গত অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ১০০ কোটি ডলার পেরোনোর কয়েকটি কারণ আছে। প্রথমত, গত আড়াই বছরে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। দ্বিতীয়ত, মহামারির প্রথম দিকে বেতন-ভাতার সমস্যা নিরসনে সরকার প্রণোদনা দিয়েছিল। তৃতীয়ত, কোভিডের সময় রপ্তানি খাতে
১৫ দিনের বেশি কাজ বন্ধ হয়নি। চতুর্থত, এত দিন পুরো বিশ্ব চীনের ওপর নির্ভরশীল ছিল। এখন সবাই বুঝতে পারছে, এক দেশের ওপর অতি নির্ভরশীলতা কাটাতে হবে, যা বাংলাদেশের সামনে সুযোগ তৈরি করেছে।
এসব কারণে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতে এ বছর ৩২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।
কথা হচ্ছে, এই প্রবৃদ্ধি ধরে রাখতে আমাদের আরও বেশি কমপ্লায়েন্ট হতে হবে বা নিয়মনীতি মানতে হবে। বিশেষ করে সাভারের চামড়াশিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার আরও বেশি কার্যকর করতে হবে। সরকার, ব্যবসায়ী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারকে নীতিসহায়তা দিতে হবে।
সাইফুল ইসলাম,সভাপতি, এমসিসিআই