সাক্ষাৎকার
বাংলাদেশের বাজার বেশ সম্ভাবনাময়
দেশে বাজাজ ব্র্যান্ডের মোটরসাইকেল তৈরি ও বাজারজাত করছে উত্তরা মোটরস। প্রতিষ্ঠানটি নতুন নতুন মডেলের মোটরসাইকেল বাজারে আনছে। এ খাতের বাজার পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির ব্যবসায় পরিকল্পনা বিভাগের প্রধান নাঈমুর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন।
প্রশ্ন :
প্রথম আলো: দেশে এখন মোটরসাইকেলের ব্যবসা কেমন?
নাঈমুর রহমান: অন্যান্য যেকোনো দেশের মতোই বাংলাদেশেও ২০১৯-২০ অর্থবছরে করোনার প্রভাবে মোটরসাইকেলের বিক্রি অনেক কমে গিয়েছিল। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত দুই বছরে মোটরসাইকেলের চাহিদা কিছুটা বেড়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরে মোটরসাইকেলের বিক্রি পাঁচ লাখ ছাড়াতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী অর্থবছর মোটরসাইকেলের বিক্রি ছয় লাখে উন্নীত হতে পারে। চলতি অর্থবছর আমাদের প্রতিষ্ঠান উত্তরা মোটরসের দুই লাখের বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে। বর্তমানে আমাদের বাজার হিস্যা ৪৫ শতাংশের বেশি।
প্রশ্ন :
প্রথম আলো: বাজারে আপনারা নতুন কোনো মোটরসাইকেল আনছেন কি?
নাঈমুর রহমান: এখন আমরা দেশে ১০টির বেশি মডেলের বাজাজ মোটরসাইকেল উৎপাদন ও সংযোজন করছি। পালসার, এভেঞ্জার, ডিসকভার, প্লাটিনা এবং সিটি ১০০-এর মতো আধুনিক ও জনপ্রিয় ব্র্যান্ড এখন দেশেই তৈরি হচ্ছে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাজাজের উচ্চ সিসির (ইঞ্জিনক্ষমতা) নতুন মডেলের মোটরসাইকেল বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।
প্রশ্ন :
প্রথম আলো: আমাদের দেশে মোটরসাইকেলের বাজার কতটা সম্ভাবনাময়?
নাঈমুর রহমান: উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনসাধারণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশে মোটরসাইকেলের বিক্রি বেড়েছে। নগরবাসী এবং অফিসগামীরা রাস্তায় যানজট এড়িয়ে সহজে গন্তব্যে পৌঁছাতে মোটরসাইকেল ব্যবহার করছেন। গ্রামের কাঁচা-পাকা রাস্তায় যোগাযোগব্যবস্থার অন্যতম মাধ্যম মোটরসাইকেল। এ কারণে গ্রামীণ এলাকায়ও মোটরসাইকেল ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আশা করা যায়, আমাদের দেশে মোটরসাইকেলের বাজার বেশ সম্ভাবনাময়।
প্রশ্ন :
প্রথম আলো: মোটরসাইকেল উৎপাদনে বাংলাদেশ পিছিয়ে আছে কেন? কারখানা করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কী?
নাঈমুর রহমান: অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে মোটরসাইকেলের চাহিদা ও ব্যবহারকারীর হার অন্যান্য প্রতিবেশী দেশের চেয়ে অনেক কম। স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদন করার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কাঁচামালের জন্য আমাদের অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। আমাদের দেশে এখনো এই খাতে ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠান অপ্রতুল।
প্রশ্ন :
প্রথম আলো: বাজারে আপনাদের কত ধরনের মোটরসাইকেল আছে। আপনাদের মোটরসাইকেলের বাজার অংশীদারত্ব কেমন?
নাঈমুর রহমান: বাংলাদেশ সরকারের সহযোগিতায় এখন দেশেই আমরা প্রায় ১০টির বেশি বাজাজ মডেলের মোটরসাইকেল উৎপাদন ও সংযোজন করছি। উত্তরা মোটরস বাংলাদেশে দীর্ঘ সময় ধরে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রীত বাজাজ মোটরসাইকেল বাজারজাত করে আসছে। বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে বাজাজের অংশীদারত্ব ৪৫ শতাংশের বেশি।