ভারত, মালয়েশিয়ার তুলনায় এ দেশের এসএমই খাতে প্রণোদনা কম
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেছেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ভারতে এসএমই খাতের জন্য মোট প্রণোদনা প্যাকেজের ৩৮ শতাংশ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সেটি থাইল্যান্ডে ৩৩ ও মালয়েশিয়ায় ২৪ শতাংশ। তবে বাংলাদেশে মোট প্রণোদনা প্যাকেজের মধ্যে এসএমইএ খাতের জন্য বরাদ্দের পরিমাণ মাত্র ২২ শতাংশ।
এসএমই ফাউন্ডেশন এবং এফইএস বাংলাদেশ আয়োজিত করোনার সংকটের পর ‘এসএমই খাতের ভবিষ্যৎ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক গভর্নর আতিউর রহমান। অনলাইন মাধ্যমে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। এসএমই ফাউন্ডেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
করোনা–পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে এসএমই খাতের জন্য সরকারের আরও ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে মনে করেন আতিউর রহমান। তিনি বলেন, মহামারির কারণে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর রাজস্ব ৬৬ শতাংশ কমেছে। ৭৬ শতাংশ পণ্য অবিক্রীত রয়েছে। এই খাতের ৪২ শতাংশ কর্মী আংশিক বেতন পেয়েছেন। ৪ শতাংশ কর্মী কোনো বেতনই পাননি। এমন পরিস্থিতিতে এসএমই খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আরও অন্তত ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া দরকার।
শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি ক্ষুদ্র ও মাঝারি খাত। করোনায় খাতটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রণোদনা প্যাকেজ ও নীতি সহায়তা দিয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে আরও ২০০ কোটি টাকা বিতরণ করবে এসএমই ফাউন্ডেশন।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, সরকারের প্রণোদনার অংশ হিসেবে ৯৫ হাজার এসএমই উদ্যোক্তার মধ্যে ১৫ হাজার কোটি টাকা বিতরণ করা সম্ভব হয়েছে। তবে ২০১৩ সালের অর্থনৈতিক পরিসংখ্যান অনুসারে দেশে এসএমই প্রতিষ্ঠানের সংখ্যা ৭৮ লাখের বেশি। তাই এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম আবু ইউসুফ ও শাহাদাত হোসেন সিদ্দিকী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ নাজনীন আহমেদ প্রমুখ।