শিল্পকারখানা বন্ধ
বড় প্রকল্প কাজের গতি কমার শঙ্কা
সরকারের বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্প কার্যালয় থেকে নির্মাণ উপকরণ সরবরাহ অব্যাহত রাখতে চিঠি দেওয়া হয়েছে।
কঠোর বিধিনিষেধের মধ্যেও সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার প্রকল্পগুলোর কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু শিল্পকারখানা বন্ধ থাকায় প্রকল্পের কাজের নির্মাণ উপকরণ সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সিমেন্টের মতো নির্মাণ উপকরণ উৎপাদনের পর দ্রুত ব্যবহার করতে হয়। বর্তমানে সিমেন্ট কারখানা বন্ধ থাকায় প্রকল্পে দ্রুত সরবরাহ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঈদের কারণে কয়েক দিন বিধিনিষেধ শিথিল থাকার পর গতকাল শুক্রবার থেকে আবারও দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এবারের বিধিনিষেধে বেশির ভাগ শিল্পকারখানা বন্ধ রয়েছে। ১৩ জুলাই সরকারি এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। তবে ঈদের বন্ধ শুরুর আগের দিন অর্থাৎ ১৯ জুলাই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে বিভিন্ন প্রকল্প পরিচালকদের চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে বৈদেশিক সহায়তাপুষ্ট ও সরকারি অর্থায়নে চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। এরপরই সরবরাহকারীদের নির্মাণ উপকরণ সরবরাহ অব্যাহত রাখতে চিঠি দেওয়া শুরু হয় বিভিন্ন প্রকল্প কার্যালয় থেকে।
বড় প্রকল্পের নির্মাণকাজে পাথর, ইস্পাত, সিমেন্টসহ নানা উপকরণ ব্যবহৃত হয়। এর মধ্যে পাথর আমদানি করেই প্রকল্পে সরবরাহ করা হয়। ইস্পাত পণ্য বিশেষ করে রড ও সিমেন্ট দেশে উৎপাদিত হয়। এর মধ্যে সিমেন্ট ব্যবহারের সুফল পাওয়ার জন্য উৎপাদনের এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কাজে ব্যবহার করা হয়। এখন সিমেন্টসহ প্রকল্পের প্রয়োজনীয় নির্মাণ উপকরণের সরবরাহ নিশ্চিত করতে হলে কারখানা চালু রাখতে হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সিমেন্ট ও ইস্পাত খাতের একাধিক উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের অগ্রাধিকার প্রকল্পের কাজ চালু রাখার কথা বলা হলেও সেসব প্রকল্পে উপকরণ সরবরাহকারী কারখানা চালু রাখার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি সরকার। অথচ বিভিন্ন প্রকল্প কার্যালয় থেকে পণ্য সরবরাহের তাগিদ দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার থেকেই পণ্য সরবরাহকারীসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া শুরু করেছে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারেরা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের আলাদা আলাদা চিঠিতে দেখা যায়, এসব প্রকল্পের উপকরণ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বলা হয়।
কঠোর বিধিনিষেধের সময় স্বাভাবিকভাবেই কাজের অগ্রগতি কমে যেতে পারে। নির্মাণ উপকরণ সরবরাহ বিঘ্নিত হলে কাজের গতি ব্যাহত হবে।হারুনুর রশীদ চৌধুরী, প্রকল্প পরিচালক, কর্ণফুলী টানেল
জানতে চাইলে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক হারুনুর রশীদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটা ঠিক, করোনার এই সময়ে আগে জীবন বাঁচাতে হবে। কঠোর বিধিনিষেধের সময় স্বাভাবিকভাবেই কাজের অগ্রগতি কমে যেতে পারে। নির্মাণ উপকরণ সরবরাহ বিঘ্নিত হলে কাজের গতি ব্যাহত হবে। তারপরও কাজের অগ্রগতি ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
গত বছর করোনার শুরুতে কাজের অগ্রগতি ব্যাহত হয়েছিল কর্ণফুলী টানেল প্রকল্পের। এরপরও বাধা কাটিয়ে চলতি বছরের মে পর্যন্ত এই প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে ৬৮ দশমিক ৭৫ শতাংশ। আগামী ২০২২ সালের ডিসেম্বরে কর্ণফুলী টানেল প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর আরেকটি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের চিঠিতে বলা হয়, প্রকল্প কাজ অব্যাহত রাখতে সিমেন্ট সরবরাহ অব্যাহত রাখা দরকার। প্রকল্প এলাকা পর্যন্ত অন্যতম সরবরাহকারী প্রিমিয়ার সিমেন্টের সরবরাহ যাতে অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে বলা হয় চিঠিতে।
পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নির্মাণ উপকরণ সরবরাহকারীদের কারখানা ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অবস্থিত। কঠোর বিধিনিষেধের সময় নির্মাণ উপকরণ সরবরাহ ঠিক রাখতে গতকাল শুক্রবার প্রকল্প কার্যালয় থেকে সরবরাহকারীদের চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে বলা হয়, বিভিন্ন উপকরণ ছাড়া কাজ অব্যাহত রাখা যাবে না।
একইভাবে গাজীপুর থেকে বিমানবন্দর ২০ কিলোমিটার সড়কে গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট, কক্সবাজারের পেকুয়ায় নৌবাহিনীর প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পে নির্মাণ উপকরণ সরবরাহের চিঠি দেওয়া হয়।
সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একাধিক প্রকল্পে সিমেন্ট সরবরাহকারী কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক গতকাল প্রথম আলোকে বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পের কাজ অব্যাহত রাখতে একটা নীতিমালা দরকার, যাতে কঠোর বিধিনিষেধেও প্রকল্পের কাজ ব্যাহত না হয়। কারণ, প্রকল্প কাজের গতি হারালে তা বাস্তবায়নে বেশি সময় লেগে যেতে পারে। আবার কারখানা বন্ধ করলে আবার চালু করতেও দীর্ঘ সময় লেগে যায়।