বাফা নির্বাচন ‘হঠাৎ’ স্থগিতের ঘোষণা
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশন বা বাফার নির্বাচন আজ বুধবার হঠাৎ করেই স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ। হঠাৎ করে নির্বাচন স্থগিতের ঘোষণা শুনে হতবাক সংগঠনটির সাধারণ ভোটাররা।
নির্বাচন কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি প্যানেল চিঠি দেয় বাণিজ্য সংগঠন অনুবিভাগে। এ অভিযোগের ব্যাখ্যার জবাব দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলের দলনেতা ও বর্তমান সভাপতি কবির আহমেদকে সাত কর্মদিবস সময় দেয় বাণিজ্য সংগঠন অনুবিভাগ। এই সময় শেষ হওয়ার আগেই নির্বাচন স্থগিত করে দেওয়া হয়।
১৯ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে দুটি প্যানেল প্রার্থী ঘোষণা করেছিল। এই দুটি প্যানেল হলো এ বি এম রফিকুজ্জামানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং কবির আহমেদের নেতৃত্বে সম্মিলিত ফোরাম। আমদানি-রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন এই বাফা।
আজ বুধবার বাফা নির্বাচন বোর্ডের কাছে পাঠানো বাণিজ্য সংগঠন অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকারের চিঠিতে বলা হয়, বাফার নির্বাচনী কার্যক্রমে অনিয়মের অভিযোগের বিষয় সমাধান না হওয়া পর্যন্ত সংগঠনের নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত নভেম্বরের শেষে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সম্মিলিত পরিষদের প্রার্থী মো. আরফানুল ইসলাম এবং একই প্যানেলের সমর্থক মো. মাহফুজুল ইসলাম বাণিজ্য সংগঠন অনুবিভাগে অভিযোগ দেন। অভিযোগ আমলে নিয়ে বাফার বর্তমান সভাপতি ও সম্মিলিত ফোরামের দলনেতা কবির আহমেদের কাছে সাত কর্মদিবসের মধ্যে ব্যাখা চায় বাণিজ্য সংগঠন অনুবিভাগ। এই সাত কর্মদিবস শেষ হওয়ার আগে হঠাৎ আজ নির্বাচন স্থগিতের চিঠি দেয় বাণিজ্য সংগঠন অনুবিভাগ।
সম্মিলিত পরিষদের সমর্থক মাহফুজুল ইসলামের অভিযোগ, নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে কবির আহমেদ রঙিন ব্যানার ব্যবহার করে মিছিল নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। আর প্রার্থী আরফানুল ইসলামের অভিযোগে বলা হয়, ৩ ডিসেম্বর বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা। সে হিসেবে মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেখানে ১৯ ডিসেম্বর নির্বাচনের আয়োজন নিয়মের ব্যত্যয়। নতুন বোর্ড নির্বাচন না হওয়া পর্যন্ত বাফায় প্রশাসক বসানোর অনুরোধ জানানো হয় চিঠিতে।
যদিও বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে গত ৭ এপ্রিল বাণিজ্য সংগঠনগুলোর কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, মহামারির বিস্তার রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সব বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩১ ডিসেম্বর সময় বৃদ্ধি করা হয়েছে।
নির্বাচন স্থগিতের বিষয়ে জানতে চাইলে সম্মিলিত ফোরামের নেতা কবির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে প্রতিপক্ষ প্যানেল নির্বাচন স্থগিত করতে চেয়েছিল। তাদের চাওয়া বাস্তবায়িত হলো।’
জানতে চাইলে সম্মিলিত পরিষদের দলনেতা এ বি এম রফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বর্তমান পরিচালনা বোর্ডের মেয়াদ পেরিয়ে গেছে। সে জন্য সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় বাণিজ্য সংগঠন অনুবিভাগের কাছে প্রতিকার চাওয়া হয়েছে। স্থগিত নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসকের অধীনে নির্বাচন চাই আমরা।’
নির্বাচন স্থগিতের চিঠি নিয়ে জানতে চাইলে বাফা নির্বাচন বোর্ডের একজন সদস্য প্রথম আলোকে বলেন, এ বিষয়ে নির্বাচনী বোর্ড আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।