পরিবেশ উন্নয়ন তহবিল চালু করল আরএফএল
পরিবেশের উন্নয়নের জন্য পরিবেশ উন্নয়ন তহবিল চালু করেছে আরএফএলের গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড টেল প্লাস্টিক। এই ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য থেকে সর্বনিম্ন ২ টাকা এই তহবিলে জমা দেওয়া হবে। পরে এই তহবিলের অর্থ পরিবেশ উন্নয়নে খরচ করা হবে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ মঙ্গলবার এই পরিবেশ উন্নয়ন তহবিলের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। আরএফএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
হাবিবুন নাহার বলেন, সরকার প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলাসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের জন্য বাস উপযোগী টেকসই পরিবেশ নিশ্চিতে কাজ করছে। পরিবেশ উন্নয়ন তহবিল চালু করার জন্য টেল প্লাস্টিককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আশা করি, এই তহবিল পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে।’
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, ‘পরিবেশ রক্ষার দায়িত্ববোধ থেকে আরএফএল ২০১২ সাল থেকে প্লাস্টিক পণ্য পুনর্ব্যবহার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিবছর প্রায় ৩০ হাজার মেট্রিক টন ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে প্রায় ২৭ হাজার মেট্রিক টন কাঁচামাল উৎপন্ন করি আমরা।’
টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, টেল প্লাস্টিকের বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য থেকে কমপক্ষে ২ টাকা করে জমা দেওয়া হবে তহবিলে। পরে তহবিলের অর্থ খরচ করা হবে বৃক্ষরোপণ, দূষণপ্রবণ এলাকায় পরিবেশ দূষণরোধ, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায়। তা ছাড়া পরিবেশ নিয়ে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে তাদেরও পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত টেল প্লাস্টিকের বিপণন বিভাগের প্রধান ফাহিম হোসেন, উপমহাব্যবস্থাপক (বিক্রয়) বশির উদ্দিন ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান প্রমুখ।