সম্মাননা পেল সাত ব্যবসায়িক সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মাননা সাত ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
ছবি: বস্ত্র ও পাট মন্ত্রণালয়

জাতীয় বস্ত্র দিবসে সাত ব্যবসায়িক সংগঠনকে সম্মাননা দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। চলমান করোনাভাইরাস বিপর্যয়ের অভিঘাত থেকে বস্ত্র খাতকে রক্ষায় এই সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা পাওয়া সাত ব্যবসায়িক সংগঠন হলো তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) এবং বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাত সংগঠনের শীর্ষ নেতাদের হাতে সম্মাননা তুলে দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী, বিজিবিএর সভাপতি কাজী ইফতেখার হোসাইন প্রমুখ।

গোলাম দস্তগীর গাজী বলেন, বস্ত্র খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির জন্য সরকারি পর্যায়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ ধরনের আরও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের কাজ চলমান।

এর আগে সকালে জাতীয় বস্ত্র দিবস ২০২১ উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রা হয়। এতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বস্ত্রসচিব মো. আবদুর রউফ, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুজ্জামান, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ অংশ নেন।