পোশাকশিল্পে ৭-৮ বছরের মধ্যে বড় পরিবর্তন আসবে

সরকারকে আগামী ৪-৫ বছরের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি, স্থানীয় বাজার সংস্কার, বিদেশি বিনিয়োগ আনার ব্যবস্থা নিতে হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার কারণে ইতিমধ্যে রপ্তানিমুখী পোশাকের ব্যবসায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। ভোক্তাদের চাহিদা বদলেছে। পণ্যে বৈচিত্র্য আসছে। চতুর্থ শিল্পবিপ্লবের কারণে দ্রুত গতিতে উৎপাদন ব্যবস্থায় অটোমেশন হচ্ছে। আবার স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ঘটলে ধীরে ধীরে রপ্তানিতে শুল্কমুক্ত বাজার সুবিধা হারাবে বাংলাদেশ। সব মিলিয়ে পোশাকশিল্পে ৭-৮ বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসবে।

পোশাক খাতের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের চিন্তা করতে হবে। সরকারকে আগামী ৪-৫ বছরের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি, স্থানীয় বাজার সংস্কার, বিদেশি বিনিয়োগ আনার ব্যবস্থা নিতে হবে। তা ছাড়া শ্রমিকদের ওপর বড় ধরনের বিনিয়োগ বা মনোযোগ দিতে হবে। দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের জন্য আপত্কালীন তহবিলের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের ভবিষ্য তহবিলেরও দরকার আছে। পুরো বিষয়টিতে সরকারকেই নেতৃত্ব দিতে হবে।

এসডিজি বাস্তবায়নে গঠিত নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও শ্রমিক: ভবিষ্যৎ চিন্তা’ শীর্ষক অনলাইন সংলাপে বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন এসডিজি বাস্তবায়নে গঠিত নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।

সংলাপে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, করোনার কারণে শ্রমিকেরা নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যে কারণে রাষ্ট্র, উদ্যোক্তা, গবেষক ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে শ্রমিকদের অধিকার নিশ্চিন্ত করতে হবে। শ্রমিক সংগঠনের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংলাপে সূচনা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। ৫০০ পোশাকশ্রমিকের পরিবারের ওপর পরিচালিত জরিপের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের মে মাসে শ্রমিক পরিবারের আয় কমেছে ১১ শতাংশ। করোনাকালে ছাঁটাই হওয়া ৭০ শতাংশ শ্রমিক এখনো বেকার।

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক বলেন, ‘সারা বিশ্বে ক্রেতাদের মনোভাব পরিবর্তন হচ্ছে। তারা কম কিনছে। বাড়িতে পরার পোশাকের চাহিদা বাড়ছে। আমরা সস্তা পোশাক থেকে বের হতে পারছি না।’ তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের মতো জটিল ইস্যু আমাদের সামনে আসছে। শ্রমিকদের শিক্ষিত করার পাশাপাশি তাদের দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। তবে শুধু পোশাক নিয়ে পড়ে থাকলে হবে না। তার বাইরে হালকা প্রকৌশল, অটোমোবাইল, ফ্যাশন ডিজাইন ইত্যাদি সহযোগী উপখাত আমাদের জন্য সম্ভাবনাময় হতে পারে। এ ক্ষেত্রে ভিয়েতনামকে অনুসরণ করা যেতে পারে।’

পোশাক খাতেও বড় ধরনের সুযোগ আছে বলে মন্তব্য করেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী। তিনি বলেন, ‘৫০ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানির ৬০ শতাংশ এশিয়া ও ৩৩ শতাংশ করে ইইউর দেশগুলো। ধীরে ধীরে ইইউ পোশাক উৎপাদন থেকে সরে আসবে। সেই সুযোগ তুরস্ক ও চীন হয়ে আমাদের দেশেও আসবে। আমরা এখনো প্রতিযোগিতা সক্ষমতায় ভালো অবস্থানে রয়েছি। দুশ্চিন্তার কিছু নেই।’

অবশ্য সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে বেরিয়ে গেলে তারপর তিন বছর ইইউতে শুল্কমুক্ত সুবিধা পাবে। ইইউতে বর্তমানে শূন্য শুল্কে পোশাক রপ্তানি করে বাংলাদেশ। আর ভিয়েতনাম শুল্ক দেয় গড়ে ১২ শতাংশ। তবে দেশটি ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করেছে। তার মানে অদূর ভবিষ্যতে ইইউর বাজারে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের শুল্ক পার্থক্য হবে ২২-২৩ শতাংশ। আবার কানাডা, জাপান, চীন ও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পেতে চুক্তি করছে ভিয়েতনাম। আর আমরা সুবিধা হারাব। তার মানে খাতটিকে এগিয়ে নিতে বড় আকারে চিন্তাভাবনা ছাড়া উপায় নেই।’

গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের পোশাক খাতে দ্রুত গতিতে অটোমেশন হচ্ছে। কারণ, ১০ লাখ ডলারের পোশাক রপ্তানিতে চীন ও ভিয়েতনামে ৪৮ জন শ্রমিক কাজ করে। বাংলাদেশে সংখ্যাটি ১৪০। এভাবে ভবিষ্যতে রপ্তানিতে টিকে থাকা যাবে না।

শ্রমিকনেত্রী তাসলিমা আখতার বলেন, নিম্নআয়ের শ্রমিকেরা স্বাভাবিক সময়েই খাদ্য, বাসস্থান ও চিকিৎসা নিয়ে হুমকির মধ্যে থাকেন। করোনার কারণে বড় ধরনের দুর্যোগের মধ্যে পড়েছেন তাঁরা। তাঁর প্রশ্ন, ৪০ বছর বয়সী শিল্পের শ্রমিকদের জন্য কেন একটি আপত্কালীন তহবিল থাকবে না।

শ্রমিকদের ওপর বিনিয়োগের বিষয়ে গুরুত্ব দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নতুন প্রজন্মের শ্রমকে কেবল আয়ের দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না। তাদের শিক্ষা ও স্বাস্থ্য মিলিয়ে দেখতে হবে। তা ছাড়া শ্রমিক হিসেবে সংঘবদ্ধ হওয়া ও দর -কষাকষি করার অধিকার নিশ্চিত করা না গেলে আধুনিক বিশ্বে স্থান পাব না। পুরো জিনিসটি নারী শ্রমশক্তির ওপর মনোযোগ দিয়ে করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের এ-দেশীয় পরিচালক পঙ্কজ কুমার, ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহজাবিন কাদের প্রমুখ।