বাজারের সিংগভাগই ওয়ালটনের দখলে

কোরবানির ঈদ উপলক্ষে সারা দেশে ডিপ ফ্রিজ বিক্রির ধুম পড়ে যায়। বছরেই এই সময়টাতেই সবচেয়ে বেশি বিক্রি হয় হিমায়িত খাদ্য রাখার এই ফ্রিজ। বিষয়টি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম। সাক্ষাৎকার নিয়েছেন ফয়জুল্লাহ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজ আলম

প্রশ্ন :

প্রথম আলো : ডিপ ফ্রিজের বাজার কেমন?

ফিরোজ আলম : ডিপ ফ্রিজ বা ফ্রিজারের চাহিদা মূলত কোরবানির ঈদকেন্দ্রিক। বছরে যে পরিমাণ ডিপ ফ্রিজ বিক্রি হয়, তার অধিকাংশই হয় এই ঈদে। এ জন্য সবার চেষ্টাও থাকে কোরবানির ঈদ সামনে রেখে নতুন মডেলের ডিপ ফ্রিজ নিয়ে আসা। সে লক্ষ্যে এবার আমরা নিয়ে এসেছি ইনভার্টার (বিদ্যুৎসাশ্রয়ী) প্রযুক্তির ডিপ ফ্রিজ। ২৫৫ লিটারের এই ফ্রিজারের দুটি মডেল পাবেন ক্রেতারা। একটির দাম হবে ৩৮ হাজার ৯০০ টাকা, অন্যটির দাম ৩৭ হাজার ৪৯০ টাকা। বাংলাদেশে আপনি ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ অনেক আগেই বাজারে এসেছে। কিন্তু দেশে ইনভার্টার প্রযুক্তির ফ্রিজার এবারই প্রথম নিয়ে এসেছে ওয়ালটন।

প্রশ্ন :

প্রথম আলো : সম্প্রতি ইউরোপিয়ান ব্র্যান্ড কিনেছে ওয়ালটন, সেই ফ্রিজ কবে বাজারে আসবে?

ফিরোজ আলম : ইউরোপিয়ান প্রযুক্তির এই ফ্রিজ আসবে কোরবানির ঈদের পর। এই পণ্যগুলো ওয়ালটনের এখনকার পণ্য থেকে আরও উন্নত মানের এবং একটু দামি হবে। একটা ফ্রিজ অবশ্য ইতিমধ্যে বাজারে নিয়ে আসার মতো প্রস্তুতি আছে। শীততাপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) একটার মডেলও করা হয়ে গেছে। ওয়াশিং মেশিনের কাজ চলছে। তবে আমরা আরও একটু সময় নিতে চাই। নতুন কিছু বাজারে নিয়ে আসতে গেলে, সেটা নিয়ে নানা ধরনের পরীক্ষা–নিরীক্ষার প্রয়োজন হয়। ওই পর্বটা শেষ হলেই ক্রেতারা নতুন প্রযুক্তির এসব পণ্য বাজারে পাবেন।

প্রশ্ন :

প্রথম আলো : সার্বিকভাবে দেশের ফ্রিজের বাজার কেমন?

ফিরোজ আলম: বিশ্বব্যাপী বাজারে একধরনের অস্থিরতা আছে। নানা ধরনের কাঁচামালের দাম বাড়ছে। জ্বালানির দামও বাড়তি। এর মধ্যে করোনা ছিল অনেক দিন। এখন আবার সারা দেশে বন্যার প্রবণতা দেখা যাচ্ছে। এতে স্বাভাবিক যে ব্যবসা, তাতে একটু ব্যাহত তো হচ্ছেই। তবে এরপরও ব্যবসা যেটা হচ্ছে, সেটাকে খারাপ বলা যাবে না। এখন দেশের ফ্রিজের বাজারের সিংহভাগই ওয়ালটনের দখলে। এ জন্য ওয়ালটনের ফ্রিজের দাম সব সময় দেশের ক্রেতাদের কথা চিন্তা করে ঠিক করা হয়। সর্বনিম্ন ১৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকায় ক্রেতারা ফ্রিজ কিনতে পারবেন। ওয়ালটন দেশের বাজারের বাইরে ৪৪টি দেশে পণ্য রপ্তানিও করছে। সেখানে শুধু ফ্রিজ নয়, আমাদের হোম অ্যাপ্লায়েন্সও রপ্তানি হচ্ছে।

প্রশ্ন :

প্রথম আলো : এই শিল্পের প্রবৃদ্ধি ঠিক রাখতে সরকারের কী করা প্রয়োজন?

ফিরোজ আলম : স্থানীয় উৎপাদক হিসেবে সরকার আমাদেরকে যে ভ্যাট অব্যাহতি–সুবিধা দিয়েছিল। এবার সেটা তুলে দিয়ে সরকার ৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে। এটা যদি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় তাহলে আমাদের জন্য ভালো হতো। কারণ ওয়ালটনের দেখাদেখি বাজারে এখন স্থানীয় অনেক উৎপাদকও এখাতে বিনিয়োগ করেছে। মানুষও ফ্রিজের মতো প্রযুক্তিপণ্য ব্যবহারে অভ্যস্ত হচ্ছিল। সব মিলিয়ে সরকার যদি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আরও পরে নিত, তাহলে দ্রুত কর্মসংস্থানের পাশাপাশি জনগণও সুবিধা পেত। তাতে দেশের বাজারে ওয়ালটনের অবস্থান যত শক্তিশালী হতো, রপ্তানি বাজারেও তত বেশি ভালো করার সুযোগ তৈরি হতো।