বিদেশি পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতে প্রয়োজনীয় যেসব পণ্য ও সরঞ্জাম আমদানি করতে হয়, সেগুলোর বিপরীতে শুল্ক দিতে হয় হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউসের মালিকদের। সেবার ওপরও ভ্যাট পরিশোধ করতে হয়। আবার আয়ের ওপর রয়েছে ৩৭ শতাংশ কর। এই বিপুল পরিমাণ শুল্ক-করের চাপে পর্যটন খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউস উন্নয়নবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এসব কথা বলা হয়েছে। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে পর্যটন খাতের ব্যবসায়ীরা জানান, করোনা এই খাতের ব্যবসাকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ ক্ষতি পোষাতে শুল্ক ও কর অব্যাহতি দাবি করে তাঁরা বলেন, আমদানি করা সরঞ্জামের ওপর শুল্ক হ্রাস করা হলে ভাড়াসহ অন্যান্য সেবার মাশুল কমানো সম্ভব হবে।
ব্যবসায়ীরা বিদেশি পর্যটকদের বাংলাদেশের প্রতি আগ্রহী করে তুলতে ফ্লাইট ছাড়ার আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করানোর বাধ্যবাধকতা শিথিল ও ভিসাপ্রক্রিয়া সহজ করার দাবি জানান।
সভায় বক্তব্য দেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খবির উদ্দিন আহমে প্রমুখ।