বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি মাসক-সিল্যান্ডের ঢাকার বনানীর কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের মৌখিক নির্দেশনার পর কার্যালয়টি বন্ধ করে দেন কর্মীরা। এর আগে সকালে শিপিং কোম্পানিটির কার্যালয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কঠোর বিধিনিষেধে শিপিং অফিস খোলা রাখার সুনির্দিষ্ট চিঠি না পেয়ে অফিস বন্ধ রাখার মৌখিক নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
কোম্পানিটির ঢাকা কার্যালয় থেকে কমলাপুর কনটেইনার ডিপো থেকে কনটেইনার পণ্য খালাসের চালানপত্র প্রদান করা হয়। আবার ঢাকা অঞ্চলের রপ্তানিকারকেরা রপ্তানির কাগজপত্র এই কার্যালয় থেকে সংগ্রহ করেন।
শিপিং কোম্পানির প্রধান কার্যালয়টি বন্ধ করে দেওয়ায় তাদের কনটেইনারে পণ্য আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে ঢাকা কার্যালয় থেকে কমলাপুর কনটেইনার ডিপো থেকে কনটেইনার পণ্য খালাসের চালানপত্র প্রদান করা হয়। আবার ঢাকা অঞ্চলের রপ্তানিকারকেরা রপ্তানির কাগজপত্র এই কার্যালয় থেকে সংগ্রহ করেন। আজ অভিযানের পর থেকে এসব কার্যক্রম বন্ধ ছিল।
ঘটনার পরপরই বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশন বন্দরকে বিষয়টি অবহিত করে। এ–সংক্রান্ত ই–মেইলে কয়েকটি চিঠির কপি হাতে পেয়েছে প্রথম আলো। এসব চিঠিতে বলা হয়, আজ বুধবার সকালে বনানীতে শিপিং কার্যালয়টির অফিসে অভিযান চালান গুলশান রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অফিস খোলা রাখার কাগজপত্র দেখতে চাইলে মাসক-সিল্যান্ডের কর্মীরা সরকারি আদেশ ও সংশ্লিষ্ট কাগজপত্র দেখান ম্যাজিস্ট্রেটকে। তবে সরকারি প্রজ্ঞাপনে মাসক-সিল্যান্ডের নামে সুনির্দিষ্ট কাগজপত্র না পেয়ে দ্রুত কার্যালয় বন্ধের নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।
কঠোর বিধিনিষেধের সময় অফিস খোলা রাখার বিষয়টি যাচাই করার জন্য মাসক অফিসে গিয়েছিলাম। তাদের খোলা রাখার অনুমতি আছে এমন কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। যেহেতু জরুরি সেবার আওতায় খোলা রাখতে পারবে, সে জন্য কাল থেকে খোলা রাখতে কোনো বাধা নেই।আরাফাত মোহাম্মদ নোমান,নির্বাহী ম্যাজিস্ট্রেট, গুলশান রাজস্ব সার্কেল
মাসক-সিল্যান্ড ডেনমার্কভিত্তিক শিপিং কোম্পানি। বিশ্বে যত শিপিং কোম্পানি আছে, তার মধ্যে শীর্ষে রয়েছে এই কোম্পানি। বাংলাদেশেও এককভাবে সবচেয়ে বেশি পণ্য আমদানি-রপ্তানি হয় কোম্পানিটির কনটেইনারে। আবার চট্টগ্রাম থেকে ফিডার জাহাজ পরিচালনায়ও শীর্ষে রয়েছে কোম্পানিটি।
জানতে চাইলে অভিযান পরিচালনাকারী গুলশান রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত মোহাম্মদ নোমান প্রথম আলোকে বলেন, ‘কঠোর বিধিনিষেধের সময় অফিস খোলা রাখার বিষয়টি যাচাই করার জন্য মাসক অফিসে গিয়েছিলাম। তাদের খোলা রাখার অনুমতি আছে এমন কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। যেহেতু জরুরি সেবার আওতায় খোলা রাখতে পারবে, সে জন্য কাল থেকে খোলা রাখতে কোনো বাধা নেই।’
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা পেয়ে কার্যালয়টি বন্ধ করে দেন প্রতিষ্ঠানের কর্মীরা। এখন কার্যালয় খোলার বিষয়ে কোনো নির্দেশনা পাইনি আমরা।ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশন
বিষয়টি নিয়ে মাসক-সিল্যান্ডের অন্তত দুজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশন দেখছে বলে জানান তাঁরা।
বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন আহমেদ সাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা পেয়ে কার্যালয়টি বন্ধ করে দেন প্রতিষ্ঠানের কর্মীরা। এখন কার্যালয় খোলার বিষয়ে কোনো নির্দেশনা পাইনি আমরা। যদিও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এটি বন্দর–সংশ্লিষ্ট কার্যালয়ের আওতাভুক্ত। তাই খোলা রাখতে বাধা নেই।’
১৩ জুলাই কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপনে বলা হয়, বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। বন্দর সংশ্লিষ্ট অফিসের মধ্যে শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে।