মূল্যছাড়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যবসায়ীদের

বিধিনিষেধের কারণে দোকানপাট বন্ধ থাকায় পণ্যের স্টক জমে গেছে। তাতে নগদ অর্থের সংকটে পড়েছে অনেক প্রতিষ্ঠান।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দীর্ঘদিনের বিধিনিষেধের পর দোকানপাট ও বিপণিবিতান খোলার পর ব্যবসা ধরতে মূল্যছাড়ের কৌশল নিয়েছেন অনেক ব্যবসায়ী। ফলে পোশাক ও জুতার বেশ কিছু ব্র্যান্ড মূল্যছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। তার মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ঈদুল আজহায় মূল্যছাড় দিয়েছিল। সেটি চলতি মাসেও অব্যাহত রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, পোশাক ও জুতার ব্যবসা উৎসবকেন্দ্রিক হওয়ায় করোনায় ক্ষতির মাত্রাটা বেশি। কারণ, গত দেড় বছরে অধিকাংশ উৎসবের আগে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এতে দোকানপাট বন্ধ রাখা হয়। উৎসবের কয়েক দিন আগে বিধিনিষেধ শিথিল করা হলেও ব্যবসা কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। তাতে পণ্যের স্টক জমে গেছে। তা ছাড়া টানা বিধিনিষেধে দোকানপাট বন্ধ থাকায় নগদ অর্থের সংকটে পড়ে অনেক প্রতিষ্ঠান। সে কারণে মূল্যছাড় দিয়ে ব্যবসার ক্ষতি পোষানোর কৌশল নিয়েছে প্রতিষ্ঠানগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামীণ ইউনিক্লো ৬০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে। রঙ বাংলাদেশ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পোশাকভেদে ৩০, ৫০ ও ৭০ শতাংশ মূল্যছাড় দেওয়ায় ঘোষণা দিয়েছে। টুয়েলভ চলতি মাসে ৫০ শতাংশ মূল্যছাড়ে পণ্য বিক্রির পর এখন ৩০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। দেশী দশের ব্র্যান্ডগুলো ১২ শতাংশ মূল্যছাড় দেবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া নোয়া, র নেশনসহ পোশাকের বেশ কিছু ব্র্যান্ড মূল্যছাড় দিচ্ছে।

জানতে চাইলে রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাশ প্রথম আলোকে বলেন, করোনার কারণে গত দেড় বছরে প্রায় সবারই পণ্যের স্টক জমেছে। নগদ অর্থসংকটেও আছে অনেকে। ফলে দোকানভাড়া থেকে শুরু করে কর্মীদের বেতন-ভাতা দিতেও সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা। আবার নতুন নকশার পণ্য আনতে হবে। তাই জমে থাকা পণ্য বিক্রি করতে মূল্যছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা। তাতে কিছুটা হলেও ক্রেতা বেড়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের মার্চে। পরে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হয়। এ সময় দোকানপাট ও বিপণিবিতান বন্ধ হয়ে যায়। তাতে পয়লা বৈশাখের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিধিনিষেধের কারণে ঈদুল ফিতরের কয়েক দিন আগে দোকানপাট খোলার সুযোগ দেওয়া হলেও ব্যবসা সেভাবে হয়নি। পরে ঈদুল আজহায় মোটামুটি ব্যবসা হলেও চলতি বছরের পয়লা বৈশাখ ব্যবসা আবার মার খায়। পয়লা বৈশাখের দিন থেকে বিধিনিষেধের কারণে দোকানপাট আবার বন্ধ হয়ে যায়। পরে অবশ্য ঈদুল ফিতরে মোটামুটি ব্যবসা হয়েছে। তারপর আবার করোনা সংক্রমণ বাড়তে থাকে। গত ২৮ জুন থেকে বিধিনিষেধে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ হয়ে যায়।

গত মাসে পবিত্র ঈদুল আজহার আগে মাত্র ছয় দিন ব্যবসা করার সুযোগ পান ব্যবসায়ীরা। এর আগে ১৭ দিন কঠোর বিধিনিষেধে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। ঈদের পর আবার টানা ১৯ দিন বিধিনিষেধে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ১১ আগস্ট থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়া হয়। যদিও করোনা সংক্রমণ ও মৃত্যুর হার এখনো বেশি।

ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ টিম গ্রুপের একটি প্রতিষ্ঠান। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব প্রথম আলোকে বলেন, ‘কোরবানির পর থেকে অক্টোবরের আগপর্যন্ত কোনো উৎসব নেই। বেচাকেনা স্বাভাবিকের তুলনায় কম হবে। তাই বেসিক পোশাকে মূল্যছাড় ও ফ্যাশনেবল পোশাক পূর্ণ দামে বিক্রি করার কৌশল নিয়েছি আমরা। তা ছাড়া করোনাকালে যে ক্ষতি হয়েছে, সেটি পোষাতে হলেও কিছু বাড়তি বিক্রি প্রয়োজন। খুচরা বিক্রিতে স্টক সব সময়ই চ্যালেঞ্জ। পণ্যের স্টক জমে গেলে মূলধনে টান পড়ে।

করোনায় পোশাকের মতো জুতার ব্যবসাও মার খেয়েছে ব্যাপকভাবে। বিধিনিষেধ শেষে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর জুতার দুই শীর্ষ ব্র্যান্ড অ্যাপেক্স ও বাটা মূল্যছাড় দিয়েছে। বাটা ও অ্যাপেক্স উভয় ব্র্যান্ডই তাদের জুতায় ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।

চলতি বছরের এপ্রিলে করোনা সংক্রমণ বাড়ে। তার পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে মার্চ পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিকই ছিল। এরপরও জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে বাটা ১৮০ কোটি টাকার জুতা বিক্রি করে। যদিও গত বছরের প্রথম প্রান্তিকে তাদের বিক্রি ছিল ২১৪ কোটি টাকা। ২০১৯ সালে বাটার আয় ছিল ৮৫৭ কোটি টাকা। তবে করোনার কারণে গত বছর সেটি কমে ৫০৮ কোটি টাকায় দাঁড়ায়।

জানতে চাইলে বাটা শু বাংলাদেশের রিটেইল অপারেশন ম্যানেজার আরফানুল হক গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বিক্রির গতি বাড়াতে আমরা জুতাভেদে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছি। তা ছাড়া আমরা স্কুল-কলেজ খোলার অপেক্ষায় রয়েছি। তখন আমরা নতুন নকশার জুতা আনব। অবশ্যই তখন কিছু না কিছু অফার দেওয়া হবে। তা ছাড়া দুর্গাপূজায় আমাদের নতুন জুতা আসবে। এভাবে আমরা ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছি।’