আজও সূচক কমছে শেয়ারবাজারে
সূচকের পতনে আজও লেনদেন চলছে দেশের দুই শেয়ারবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বেলা ১টা নাগাদ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২৮ পয়েন্ট।
গতকাল রোববারও ডিএসইতে সূচকের বেশ বড় দরপতন হয়। লেনদেন শেষে ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৮৫৮ পয়েন্টে। মোট লেনদেন হয় ৮৭৫ কোটি ১০ লাখ টাকা।
আজও ডিএসইতে লেনদেনের গতি কম। বেলা ১টা নাগাদ ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৬৮ লাখ টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির দর। এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—ইস্টল্যান্ড, সন্ধানী ইনস্যুরেন্স, ওয়ালটন হাইটেক, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বিডি ফাইন্যান্স, রুপালি ইনস্যুরেন্স, নর্দান ইনস্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও পূরবী জেনারেল ইনস্যুরেন্স।
অপরদিকে সিএসইতে বেলা ১টা নাগাদ হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত আছে ২৪টির দর।