নতুন করে আবার লকডাউন
শঙ্কায় বড় শিল্প উদ্যোক্তারা
আবার আরেকটি লকডাউনের ঘোষণা এল। তবে এই লকডাউন বড় বড় শিল্পকারখানাকে বিপাকে ফেলে দেবে বলে দাবি উদ্যোক্তাদের।
আম ও দুধ সংগ্রহ নিয়ে শঙ্কায় প্রাণ-আরএফএল।
চাহিদা বুঝে উৎপাদনের পরিকল্পনা বার্জার পেইন্টসের।
রড কারখানা অর্ধেক বন্ধ থাকতে পারে।
আরেকটি লকডাউন তথা বিধিনিষেধের ঘোষণা এসেছে। এ ধরনের বিধিনিষেধের ঘোষণা এলেই ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় উদ্যোক্তা পর্যন্ত সবার কপালে ভাঁজ পড়ে। কারণ, লকডাউনের সময় কারখানা খোলা রাখা হবে কি না, খোলা রাখা হলেও উৎপাদন কি আগের মতো হবে—এসব নিয়ে চিন্তায় পড়ে বড় কোম্পানিগুলো। সে অনুযায়ী তারা এখন ভোক্তার চাহিদা বুঝে পণ্য উৎপাদন কমিয়ে দেওয়ার কথাই ভাবছে।
করোনা সংক্রমণ মোকাবিলায় গত এক বছরে দীর্ঘ সময় ধরে লকডাউন বা বিধিনিষেধ চলেছে। এতে ভুগতে হয়েছে বড় বড় শিল্পকারখানাগুলোকে। নতুন লকডাউনের ঘোষণা তাদের নতুন করে বিপাকে ফেলেছে।
নতুন লকডাউন ঘোষণার পরিস্থিতিতে বিভিন্ন খাতের বড় শিল্পোদ্যোক্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথম আলোর সঙ্গে আলাপকালে এমন বক্তব্যই দেন। বড় শিল্পকারখানাগুলো জানায়, তারা জনবল, শিফট (পালা) ও উৎপাদন লাইন কমানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে রপ্তানিমুখী কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকমালিকেরা। এখন দেখা যাক, বাকি বড় শিল্প খাতসংশ্লিষ্টরা কী চিন্তাভাবনা করছে।
প্রাণ-আরএফএল গ্রুপ দেশে ভোগ্যপণ্যের বাজারে বড় এক নাম। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে এই শিল্পগোষ্ঠীটি দক্ষতার সঙ্গে ব্যবসা করে আসছে। এখন আমের মৌসুম। আম সংগ্রহ করে তা সংরক্ষণ করতে হয়। লকডাউনের কারণে বাগান থেকে আম সংগ্রহ করার কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। আবার ১৫ হাজার খামারির কাছ থেকে নিয়মিত দুধ সংগ্রহ করে থাকে প্রাণ-আরএফএল গ্রুপ। লকডাউনের কারণে তা–ও বিঘ্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, ‘আম ও দুধ সংগ্রহে সমস্যা হতে পারে। লকডাউনের সময় আমাদের উৎপাদন অব্যাহত থাকে। তবে লকডাউন বা চলাচল সীমিত করা হলে দুধ, ডিম, কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ভোক্তা চাহিদা কমে। ফলে কারখানায় পণ্য উৎপাদনের পালা (শিফট), উৎপাদন লাইন কমাতে হয়।’
কামরুজ্জামান কামাল জানান, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই সারা দেশের ১৬টি স্থানে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা চলে। এসব কারখানায় ১ লাখ ১০ হাজারের মতো কর্মী কাজ করেন।
রঙের রাজ্যে বড় নাম বার্জার পেইন্টস বাংলাদেশ। এ দেশের রঙের বাজারে এই বহুজাতিক কোম্পানিটি সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান, যাদের সারা দেশে ৩ হাজার পরিবেশক রয়েছে। করোনায় এই কোম্পানিও কিছুটা অস্বস্তিতে আছে। গত বছর এপ্রিল–মে মাসে করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের সময় বেকার হয়ে যাওয়া রংমিস্ত্রিদের নগদ টাকা সহায়তা দিয়েছিল বার্জার পেইন্টস।
গত এক বছরে করোনার দুটি ধাক্কায় ব্যবসা-বাণিজ্য কিছুটা শ্লথ আছে। তাই চাহিদা বুঝে রং উৎপাদনের কৌশল নিয়ে এগোচ্ছে বার্জার পেইন্টস বাংলাদেশ।
নতুন লকডাউনের সময় পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, জানতে চাইলে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘সবার আগে জীবন। দ্রুত টিকার ব্যবস্থা করতে হবে। টিকার আওতা যত বাড়বে, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি তত ঘুরে দাঁড়াবে। বার্জার পেইন্টসের মতো প্রতিষ্ঠান এক বছর লোকসান দিয়েও হয়তো টিকে যাবে। কিন্তু ছোট উদ্যোক্তারা মার খাবে।’
রূপালী চৌধুরী আরও বলেন, করোনার ধাক্কা কাটিয়ে জুন মাস পর্যন্ত ভালোই চলছিল। এখন আবার শঙ্কা দেখা দিল। এ ধরনের লকডাউন দেওয়া হলে কোনো প্রতিষ্ঠানের পরিকল্পনা ও লক্ষ্য থাকে না। তবে বার্জার পেইন্টস নমনীয় থাকবে এবং চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করবে।
দেশে রডের চাহিদা স্থানীয় উৎপাদকেরাই পূরণ করে থাকে। কোনো কোনো প্রতিষ্ঠানের রড বিদেশে রপ্তানি হচ্ছে। দেশে এখন ৩০ থেকে ৩৫টি বড় রড উৎপাদনের কারখানা আছে। তারা করোনার কারণে ভুগছে। এই খাতের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে রডের কাঁচামাল স্ক্র্যাপের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। টনপ্রতি দাম ৬০০ ডলার পর্যন্ত উঠেছে। এ কারণে রড উৎপাদনকারীদের কাছে খুব বেশি কাঁচামাল মজুত নেই।
জানতে চাইলে স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে মাসাদুল হক বলেন, এমনিতেই রড নির্মাতা প্রতিষ্ঠানগুলো সংকটে আছে। লকডাউনের সময়ে কার কাছে রড বিক্রি করবে? তাই অর্ধেকের বেশি প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিংবা উৎপাদন কমাবে। বড় প্রতিষ্ঠানগুলোর কাছে এক মাসের মজুত নেই। তাই তারা এখন উৎপাদনে আগ্রহ দেখাবে না।
সিমেন্ট খাতও বিপাকে পড়েছে। এমআই সিমেন্ট ফ্যাক্টরির প্রতিদিন গড়ে ১১ হাজার টন উৎপাদন করার সক্ষমতা আছে। এই প্রতিষ্ঠানের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, তারা লকডাউনের সময়ে বাজারের চাহিদা বুঝে পণ্য উৎপাদন করবে। বর্ষা মৌসুমে এমনিতেই সিমেন্টের চাহিদা কমে, উৎপাদনও কম হয়। এখন লকডাউনের কারণে তা তলানিতে নামার শঙ্কা দেখা দিয়েছে।