রপ্তানি বাণিজ্য সুরক্ষায় নির্দেশনা

রপ্তানি বাণিজ্যে সুরক্ষা ও অর্থ পাচার প্রতিরোধে ব্যাংকগুলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব নির্দেশনা আগেও সময়-সময় বিক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে। গতকালের নির্দেশনায় মূলত আগের সব নির্দেশনা একত্র করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে, ব্যাংকগুলোকে আগের সব নির্দেশনা সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া, যাতে তারা যথাযথভাবে সেগুলো পালন করে।

নির্দেশনায় বলা হয়েছে, ঋণপত্রের মাধ্যমে রপ্তানির সময় অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তৃতীয় ব্যাংকের মাধ্যমে ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে আবেদনকারী ব্যাংক এবং ইস্যুয়িং ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। একই সঙ্গে আবেদনকারী ব্যাংক ও ইস্যুয়িং ব্যাংক বরাবর সরাসরি কিংবা ওই ব্যাংকের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যাংকের মাধ্যমে রপ্তানি নথি পাঠাতে হবে।

হস্তান্তরিত ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে ঋণপত্রের আবেদনকারী ব্যাংক বা ইস্যুয়িং ব্যাংকসহ প্রথম বেনিফিশিয়ারি ও হস্তান্তরকারী ব্যাংক সম্পর্কে নিশ্চিত করতে বলা হয়েছে। চুক্তিপত্রের মাধ্যমে রপ্তানি পরিচালনার ক্ষেত্রে আমদানিকারকের ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে রপ্তানি নথি ছাড়করণ ও মূল্য আদায়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান মেনে চলতে বলা হয়েছে।