বিশ্বকাপ এলে নাইকি ও অ্যাডিডাসের শেয়ারদর বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল মানে অ্যাডিডাস ও নাইকির মতো ক্রীড়া উপকরণ প্রস্তুতকারকদের জন্য পোয়াবারো। ৩২ দলের খেলোয়াড়দের নামাঙ্কিত জার্সি, ফুটবল ও বুট দেদার বিক্রি হবে—এমনটি প্রত্যাশা।

দলের নৈপুণ্যের সঙ্গে এসব কোম্পানির ব্যবসার সম্পর্ক আছে। ২০১৮ সালের বিশ্বকাপে ২০১৪ সালের চ্যাম্পিয়ন দল জার্মানি শুরুতে বাদ পড়ে যায়। এতে কপাল পোড়ে জার্মান দলের উপকরণ সরবরাহকারী কোম্পানি অ্যাডিডাসের। তখন তাদের শেয়ারের দাম পড়ে যায় ৬ শতাংশ। আবার চ্যাম্পিয়ন দল ফ্রান্সের উপকরণ সরবরাহকারী নাইকির শেয়ারের দাম বৃদ্ধি পায় ৪ শতাংশ।

আরও পড়ুন

বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে অ্যাডিডাস জানায়, চলতি বিশ্বকাপে তারা ৪১ কোটি ৫০ লাখ ডলারের ক্রীড়া উপকরণ বিক্রি করবে বলে প্রত্যাশা। এতে তাদের অতিরিক্ত ২ শতাংশ বার্ষিক রাজস্ব আয় হবে। কোম্পানির মুখপাত্র বার্তা সংস্থাকে জানায়, এ বছর মেক্সিকোর জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে নাইকির সঙ্গে যোগাযোগ করা হলে তারা রয়টার্সের সঙ্গে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করে।

ফুটবল উপকরণ বিক্রি করে যে অ্যাডিডাস ও নাইকির মতো কোম্পানির বিপুল রাজস্ব আয় হয়, তা নয়। বিশ্বকাপের হাইপ ও জার্সি বিক্রি তাদের ব্যবসায় হাওয়া দেয়। এতে তাদের অন্যান্য উপকরণ বিক্রি বৃদ্ধি পায় বলে বিশ্লেষকেরা মনে করেন।

আরও পড়ুন

এবারের বিশ্বকাপে ১৩ দলের জার্সি সরবরাহ করছে নাইকি, যার মধ্যে আছে ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। এবার তারা জার্সি সরবরাহের ক্ষেত্রে অ্যাডিডাসকে ছাড়িয়ে গেছে। সাতটি দল অ্যাডিডাসের জার্সিতে খেলছে, যেমন জার্মানি, স্পেন ও আর্জেন্টিনা। ছয় দল খেলছে পুমার জার্সিতে।

বিশ্বকাপের তৃতীয় সপ্তাহে নাইকির জার্সি পরিহিত দলগুলো পেয়েছে মোট ২২ পয়েন্ট, অ্যাডিডাসের জার্সি পরিহিত দলগুলো পেয়েছে ১১ আর পুমার জার্সি পরিহিত দলগুলো পেয়েছে ৮ পয়েন্ট।

আরও পড়ুন

এর বিপরীতে দেখা যাচ্ছে, নাইকির শেয়ারদর বেড়েছে ১ শতাংশ এবং অ্যাডিডাস ও পুমার শেয়ারদর বেড়েছে যথাক্রমে ৩ দশমিক ৮ ও ৩ শতাংশ।

এবার জুয়াড়িদের চোখে বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার হচ্ছে নাইকির জার্সি পরিহিত ব্রাজিল।

আরও পড়ুন