজন, ততটাই বের করুন। রান্না করা ডাল অন্য খাবারের তুলনায় তাড়াতাড়ি নষ্ট হতে পারে। তাই প্রয়োজনের চেয়ে বেশি রান্না না করা ভালো। মাছ-মাংস ভালো করে ধুয়ে ফ্রিজে রাখুন। তা হলে গন্ধ হবে না। যেটুকু দরকার, সেটুকু ফ্রিজ থেকে বের করে বরফ গলিয়ে রান্না করুন। কিন্তু বরফ গলে যাওয়ার পর বেশিক্ষণ ফেলে রাখবেন না। খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
কাঁচা মরিচের বোঁটা ছাড়িয়ে কাগজে মুড়িয়ে রাখুন। কলা নষ্ট হয়ে যাচ্ছে মনে হলে সেটা কেটে টুকরা টুকরা করে ফ্রিজে রাখুন। পেঁয়াজ কেটে রাখলে এয়ারটাইট কৌটায় রাখবেন। কোনো খাবার ফ্রিজের গায়ে ঠেকিয়ে রাখবেন না। এতে ভালো থাকবে আপনার পছন্দের খাবার।