সয়াবিনে আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সয়াবিন তেল
ছবি: সংগৃহীত

ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে অর্থ মন্ত্রণালয় এবার পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে মূল্য সংযোজন কর বা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

অর্থ মন্ত্রণালয় আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানায়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত পাম তেল আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে এই পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। ফলে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত পাম তেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর এই সিদ্ধান্ত আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এনবিআর গতকাল সোমবার বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে সব ভ্যাট প্রত্যাহার করে। বর্তমানে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট রয়েছে। পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে ভ্যাট অব্যাহতি আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

অবশ্য আমদানি পর্যায়ে ভোজ্যতেল আমদানিতে ভ্যাট রয়ে যাওয়ায় গতকাল ব্যবসায়ীরা জানান, ভোজ্যতেলের দাম এতে এক থেকে দেড় টাকা কমতে পারে, এর বেশি নয়।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ও গতকালের এনবিআরের প্রজ্ঞাপনটিকে ইতিবাচকভাবে দেখেনি। প্রজ্ঞাপন জারির পরপরই গতকাল এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন পবিত্র রমজান ও মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে শুধু উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে নয়, আমদানিসহ ভোজ্যতেলের ক্ষেত্রে সব পর্যায়েই ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করা হয় চিঠিতে। ভোজ্যতেল বলতে অপরিশোধিত সয়াবিন, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল এবং পাম ওলিনকে বোঝানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হারে বাড়ায় দেশীয় বাজারেও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেল মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে হলে সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখতে হবে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের যে দাম, স্থানীয় কারখানায় পরিশোধিত হয়ে এগুলো বাজারে ঢুকলে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

চিঠিতে ১৩ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সব পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের যে সিদ্ধান্ত হয়, তা-ও এনবিআর চেয়ারম্যানকে মনে করিয়ে দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের চাহিদা তিন লাখ টনের কাছাকাছি। স্থানীয় উৎপাদন হয় দুই লাখ টন, বাকি ১৮ লাখ টনই আমদানি করতে হয়।

ভোজ্যতেল বিপণনকারী শীর্ষস্থানীয় কোম্পানি টিকে গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস) মো. শফিউল আতহার তাসলিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তাতে দামের ওপর কোনো প্রভাব পড়বে না। বড়জোর এক টাকা কমতে পারে। তবে প্রজ্ঞাপন জারির পর থেকে মানুষের প্রশ্নের জবাব দিতে দিতে আমাদের জান শেষ। দরকার ছিল আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের।’ আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহার হলে প্রতি লিটারে দাম কত কমবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন ২০ টাকার মতো কমতে পারে।