বগুড়া
একের পর এক যন্ত্র উদ্ভাবন করছেন আমির হোসেন
যন্ত্রচালিত ঘানি, চাল ভাঙার যান্ত্রিক ঢেঁকিসহ বিভিন্ন যন্ত্র বছরে গড়ে এক হাজার তৈরি হচ্ছে তাঁর কারখানায়।
বগুড়া শহরে আবদুল জোব্বারের পরিচিতি ছিল ‘ধলু মেকার’ নামে। কামারশালায় গরম লোহা পিটিয়ে বিকল যন্ত্র সারাতেন তিনি। প্রয়োজনমতো ছোট ছোট যন্ত্রাংশ তৈরিও করতেন। যন্ত্র সারাইয়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। গত শতকের চল্লিশের দশকে তিনি বগুড়া শহরের নিউমার্কেট এলাকায় হস্তচালিত একটি লেদ মেশিন স্থাপন করেন। সেখানেই তৈরি করতে থাকেন কৃষিকাজের বিভিন্ন যন্ত্রাংশ।
বাবা আবদুল জোব্বারের সেই কারখানাতেই হাতেখড়ি হয়েছিল ছেলে আমির হোসেনের। তখন তাঁর বয়স সবে পাঁচ বছর। কে জানত, কামারশালায় গরম লোহা পিটিয়ে যন্ত্র তৈরি শেখা সেই ছোট ছেলেটিই একদিন নামকরা উদ্ভাবক হবেন। ৫৯ বছর বয়সে এসেও আমির হোসেন নতুন নতুন উদ্ভাবনের নেশায় বুঁদ হয়ে আছেন।
বগুড়ার কাটনারপাড়া এলাকায় আমির হোসেনের উদ্ভাবনকক্ষ। সম্প্রতি সেখানে বসেই তাঁর সঙ্গে দীর্ঘ আলাপ হয়। জানালেন, ১৯৬৭ সাল। আমিরের বয়স তখন সাত। সবে স্কুলে পা রেখেছেন। বাড়ির পাশে করোনেশন ইনস্টিটিউশনে ক্লাস শেষে ছুটতেন বাবার সারাই কারখানায়। বাবাকে সহযোগিতা করতেন। এসএসসি পাস করে ভর্তি হন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে। তত দিনে বাবার কারখানায় কাজের চাপ বেড়ে গেছে। পরিবারের আর্থিক অবস্থার কথা চিন্তা করে পড়াশোনা ছাড়েন।
বাবার কামারশালাতে বসেই গরম লোহা পিটিয়ে শ্যালোযন্ত্রের পিস্টন, লাইনার, বুশ ভাল্বসহ নানা কৃষি যন্ত্রাংশ বানাতে থাকেন আমির। তত দিনে বগুড়ায় বিদ্যুৎ–চালিত লেদ মেশিন এসেছে। কৃষি যন্ত্রাংশের পাশাপাশি পানি তোলার জন্য সেন্ট্রিফিউগাল পাম্প তৈরি করেন আমির। ঠিক তখনই জীবনের নতুন এক অধ্যায়ের শুরু। বললেন, ‘১৯৮২ সালে বিয়ে করি। পরিবারের সম্মতি ছিল না। বাবা বেশ ক্ষুব্ধ হলেন। আমাকে বাড়ি ছাড়তে হলো। স্ত্রী আলম আরা বেগমকে নিয়ে মামার বাসায় উঠলাম। কাজ নিলাম মামার চশমার দোকানে। বিনিময়ে পেতাম হাতখরচের টাকা।’
একদিন আমির হোসেনকে তাঁর স্ত্রী কিছু করা পরামর্শ দিলেন। তখন আমিরের প্রশ্ন ছিল, ‘পুঁজি পাব কই?’ সেই ব্যবস্থাও হলো। নিজের জমানো ৮০০ টাকার সঙ্গে স্ত্রী হাতে ধরিয়ে দিলেন সোনার এক জোড়া কানের দুল। আমির বললেন, ‘সব মিলিয়ে দুই হাজার টাকা হলো। এই পুঁজি নিয়ে শুরু করলাম কৃষি যন্ত্রাংশের ব্যবসা।’
দুটি ঢালাই কারখানা ও দুটি লেদ ওয়ার্কশপের সঙ্গে চুক্তি করলেন আমির। বাকিতে কৃষি যন্ত্রাংশ কিনে সারা দেশে সরবরাহ শুরু করলেন। ছয় মাস পর নিজেই পাম্প তৈরির কারখানা দিলেন। এরপর তাঁর কারখানায় একে একে তৈরি হলো সরু সেমাই, চানাচুর ও নুডলস, ইট ও পাথর ভাঙার, ভুট্টা ভাঙা ও মাড়াই, বীজ বপন, খোয়া-সিমেন্ট-বালু মেশানোসহ অর্ধশতাধিক আধুনিক যন্ত্রপাতি এবং গাড়ি।
বছরে এক হাজার যন্ত্র
গ্রামীণ এলাকায় শর্ষে ভাঙার জন্য একসময়ের ঐতিহ্যবাহী গরুনির্ভর ঘানি এখন বিলুপ্তির পথে। সময়ের সঙ্গে তাল মেলাতে আমির হোসেন উদ্ভাবন করেছেন বিদ্যুৎ ও শ্যালো ইঞ্জিনচালিত যান্ত্রিক ঘানি। এ ছাড়া শর্ষে থেকে তেল নিষ্কাশনে আরও একটি অত্যাধুনিক যন্ত্র উদ্ভাবন করেছেন।
আমির হোসেন বলেন, ‘প্রতি মাসে গড়ে ১০০ ঘানি বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। জৈবসার উৎপাদন, জ্বালানি খড়ি তৈরি, চাল ভাঙার যান্ত্রিক ঢেঁকির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। সব মিলিয়ে বছরে গড়ে এক হাজার যন্ত্র তৈরি হচ্ছে আমার কারখানায়।’
প্রতিজ্ঞা মেড ইন বাংলাদেশ
২০০৬ সালের দিকে আমির হোসেনের উদ্ভাবিত একটি গাড়ির খবর ছাপা হয়েছিল দেশি-বিদেশি গণমাধ্যমে। ২০০৮ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় সেই গাড়িটি প্রদর্শন করা হয়।
বিদেশি দুইটি প্রতিষ্ঠান আমিরকে তাঁর উদ্ভাবিত গাড়ি বাজারজাতকরণের প্রস্তাব দেয়। তিনি বলেন, ‘জাপানি এক প্রতিষ্ঠানের প্রস্তাব ছিল, গাড়ি তৈরি হবে জাপানে। সেখানে সপরিবার বসবাসের জন্য নাগরিকত্ব প্রদানেরও ব্যবস্থা করবে তারা। গাড়ি তৈরির কার্যক্রম তদারকি করা হবে আমার কাজ। মাসিক ভালো বেতনও প্রদানের প্রস্তাব ছিল।’ এই প্রস্তাবে সাড়া দেননি আমির।
আমির হোসেন বলেন, ‘এ দেশের মাটিতে বছরের পর বছর ধরে এত কষ্টে উদ্ভাবন করেছি, সেই যন্ত্রের কৃতিত্ব নেবে অন্য দেশ, সেটা মানতে পারিনি। এ দেশের মাটি, কৃষক ও কৃষির প্রতি আমার প্রাণ বাঁধা রয়েছে। এ কারণে নিত্যনতুন কৃষিযন্ত্র উদ্ভাবনের সাধনা করে গেছি। এ দেশ ছেড়ে কোথাও যাব না।’