নেপালে যাচ্ছে প্রাণ-আরএফএলের ইলেকট্রিক কেটলি
নেপালে ইলেকট্রিক কেটলি রপ্তানি শুরু করেছে দেশের ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ভিশন। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ভিশন এ কেটলি রপ্তানি করছে। গত শুক্রবার নরসিংদীর পলাশে অবস্থিত ভিশনের কারখানা থেকে কেটলির প্রথম চালানটি নেপালে পাঠানো হয়। আজ বুধবার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কাজী রাশেদুল ইসলাম জানান, এরই মধ্যে নেপাল থেকে বেশ ভালো ক্রয়াদেশ পাওয়া গেছে। এরই মধ্যে প্রথম চালানে ৮ হাজার ২৪৪টি কেটলি কারখানা থেকে পাঠানো হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও প্রায় এক লাখ কেটলি নেপালে রপ্তানি করা হবে। কাজী রাশেদুল ইসলাম বলেন, রপ্তানির ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে রপ্তানির তালিকায় টেলিভিশন, আয়রন, ব্লেন্ডার, রাইস কুকারসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যও যুক্ত হবে।
প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ভিশনের পণ্য ভারত, দক্ষিণ আফ্রিকা, ঘানা ও ফিজিতে রপ্তানি হচ্ছে। এ ছাড়া ভুটানসহ আরও কয়েকটি দেশে নতুন করে কোম্পানিটির পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, প্রথম চালানে নেপালে পাঠানো ভিশনের ৮ হাজার ২৪৪টি কেটলির প্রতিটির দাম ছিল ৮৫০ টাকা।
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘মানসম্মত পণ্য উৎপাদন করতে পারলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের উৎপাদিত ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য খুব ভালো করবে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এরই মধ্যে ভিশনের বেশ কিছু পণ্য রপ্তানি শুরু করেছি।’
ভিশনের সিওও কাজী রাশেদুল ইসলাম জানান, ‘দেশের বাজারে বর্তমানে ভিশনের ইলেকট্রনিকস পণ্যের বার্ষিক প্রবৃদ্ধি ৪০ শতাংশের বেশি। এরই মধ্যে ভিশনের পণ্য দেশের গ্রাহকদের মধ্যে একটি জায়গা করে নিয়েছে। এখন আমাদের লক্ষ্য বিশ্ববাজারে একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলা।’