তুলার চেয়ে কৃত্রিম তন্তুর পোশাক বেশি পরিবেশবান্ধব হওয়ায় দিন দিন বিক্রি বাড়ছে। সামনের দিনে চাহিদা আরও বাড়বে। ইতিমধ্যে বাজারটি তৈরিই আছে। আমরা নীতিসহায়তা পেলেই সুযোগটি সহজেই নিতে পারব। আমাদের সেই সক্ষমতা রয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আমরা কৃত্রিম তন্তুর পোশাক রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা চেয়েছি। সহায়তাটি পেলে আমরা কৃত্রিম তন্তুর পোশাকে বর্তমানের চেয়ে আরও বেশি প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করতে পারব। কারণ, আমাদের পোশাক কারখানাগুলোয় বর্তমানে অতিরিক্ত ২০০ কোটি ডলারের পোশাক প্রস্তুত করার সক্ষমতা রয়েছে। ফলে ক্রয়াদেশ আসলে কাপড় আমদানি করে সহজেই উৎপাদন করতে পারব। যখন পোশাকের ক্রয়াদেশ আসতে থাকবে তখন বস্ত্রকল মালিকেরা কৃত্রিম তন্তুর সুতা ও কাপড় তৈরিতে আরও বিনিয়োগ করবেন। ধীরে ধীরে আমাদের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হয়ে যাবে।
কৃত্রিম তন্তুর পোশাক রপ্তানি বাড়াতে আমরা প্রতিনিয়ত ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি। তা ছাড়া ইনোভেশন সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে কৃত্রিম তন্তুর পোশাকের নিত্যনতুন নকশা উদ্ভাবনে কাজ হবে। বিশ্বব্যাপী কোন ধরনের কৃত্রিম তন্তুর পোশাকের বেশি চাহিদা, সেগুলো খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।
দ্রুততম সময়ের মধ্যে কৃত্রিম তন্তুর পোশাকের রপ্তানি বাড়াতে প্রথম ৫ বছর আমদানি করা কাপড় দিয়ে তৈরি পোশাকে নগদ সহায়তা দরকার। ষষ্ঠ বছর থেকে আমদানি করা সুতা থেকে কাপড় ও পরে পোশাক তৈরিতে সহায়তা লাগবে। ১১তম বছর থেকে সুতা ও কাপড় নয়, কৃত্রিম তন্তু আমদানি করে কাপড় তৈরিতে সহায়তা দিলে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা নতুন পণ্যের জন্য প্রস্তুত হতে পর্যাপ্ত সময় পাবে বলে আমাদের মনে হয়।