রডের বাজারে অস্থিরতার শঙ্কা

  • এক বছরে স্ক্র্যাপের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

  • ১৪ দিনের কোয়ারেন্টিনে জাহাজভাড়া বৃদ্ধি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিকে লকডাউন, অন্যদিকে বিশ্ববাজারে কাঁচামালের দাম ও জাহাজভাড়ার দাম বাড়ছে।

কাঁচামালের দাম দ্বিগুণ

রড উৎপাদনের প্রধান কাঁচামাল হলো মেল্টিং স্ক্র্যাপ বা গলনশীল স্ক্র্যাপ। দেশে মেল্টিং স্ক্র্যাপের মোট চাহিদার ৮০ থেকে ৮৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। সাধারণত যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপের দেশগুলো থেকে এসব স্ক্র্যাপ আসে। এক বছর আগে এক টন স্ক্র্যাপের দাম ছিল ৩০০ থেকে ৩৫০ ডলার। এখন তা বেড়ে ৫৫০ থেকে ৬০০ ডলার হয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনার প্রথম ধাক্কা কাটিয়ে ওঠার পর উন্নত দেশে অর্থনীতি পুনরুদ্ধারপ্রক্রিয়া শুরু হয়েছে। ফলে ইস্পাতের চাহিদা বেড়েছে। অন্যদিকে চীন এত দিন নিজস্ব কাঁচামাল ব্যবহার করত। করোনার ধাক্কা কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় এখন তারাও মেল্টিং স্ক্র্যাপ আমদানি শুরু করেছে। এতে বিশ্ববাজারে বাড়তি চাহিদার চাপ পড়েছে। এ জন্য আন্তর্জাতিক বাজারে গলনশীল স্ক্র্যাপের দাম বাড়ছে।

রড উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বা রাসায়নিক ফেরো অ্যালয়ের দামও বেড়েছে। এটির প্রতি টনের দাম ৮০০ থেকে ৮৫০ ডলার বেড়ে এখন প্রায় দেড় হাজার ডলার হয়েছে।

কোয়ারেন্টিনে ভাড়া বাড়ছে

গত বছর করোনা সংক্রমণ শুরু হলে বিদেশ থেকে আসা সব পণ্যবাহী জাহাজকে ১৪ দিনের কোয়ারেন্টিন মানতে হচ্ছে। কোয়ারেন্টিন শেষে পণ্য খালাস করা হয়। এই তালিকা থেকে বাদ যায়নি মেল্টিং স্ক্র্যাপবাহী জাহাজও। ফলে জাহাজভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে।

খুচরা বাজারও অস্থির

করোনা সংকট শুরুর পর থেকেই দেশে রডের বাজার অস্থির। ছয় মাসে আগে ৬০ গ্রেডের রডের প্রতি টনের দাম ছিল ৬০ হাজার থেকে ৬৫ হাজার টাকা। কাঁচামালের সংকট, পরিবহন খরচ বৃদ্ধিসহ বিভিন্ন কারণে এখন সেই রড বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে ৭৫ হাজার টাকায়। সাধারণত অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন) সরকারের পূর্ত কাজে গতি আসে। সরকারি প্রকল্পগুলোতে রডের চাহিদা বাড়ে।

বাজেটের সুফল না পাওয়ার দাবি

বর্তমানে স্ক্র্যাপ আমদানিতে প্রতি টনে শুল্ক ১ হাজার ৫০০ টাকা ও অগ্রিম আয়কর ৫০০ টাকা। আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমদানি পর্যায়ে আরোপিত ৪ শতাংশ আগাম ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে রডের দাম কমার তেমন সুযোগ নেই বলে মনে করেন ইস্পাত খাতের উদ্যোক্তারা।

এদিকে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্রয় পর্যায়ে আরোপিত টনপ্রতি আগাম ভ্যাট ২ হাজার টাকা রড উৎপাদনকারীরা সমন্বয় করতে পারতেন। তাই সংগঠনটি রডের দাম কমাতে প্রতি টন কাঁচামালের আমদানি শুল্ক ৫০০ টাকা, অগ্রিম আয়কর ৩০০ টাকা ও বিক্রি পর্যায়ের ভ্যাট ৫০০ টাকায় নির্ধারণের দাবি জানিয়েছে।

ইস্পাতশিল্প

বিএসএমএ সূত্রে জানা গেছে, দেশীয় কোম্পানিগুলোর বার্ষিক মোট রড উৎপাদনের সক্ষমতা ৭০ লাখ টন। তবে গত ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫৫ লাখ টন রড। দেশে উৎপাদিত রডের ৭৫ শতাংশই ব্যবহৃত হয় সরকারি প্রকল্পে।