নতুন বছরে প্রত্যাশা
ভালো সম্ভাবনার পাশাপাশি কম দামের শঙ্কাও রয়েছে
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত ছিল পর্যটন বাণিজ্য। ২০২০ সালে এ খাতের ব্যবসা বলতে গেলে শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। সেই অবস্থা থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ’২১ সালে। নতুন বছরে কি পর্যটন ব্যবসা পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারবে? আবার ভালো একটি বছর কাটানোর পর শেয়ারবাজার কি এ বছর নতুন উচ্চতায় উঠবে, নাকি হতাশ হতে হবে বিনিয়োগকারীদের? ’২১ সালে রেকর্ড মুনাফা করা ব্যাংক খাত ’২২ সালে কি আরও বেশি ব্যবসা করবে? আবার উদ্যোক্তাদের পরিকল্পনাই–বা কী? কথা বলেছেন শুভংকর কর্মকার
তৈরি পোশাকের ক্রয়াদেশ বাড়ছে। তবে মুশকিল হচ্ছে, চট করে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের রুচি বদলায় না। তারা আশা করছে, কম দামেই পোশাক কিনবে। এখন দুই ধরনের পোশাক, অর্থাৎ কিছুটা দামি (ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট) এবং কম দামের পোশাকের ক্রয়াদেশ বাড়িয়ে দিয়েছে ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। মিয়ানমার, কম্বোডিয়া, চীন—যেখান থেকেই আসুক না কেন, ক্রয়াদেশ আসছে। এতে কারখানাগুলোর সক্ষমতা নিয়ে টানাটানি পড়েছে। প্রতিটি কারখানা সক্ষমতার চেয়ে ২০-২৫ শতাংশ বেশি ক্রয়াদেশ নিয়ে ফেলেছে। অনেক কারখানায় সেটি ৩০ শতাংশ ছাড়িয়ে যাবে। আর সক্ষমতার চেয়ে বেশি ক্রয়াদেশ নিলে উৎপাদন সম্প্রসারণের প্রবণতা চলে আসে। সে কারণে আমাদের অনেক উদ্যোক্তা উৎপাদন লাইন বাড়াচ্ছেন।
মোদ্দা কথা হচ্ছে, চলতি বছর তৈরি পোশাক খাতের ভালো সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রয়েছে কম দামের শঙ্কা। কারণ, ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড নড়ছে না। সুতার দাম বাড়তি। ক্রেতারা সামান্য ক্ষতিপূরণ দিলেও পোশাকের বাড়তি দাম দিচ্ছে না। তারা পোশাক কেনার ধরন বদলাচ্ছে না। গত বছর আমাদের কোম্পানিতে তিন-চারটি নতুন ক্রেতা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। তাদের জায়গা করে দিতে হবে। সেটা আবার এত সহজে করা যায় না। অনেক ক্রেতার সঙ্গে বহুদিনের সম্পর্ক। কাজেই নানা রকম দ্বন্দ্বের মধ্যে আমরা রয়েছি। সক্ষমতার চ্যালেঞ্জ আর সম্প্রসারণের সম্ভাবনার মধ্যে আমাদের সমন্বয় করে কার্যকর বিনিয়োগ করতে হবে। বেছে বেছে ক্রয়াদেশ নিতে হবে। তা না হলে একদিন ক্রয়াদেশ কমে গেলে একজন আরেকজনের ক্রয়াদেশ নিয়ে আবারও টানাটানি করব। এটি স্বাস্থ্যকর হবে না।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে। তারপর আরও তিন বছর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি পাব। তারপরের চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগশিল্পের ওপর নজর দিতে হবে। চলতি বছর নতুন বিনিয়োগের ক্ষেত্রে সংযোগশিল্প ও কৃত্রিম তন্তুর দিকে যেতে হবে। জোর দিতে হবে বিপণনে। কারখানার সক্ষমতার ২০ শতাংশের বেশি কোনো ক্রেতা প্রতিষ্ঠানের কাজ নেওয়া যাবে না। সেটি মানা হলে বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে পড়বে না কারখানা।
ছোট কারখানার ভবিষ্যৎ উজ্জ্বল। বর্তমানে অনলাইনভিত্তিক অনেক ক্রেতা প্রতিষ্ঠান ২০০, ৫০০ কিংবা ১০০০ পিছের ক্রয়াদেশ দেয়। দামও ভালো। সে কারণে আমাদের পোশাকশিল্পে ক্ষুদ্র ও মাঝারি কারখানা প্রয়োজন। এসব কারখানা চলতি শতকের আলোকবর্তিকা হবে। কারণ, বর্তমানে লাখ লাখ পিছ ক্রয়াদেশ যারা দেয়, তারাই কিন্তু ছোট কারখানা পেলে ভাগ ভাগ করে ক্রয়াদেশ দিতে পারে। তাতে যেটি হবে, নানা সমস্যা ও শর্তের কারণে বড় ক্রয়াদেশে প্রায়ই মূল্যছাড় দিতে হয়। উড়োজাহাজে নিজের অর্থে পণ্য পাঠাতে হয়। ছোট-মাঝারি কারখানা হলে সেটি কমে আসবে। আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে যাঁরা ব্যবসায় আছেন, তাঁদের ব্যবসা বহুমুখীকরণে যেতে হবে। একটিমাত্র পণ্য রপ্তানিতে থাকলে ব্যবসায় টেকসই হওয়া যায় না।
রুবানা হক, সাবেক সভাপতি, বিজিএমইএ