রপ্তানি ধরে রাখা চ্যালেঞ্জিং হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলুল হক

তৈরি পোশাক রপ্তানিতে ৪ হাজার ২০০ কোটি ডলার অর্জন খুবই ইতিবাচক। এই সংখ্যা আমাদের বাড়তি সাহস দেবে। তবে পোশাক রপ্তানি সামনের দিনে কেমন হবে, তা নিয়ে প্রশ্ন আছে।

পোশাকে এই রেকর্ড রপ্তানির বড় কারণ হলো, করোনার পর বিদেশি ব্র্যান্ডগুলো তাদের বিক্রয়কেন্দ্রের শূন্যস্থান পূরণে গত অর্থবছরের শুরুর দিকে প্রচুর ক্রয়াদেশ দেয়। আবার কাঁচামালের দামও ব্যাপক বেড়েছিল। তাতে পোশাকের বাড়তি দামও মিলেছে। বাড়তি ক্রয়াদেশ এখন কমে এসেছে। সুতার দামও কমছে। ফলে চলতি বছর পোশাক রপ্তানির গতি ধরে রাখা চ্যালেঞ্জিং হবে। বিদায়ী বছরের রপ্তানি ধরে রাখাই আমাদের জন্য ইতিবাচক।

চলতি বছর মোটাদাগে চারটি চ্যালেঞ্জ আছে—বাড়তি ক্রয়াদেশ কমে যাওয়া, কাঁচামালের দামের নিম্নমুখিতার কারণে পোশাকের দাম কমে যাওয়া, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে উচ্চ মূল্যস্ফীতি ও দেশে গ্যাস–বিদ্যুতের সংকট। আর ভালো খবর হচ্ছে, করোনার কারণে চীনের সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা আছে। আবার কাঁচামালের জন্য চীনের ওপর নির্ভরশীল হওয়ায় ভিয়েতনামও সমস্যায় আছে।

ফজলুল হক, সাবেক সভাপতি, বিকেএমইএ