সরকারের প্রকল্পের দর সমন্বয় চান নির্মাণশিল্পের ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসিআইয়ের লোগো
ছবি: সংগৃহীত

রড, সিমেন্ট, পাথর, বালু, ইট, বিটুমিন, ইলেকট্রিক্যাল কেব্‌লসহ নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সরকারি প্রকল্পের দর সমন্বয় করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, সরকারের বিভিন্ন দপ্তর সাধারণত ২০১৮ সালে প্রণীত গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) রেট শিডিউল অনুসরণ করে। তারপর নির্মাণসামগ্রীর দাম বহুবার বাড়লেও সেটি হালনাগাদ করা হয়নি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই) গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সরকারি প্রকল্পের দর সমন্বয় করার দাবি জানায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসিআইয়ের সাবেক সভাপতি শেখ মো. রফিকুল ইসলাম, বর্তমান সভাপতি সফিকুল হক তালুকদার, পরিচালক হাসান মাহমুদ, সহসভাপতি বিমল চন্দ্র রায়, উপদেষ্টা শফিকুল আল ভূঁইয়া প্রমুখ।

সমিতির সাবেক সভাপতি শেখ মো. রফিকুল ইসলাম বলেন, যেকোনো অবকাঠামো নির্মাণকাজে অন্যতম প্রধান উপাদান এমএস রড। সম্পূর্ণ কাজের মধ্যে রডের কাজের পরিমাণ ২০-২৫ শতাংশ। তবে গত এক বছরে রডের দাম বেড়েছে ৬১ শতাংশ। পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বৈদ্যুতিক সামগ্রীর দাম ৪০ থেকে ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া শ্রমিক, সুপারভাইজার ও দক্ষ জনবলের মজুরি বেড়েছে ৬০ থেকে ৭০ শতাংশ। আবার ডিজেলের দাম বেড়ে যাওয়ায় নির্মাণসামগ্রী পরিবহন ও যন্ত্রপাতি চালনার ব্যয় বেড়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের বিভিন্ন দপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনার তথ্যানুযায়ী সরকারের উন্নয়ন কর্মসূচির মাত্র ৩৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এ অবস্থা অপরিবর্তিত থাকলে এডিপি বাস্তবায়নে লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, সরকারের উন্নয়ন খাতে খরচের পরিমাণ অর্ধেক নেমে আসবে। সেটি হলে মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে আসবে। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলনে নির্মাণ খাতের ব্যবসায়ীরা বলেন, বর্তমানে সরকারের প্রকল্পের কাজ স্থায়ী দর চুক্তিতে সম্পন্ন হচ্ছে। তাই বিশেষ ব্যবস্থায় প্রজ্ঞাপন জারি করে দর সমন্বয় করে সব চুক্তিতে অন্তর্ভুক্ত করা হোক। বর্তমান বাজারদর অনুযায়ী পিডব্লিউডিসহ সব দপ্তরের রেট শিডিউল হালনাগাদ করার পাশাপাশি পানি ও বিদ্যুতের খরচ সব রেট শিডিউলে অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা।

এ ছাড়া আমদানিনির্ভর নির্মাণসামগ্রীর কাঁচামালের আমদানি শুল্ক সাময়িকভাবে স্থগিত করার দাবি জানান বিএসিআইয়ের নেতারা।