ঢাকা থেকে সাভারের বাইপাইলে পৌঁছাতে পৌঁছাতে সকাল প্রায় ১০টা। কারখানার ফটক পেরিয়ে ওয়্যারহাউসের ছোট ভবনের সামনে গাড়ি থেকে নামতেই লম্বা সবুজ ঘাসের লন আর ছোটখাটো কিছু গাছ স্বাগত জানাল। সবুজের মাঝেই সাততলা পোশাক কারখানা চুপচাপ দাঁড়িয়ে। চুপচাপ বলার কারণ হচ্ছে, তখন পর্যন্ত সেটিকে কোনো কারখানা মনে হয়নি। চারপাশটাও বেশ পরিপাটি। বেশ শান্ত আর খোলামেলা পরিবেশ। চট করে দেখলে কারখানা কারখানা মনে হয় না।
বাইরে থেকে বোঝা না গেলেও কারখানার ভেতরে ঢুকতেই বিশাল কর্মযজ্ঞ চোখে পড়ল। হাজার হাজার শ্রমিক কাজ করছেন। বিশ্বখ্যাত কেলভিন ক্লেইন, নেক্সট, টমি হিলফিগার, বারবারি, এস ওলিভারসহ বিভিন্ন ব্র্যান্ডের জন্য বিভিন্ন ধরনের জ্যাকেট তৈরি করছেন তারা। এ ছাড়া বরফে স্কেটিং করার পোশাকও উৎপাদন করে কারখানাটি।
টিম গ্রুপের ফোর এ ইয়ার্ন ডায়িং (টিম আউটারওয়্যার) নামের পরিবেশবান্ধব কারখানায় গত শনিবার গিয়ে এমন চিত্রই দেখা গেল। দেড় বছর আগে চালু হওয়া কারখানাটিতে কাজ করেন ৭ হাজার শ্রমিক। গত বছর টিমের এই কারখানা ৩ কোটি ৬০ লাখ ডলারের বা ৩০৬ কোটি টাকার জ্যাকেট রপ্তানি করেছে। চলতি বছর তাদের লক্ষ্য রপ্তানি প্রায় দ্বিগুণ করা।
২০০৯ সালে রুগ্ণ এ কারখানা কিনেছিলেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ হিল রাকিব। সেখানে গড়ে তোলেন পরিবেশবান্ধব কারখানা। গত মাসে কারখানাটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) ‘লিড প্লাটিনাম’ সনদ পেয়েছে।
২০০৯ সালে রুগ্ণ এ কারখানা কিনেছিলেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ হিল রাকিব। তখন সেখানে সোয়েটার তৈরি হতো। তারপর সেখানে জ্যাকেট কারখানা করে সেটিকে লাভজনক করেন আবদুল্লাহ হিল রাকিব। পরে কারখানা সম্প্রসারণের জন্য আশপাশের বেশ কিছু জমি কেনেন। সেখানে গড়ে তোলেন পরিবেশবান্ধব কারখানা। গত মাসে কারখানাটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) ‘লিড প্লাটিনাম’ সনদ পেয়েছে। ১১০ নম্বরের মধ্যে কারখানাটি পেয়েছে ৮৩।
পুরো কারখানা ঘুরিয়ে দেখালেন আবদুল্লাহ হিল রাকিব। সঙ্গে ছিলেন কারখানাটির নির্বাহী পরিচালক (পরিচালনা) মো. জাহেদুল হক। তাঁরা জানান, সবুজ ঘাস থেকে শুরু করে কারখানার ছাদসহ বিভিন্ন তলায় বৃষ্টির পানি সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রয়েছে। তাতে বৃষ্টির পানির ৮৬ দশমিক ৩ শতাংশই সংরক্ষণ করা সম্ভব হয়। সেই পানি কারখানার বাথরুমগুলোয় ব্যবহার করা হয়।
পুরো কারখানায় বিদ্যুৎ–সাশ্রয়ী বাতি ব্যবহার করা হয়েছে। তাতে বিদ্যুৎ খরচ ৫০ শতাংশ সাশ্রয় হচ্ছে। আবার কারখানার ছাদজুড়ে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎ। এর ফলে কারখানার মোট চাহিদার ২৫ শতাংশ বিদ্যুতের চাহিদা সৌরবিদ্যুৎ থেকে মিটছে। গত ৯ মাসে প্রায় ২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে কারখানার ছাদেই।
কারখানার উৎপাদনপ্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়েছেন আবদুল্লাহ হিল রাকিব। জ্যাকেটের কয়েকটি প্রক্রিয়ায় বিশেষ কিছু মেশিনের মাধ্যমে শ্রমিকের সংখ্যা ও উৎপাদনের সময় কমিয়ে আনা হয়েছে। আবার উৎপাদিত পোশাকের মান নিয়ন্ত্রণেও বিশেষ সফটওয়্যারের ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে শ্রমিকেরা প্রতিটি পোশাকের মান যাচাই করেন। কোনো পোশাকে সমস্যা থাকলে সফটওয়্যারে সুনির্দিষ্টভাবে ইনপুট দেন। যেসব প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে, সেটি সফটওয়্যারে দেখে লাইনপ্রধান ওই সব প্রক্রিয়ায় যেসব শ্রমিক কাজ করেন, তাঁদের সঙ্গে কথা বলেন। তাতে ত্রুটিযুক্ত পোশাক উৎপাদনের হার ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে।
বর্তমানে টিম গ্রুপের বার্ষিক লেনদেন ৫০ কোটি ডলার। ২০২৬ সালের মধ্যে আমরা ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের কোম্পানি হতে চাই। সেভাবেই কাজ চলছে।আবদুল্লাহ হিল রাকিব, ব্যবস্থাপনা পরিচালক, টিম গ্রুপ
আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের অংশ হিসেবে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। কারণ, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার তার কোনো বিকল্প নেই।’ তিনি জানান, শ্রমিকের কাজ পর্যবেক্ষণের জন্য নিডল নামে একটি ডিভাইস প্রতিটি সেলাই মেশিনে বসানো হবে। তাতে কোনো শ্রমিকের উৎপাদনক্ষমতা কেমন তা কেন্দ্রীয়ভাবে দেখা যায়। এর মাধ্যমে উৎপাদনক্ষমতা কম—এমন শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আবার যাঁদের উৎপাদনক্ষমতা ভালো, তাঁদের পুরস্কৃত করা হবে।
টিম গ্রুপের ছয়টি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া তাদের বায়িং হাউস, ওষুধ কোম্পানিসহ কয়েকটি প্রতিষ্ঠান আছে। বিদায়ী বছর গ্রুপের কারখানাগুলো থেকে ১৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। বায়িং হাউসের রপ্তানি ২৭ কোটি ডলার। আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘বর্তমানে টিম গ্রুপের বার্ষিক লেনদেন ৫০ কোটি ডলার। ২০২৬ সালের মধ্যে আমরা ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের কোম্পানি হতে চাই। সেভাবেই কাজ চলছে।’
কারখানাটির এক পাশে আলাদা ভবনে মেডিকেল সেন্টার করেছে কর্তৃপক্ষ। সেখানে সার্বক্ষণিকভাবে দুজন চিকিৎসক থাকেন। এই সেন্টারে শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা নিতে পারেন। আবার কারখানার শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের দোকানও রয়েছে। অন্তঃসত্ত্বা শ্রমিকদের পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থাও চালু করেছে টিম গ্রুপ।
ফোর এ ইয়ার্ন ডায়িংয়ের কারখানার এক পাশে রয়েছে ডে-কেয়ার সেন্টার। সেখানে প্রবেশ করতেই ছোট ছোট শিশু আমাদের স্বাগত জানাল। তাদের মায়েরা কারখানায় কাজ করছেন। আর শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকে। তবে অতিথি দেখে সবাই প্রথমে একটু চুপচাপ হয়ে গেলেও কয়েক মুহূর্ত পরেই সেসব উবে যায়। বেশ হইহল্লা শুরু হয়ে যায়। কিছুক্ষণের জন্য আমরাও বাচ্চাদের সঙ্গে চুটিয়ে হইহল্লা করলাম।
সবকিছু মিলিয়ে ফোর এ ইয়ার্ন ডায়িং নামের পরিবেশবান্ধব কারখানাটি বেশ মানবিক। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব জানালেন, শিগগিরই শ্রমিকদের বাচ্চাদের পাশাপাশি আশপাশের বাসিন্দাদের সন্তানদের পড়াশোনার জন্য আধুনিক একটি স্কুল করবেন। শ্রমিকদের বিনা মূল্যে দুপুরের খাবার দেওয়াসহ নানা পরিকল্পনার কথাও জানালেন তিনি।