সারা দেশেই আমাদের পণ্যের চাহিদা আছে

রেফ্রিজারেটরের বাজার নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইলেকট্রা ইন্টারন্যশনালের নির্বাহী পরিচালক সাহিদ আহমেদ আবদুল্লাহ। সাক্ষাৎকার নিয়েছেন মো. শফিকুল ইসলাম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিদ আহমেদ আবদুল্লাহ

প্রশ্ন :

প্রথম আলো : কোরবানির ঈদ কেন্দ্র করে ক্রেতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?

সাহিদ আহমেদ আবদুল্লাহ : ফ্রিজ বিক্রির জন্য অন্যতম ব্যস্ত মৌসুম হলো কোরবানির ঈদ। এ জন্য আমাদের আলাদা প্রস্তুতি থাকে। এবার তার ব্যতিক্রম হয়নি। আমরা দেশের সব বিক্রয়কেন্দ্রে পণ্যের পর্যাপ্ত মজুত রেখেছি। কাঙ্ক্ষিত পর্যায়ে বিক্রিও শুরু হয়েছে। এই ঈদে নতুন মডেল ও রঙের বেশ কয়েকটি ফ্রিজ বাজারে আনা হয়েছে। এর মধ্যে কালো ও কফি রঙের ফ্রিজ গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই ঈদে আমাদের বিক্রয় লক্ষ্যের ৮০ শতাংশ পূরণ করতে পারব বলে আশা করছি। ঈদ উপলক্ষে ইলেকট্রার গ্রাহকদের জন্য বিশেষ উপহারও থাকছে। আমাদের পণ্য কিনলে স্ক্র্যাচকার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড় ও বিদেশ ভ্রমণের সুযোগসহ থাকছে বিভিন্ন উপহার।

প্রশ্ন :

প্রথম আলো : দেশের বাজারে ইলেকট্রা ইন্টারন্যাশনালের অবস্থান বর্তমানে কেমন?

সাহিদ আহমেদ আবদুল্লাহ : প্রথম দিকে আমরা সব পণ্যই আমদানি করতাম। কিন্তু আমদানির ক্ষেত্রে শুল্ক ও করের বিষয় আছে। এ জন্য আমরা চেষ্টা করছি, দেশেই পুরো উৎপাদনপ্রক্রিয়া পরিচালনা করতে। এটা করা গেলে দেশীয় পণ্যের প্রসারের পাশাপাশি অনেক কর্মসংস্থানও তৈরি হবে। বর্তমানে আমরা স্যামসাং ও আলকরা—এই দুই ব্র্যান্ডের ফ্রিজ ও ফ্রিজার বিক্রি করছি। এসব পণ্যের ৭০ শতাংশ দেশে উৎপাদন হচ্ছে। বাকি ৩০ শতাংশ আমদানি করা হচ্ছে বিদেশ থেকে। সারা দেশেই আমাদের পণ্যের চাহিদা আছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে আমাদের পণ্য বিক্রি হয় বেশি।

প্রশ্ন :

প্রথম আলো : করোনা, ইউক্রেন–রাশিয়া যুদ্ধ, মূল্যস্ফীতি ও বাজেটে শুল্কারোপের কারণে দেশের রেফ্রিজারেটর খাতে কেমন প্রভাব পড়েছে?

সাহিদ আহমেদ আবদুল্লাহ : আগের চেয়ে বিক্রি বেড়েছে। করোনার কারণে গত দুই বছরে ইলেকট্রনিকস পণ্যের বিক্রি কমে গিয়েছিল। এরপর যখন এই খাত ঘুরে দাঁড়াচ্ছিল তখন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ আবার সংকট তৈরি করে। যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে চিপ, যন্ত্রাংশ ও সরবরাহ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেছে। গত কয়েক মাসে দেশে মূল্যস্ফীতির পাশাপাশি নতুন বাজেটে ফ্রিজ আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বাজারে সব ধরনের ফ্রিজের দামই কিছুটা বেড়েছে। তবে ফ্রিজের বিক্রি কমেনি। তবে যতটা প্রবৃদ্ধির প্রত্যাশিত ছিল তা হচ্ছে না।

প্রশ্ন :

প্রথম আলো : ফ্রিজের প্রযুক্তি ও দরদাম কেমন?

সাহিদ আহমেদ আবদুল্লাহ : বর্তমানে আমাদের ফ্রিজগুলোর অধিকাংশই ফ্রস্ট ধরনের। তবে কিছু ননফ্রস্টও আছে। এ ছাড়া ইনভার্টার ও নন ইনভার্টার দুই প্রযুক্তিরই ফ্রিজ আছে। ভবিষ্যতে আমরা টুইন কুলিং ও ডিজিটাল ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ নিয়ে কাজ করব। দামের দিক দিয়ে সর্বনিম্ন ১৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ফ্রিজ ও সর্বনিম্ন ২৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬৯ হাজার টাকার ফ্রিজার বিক্রি করছি আমরা।

প্রশ্ন :

প্রথম আলো : আগামী এক দশকে দেশের ফ্রিজ খাত কতটুকু সম্প্রসারিত হবে?

সাহিদ আহমেদ আবদুল্লাহ : দেশের সব এলাকা বিদ্যুতায়নের আওতায় এসেছে। তাই আমরা মনে করি, অদূর ভবিষ্যতে বাংলাদেশের যতগুলো ঘর আছে, সব ঘরেই একটি করে রেফ্রিজারেটর থাকবে। আগামী দশ বছরে ফ্রিজের বাজার বর্তমানের তুলনায় দ্বিগুণ হবে বলেই আমাদের প্রত্যাশা।