সুতা নিয়ে অস্থিরতা কাটেনি

ভারতীয় সুতা আনার ক্ষেত্রে বিরাজমান বাধা দূর করতে সরকারের বিভিন্ন দপ্তরে তদবির করছেন পোশাক ও টেরিটাওয়েল খাতের নেতারা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো

সুতা নিয়ে অস্থিরতা কাটছে না। যদিও নতুন করে পণ্যটির দাম বাড়েনি, আবার কমেওনি। তারপরও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিকল্প উৎস, বিশেষ করে ভারত থেকে সুতা আমদানির ক্ষেত্রে সব ধরনের বাধা দূর করতে সরকারের বিভিন্ন দপ্তরে তদবির করছেন রপ্তানিমুখী তৈরি পোশাক ও টেরিটাওয়েল খাতের ব্যবসায়ী নেতারা।

পোশাকের কাপড় তৈরিতে বেশি ব্যবহৃত হয় ৩০ সিঙ্গেল কাউন্ট। পোশাক খাতের ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের তুলনায় বাংলাদেশি সুতার দাম কেজিতে সব সময়ই ২০-৩০ সেন্ট বেশি থাকে। বর্তমানে সেটি ৫০ সেন্ট থেকে ১ ডলারে পৌঁছেছে। এটি অস্বাভাবিক। অবশ্য দেশীয় বস্ত্রকলমালিকদের দাবি, ভারতের সঙ্গে তাঁদের নিজস্ব মিলের সুতার দামের তফাত ২৫-৩০ সেন্টের মধ্যেই রয়েছে। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়তি। করোনাকালে কনটেইনার ভাড়াও চার–পাঁচ গুণ পর্যন্ত বেড়েছে। সে জন্যই দেশি সুতার দামে ঊর্ধ্বগতি।

সুতার দাম নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে হঠাৎ করেই মুখোমুখি অবস্থানে চলে যান পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা। পরে চাপের মুখে সমঝোতা করতে রাজি হন বস্ত্রকলমালিকেরা। ১০ আগস্ট রাতে তাঁদের সংগঠন বিটিএমএর নেতাদের সঙ্গে পোশাক ও টেরিটাওয়েল খাতের নেতাদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, নতুন করে সুতার দাম এক সেন্টও বাড়বে না। তা ছাড়া সুতার সর্বোচ্চ দাম নির্ধারণে বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিটিএলএমইএর নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের কথা বলা হয়।

বৈঠকের তিন দিন পরই কারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে বেনাপোলের পাশাপাশি অন্যান্য স্থলবন্দর, বিশেষ করে ভোমরা ও সোনামসজিদ দিয়ে বন্ড সুবিধার আওতায় সুতাসহ অন্যান্য কাঁচামাল আমদানির সুযোগ চেয়ে বাণিজ্যমন্ত্রীকে চিঠি দেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এ ছাড়া বেনাপোলসহ অন্যান্য অনুমোদিত স্থলবন্দর দিয়ে সুতা আমদানির ক্ষেত্রে একটি ক্রয়াদেশের পণ্য কয়েক ধাপে আনারও সুযোগ চান তিনি।

এর এক দিন পরই একই সুবিধাসহ ৬-২০ কাউন্টের সুতা আমদানির সুযোগ চেয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে চিঠি দেন বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) চেয়ারম্যান এম শাহাদাত হোসেন।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, বিটিএমএর নেতাদের সঙ্গে বৈঠকের পর সুতার দাম বাড়েনি। সুতার প্রোফরমা ইনভয়েসের (পিআই) মেয়াদ সাত দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, ভারতের চেয়ে বাংলাদেশের বস্ত্রকলের সুতার দাম কেজিতে সাধারণত ২০-৩০ সেন্ট থাকলেও এখন তা গড়ে ৭০ সেন্ট বেশি।

ফারুক হাসান আরও বলেন, ‘ক্রেতারা আগের চেয়ে কম লিড টাইমে ক্রয়াদেশ দিচ্ছে। অন্যদিকে বন্দরের খরচ বেড়েছে। আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য ভারত থেকে সুতা আমদানিতে অশুল্ক বাধা দূর করতে সরকারকে অনুরোধ করেছি।’
অন্যদিকে বিটিটিএলএমইএর চেয়ারম্যান এম শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘বিটিএমএর নেতাদের সঙ্গে বৈঠকের পরও সুতার দাম বাড়িয়েছে দুটি মিল। সেই তথ্যপ্রমাণ আমার কাছে রয়েছে। পাকিস্তানের একটি মিল আজ (গতকাল) ১০ সিঙ্গেল কাউন্টের প্রতি কেজি সুতার দাম অফার করেছে ১ ডলার ২১ সেন্ট। দেশীয় মিলগুলো এই সুতার দাম বলছে ১ ডলার ৮৫ সেন্ট। আর ভারতের একটি মিল ২০ রিং স্পান সুতার প্রতি কেজি দাম বলেছে ৩ ডলার ৩৪ সেন্ট, যা বাংলাদেশের বস্ত্রকলমালিকেরা চান ৪ ডলার ২৫ থেকে ৪০ সেন্ট।’

বিটিএমএর তথ্যানুযায়ী, বাংলাদেশের রপ্তানিমুখী নিট পোশাক খাতের চাহিদার ৮০ শতাংশ সুতার জোগান দেয় দেশীয় স্পিনিং মিল। ওভেন পোশাকের ক্ষেত্রে দেশীয় জোগানের হার ৩৫-৪০ শতাংশ। ২০১৯ সালে স্পিনিং মিলগুলো ৩০৬ কোটি ডলার মূল্যের ১০ লাখ টন সুতা রপ্তানিকারকদের সরবরাহ করেছে। করোনার কারণে গত বছর সেটি কমে ৫ লাখ ৬৯ টনে নামে, যার দাম ২৭৮ কোটি ডলার।

খোঁজ নিয়ে জানা যায়, সামগ্রিক পরিস্থিতিতে নিয়ে গত মঙ্গলবার স্পিনিং মিলের মালিকদের নিয়ে বৈঠক করেন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী। এতে পোশাক ও টেরিটাওয়েল খাতের ব্যবসায়ীদের সঙ্গে মিলেমিশে ব্যবসা করার বিষয়ে সবাই একমত হলেও সুতার দাম কমানোর বিষয়ে রাজি হননি স্পিনিং মিলের মালিকেরা।

জানতে চাইলে বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভারতের চেয়ে আমাদের সুতার দাম সব সময়ের মতো এখনো ২৫-৩০ সেন্ট বেশি।’ তিনি বলেন, আলোচনায় বসার পর সরকারের বিভিন্ন পর্যায়ে দুই সংগঠনের চিঠি দেওয়াটা দুঃখজনক। বিধিনিষেধ তুলে দিলে এক ট্রাকের বিপরীতে ২০ ট্রাক পণ্য চলে আসবে। এতে দেশের ক্ষতি হবে। আগামী শনি বা রোববার সব পক্ষকে নিয়ে আবার বৈঠক হবে। গত সপ্তাহের বৈঠকের পর সুতার দাম বাড়েনি। যদিও তুলার দাম পাউন্ড প্রতি ২ সেন্ট বেড়েছে। সেটিকে আমরা আমলে নিচ্ছি না।

বস্ত্রকলমালিকেরা জানান, বর্তমানে প্রতি পাউন্ড তুলার দাম কমপক্ষে ১ ডলার ৭ সেন্ট। কেজি দাঁড়ায় ২ ডলার ১৭ সেন্ট। এর সঙ্গে জাহাজভাড়া ও অপচয় যোগ হবে। তাতে প্রতি কেজি সুতা উৎপাদনে ৩ ডলারের তুলা লাগছে। তার সঙ্গে গ্যাস, শ্রমিকের মজুরি, ব্যাংকঋণের কিস্তি ও মুনাফা যোগ হয়ে সুতার দাম চার ডলার ছাড়িয়ে গেছে।