সরেজমিন গাজীপুর—২
সাত সমস্যায় ব্যবসায়ীরা, ফিরে যাচ্ছেন বিনিয়োগকারী
গাজীপুরের উন্নয়ন হচ্ছে অপরিকল্পিতভাবে। যার ফলে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে জেলাটি।
মুঠোফোন প্রস্তুতকারী ও বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি ভিভো যখন বাংলাদেশে প্রথম আসে, তখন কারখানা করতে তাদের পছন্দের জায়গা ছিল গাজীপুর। চীনভিত্তিক কোম্পানিটির নীতিনির্ধারকেরা পরে সরেজমিন ঘুরে জেলাটি সম্পর্কে ধারণা নেওয়ার পর তাঁদের পরিকল্পনা বদলে ফেলেন। কারখানা করার জন্য গাজীপুরের বদলে বেছে নেন নারায়ণগঞ্জকে।
ভিভোর কেন এমন সিদ্ধান্ত¯বদল? খোঁজ নিতে গিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় গাজীপুরের একাধিক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর। তাঁরা জানালেন, বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কারণে দীর্ঘ যানজট এবং গাজীপুর সিটি করপোরেশনের সেবা নিতে ভোগান্তি এড়াতেই বহুজাতিক কোম্পানিটি তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। আর তাতে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক কোম্পানির বিনিয়োগ হারাল গাজীপুর। এমনকি অনেক নতুন বিদেশি বিনিয়োগকারী এখন আর আগের মতো গাজীপুরে আসতে চান না। বিনিয়োগের জন্য তাঁরা অন্য জেলাকে বেছে নিচ্ছেন।
শুধু নতুন বিনিয়োগের ক্ষেত্রেই নয়, ধুলাবালু আর যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে শ্রমিকেরাও এখন গাজীপুর শহর ছাড়ছেন। তাঁরা চলে যাচ্ছেন টাঙ্গাইল বা গাজীপুরের অন্য উপজেলায়। ফলে মাস শেষে গাজীপুরের বিভিন্ন কারখানার সামনে শ্রমিক নিয়োগের বিজ্ঞাপন ঝুলছে। শ্রমিক চেয়ে মাইকিং পর্যন্ত করতে হচ্ছে কারখানার মালিকদের।
রাজধানীর কাছের জেলা হওয়ায় বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের জন্য এ জেলা ছিল সব সময়ই আকর্ষণীয়। এ কারণে কৃষিনির্ভর গাজীপুর ধীরে ধীরে শিল্পনির্ভর জেলায় পরিণত হয়েছে। বিশ্বব্যাংকের এক হিসাব অনুযায়ী, কর্মসংস্থানে দেশের শীর্ষ পাঁচ জেলার মধ্যে গাজীপুরের অবস্থান দ্বিতীয়। তবে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্পকারখানার জন্য গাজীপুর এখন শীর্ষ বায়ুদূষণকারী জেলার একটি।
গাজীপুরের শিল্পমালিক ও ব্যবসায়ীদের প্রধান সমস্যা এখন কী তা জানতে গত কয়েক দিনে কথা হয় এ এলাকার প্রতিষ্ঠিত বেশ কয়েকজন ব্যবসায়ী ও শিল্পমালিকের সঙ্গে। তাঁরা মোটাদাগে সাতটি সমস্যার কথা উল্লেখ করেছেন। এ জেলার শিল্পের গৌরব ধরে রাখতে এসব সমস্যার দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।
ব্যবসায়ীরা বলছেন, বিআরটি প্রকল্পটি এখন গাজীপুরের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পটি এক দশক ধরে চলমান। কবে এটির নির্মাণকাজ শেষ হবে, কেউ বলতে পারছেন না। এ কারণে বিআরটি প্রকল্পটি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন জেলার ব্যবসায়ী ও শিল্পমালিকেরা।
গাজীপুরের বাসিন্দা ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত রাস্তার দীর্ঘ যানজটের কারণে পোশাক কারখানার মালামাল আনা-নেওয়ায় সময়ের অপচয় যেমন হচ্ছে, তেমনি বাড়ছে পরিবহন খরচ। যাত্রীরাও চরম ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। আবার কারখানার শ্রমিকেরাও আসা-যাওয়ার পথে নানা বিড়ম্বনায় পড়ছেন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘ যানজটের কারণে পণ্য পরিবহন খরচ ৩০ শতাংশ বেড়ে গেছে। যে সুতা রাত নয়টায় আসার কথা, সে সুতা আসছে পরদিন সকাল নয়টায়। একাধিক উদ্যোক্তা জানান, গাজীপুর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে আগে ট্রাক ভাড়া ছিল সাড়ে ১৪ হাজার টাকা। এখন সেটি বেড়ে ১৮ থেকে ২০ হাজার টাকা হয়েছে।
পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন বলেন, ‘বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলেই যে গাজীপুরের অবস্থা পরিবর্তন হবে, তা মনে করি না। বরং বিআরটি না করে যদি মেট্রোরেল বা উড়ালসড়ক করা হতো, সেটি এ এলাকার জন্য অনেক বেশি কার্যকর হতো।’
ব্যবসার ক্ষেত্রে এ জেলার ব্যবসায়ীদের কাছে দ্বিতীয় প্রধান সমস্যা গাজীপুর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স দিয়ে তারপর ট্রেড লাইসেন্স নেওয়ার শর্ত। এখন ব্যবসায়ীদের ১১ থেকে ১৪ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স আর ট্রেড লাইসেন্সের জন্য ছয় হাজার টাকা মাশুল বা ফি দিতে হয়। তাই হোল্ডিং ট্যাক্স ৩ শতাংশে নামিয়ে আনতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। কিন্তু কাজ হয়নি। তা ছাড়া ট্রেড লাইসেন্স পেতে ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ীদের। লাইসেন্স পেতে গুনতে হয় উৎকোচ।
ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে এখানকার ব্যবসায়ীদের কাছে তৃতীয় সমস্যা সেবাপ্রাপ্তিতে প্রশাসনিক হয়রানি। ব্যবসায়ীরা বলছেন, সরকারি কোনো সেবা নির্ধারিত সময়ে পাওয়া যায় না। হোক সেটা গ্যাস–সংযোগ বা পরিবেশ সনদ। এখানকার শিল্পমালিকদের কাছে চতুর্থ প্রধান সমস্যা, গ্যাসসংকট। সম্প্রতি গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার অপরিকল্পিত শিল্পায়নকে পঞ্চম সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বলেন, পুরো গাজীপুরেই শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে একেবারে অপরিকল্পিতভাবে। বিদ্যুৎ সমস্যাকে ব্যবসার ক্ষেত্রে ৬ নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, বিদ্যুৎ–সংযোগ মিলছে ঠিকই। কিন্তু গাজীপুরে যেভাবে ভারী শিল্প গড়ে উঠেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরইবির বিদ্যুতে সেসব কারখানায় পূর্ণমাত্রায় উৎপাদন কার্যক্রম চালানো কঠিন হয়ে যাচ্ছে। এ ছাড়া প্রয়োজনীয় সরকারি বিভিন্ন সেবা পেতে একেক জায়গায় একেক দপ্তরে দিনের পর দিন দৌড়াতে হয়। এ ভোগান্তি থেকে বাঁচতে একই ছাদের নিচে সব সেবা বা ওয়ান–স্টপ সার্ভিস চালুর দাবি জানান ব্যবসায়ীরা।
গাজীপুর চেম্বারের সভাপতি আনোয়ার সাদাত প্রথম আলোকে বলেন, ‘গাজীপুরে অপরিকল্পিতভাবে শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায় এখন অর্থনৈতিক অঞ্চল করার জমিই পাওয়া যাচ্ছে না। তাই যত্রতত্র, যেনতেনভাবে যাতে আর শিল্পকারখানা গড়ে উঠতে না পারে, সে জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।’