বিআইডিএসের সম্মেলন
কিছু ব্যবসায়ী বিদেশে অর্থ পাচার করেন, ব্যাংকের ঋণ ফেরত দেন না
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা অর্থ পাচার, ব্যাংকের সুদের হার, ডলার–সংকট, উচ্চ মূল্যস্ফীতি, আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ও শর্ত নিয়ে।
আলোচনায় যা এসেছে
১ লাখ ডলারের গাড়ি ১০ হাজার ডলার এলসি, বাকিটা হুন্ডিতে পরিশোধ।
সংস্কার ছাড়া আইএমএফের কর্মসূচির মাধ্যমে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে না।
বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারনির্ভর হওয়া উচিত।
গুলশানের ধনীদের তথ্য পেলে বৈষম্যের প্রকৃত চিত্র বেশি বোঝা যেত।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, কিছু বড় শিল্প গ্রুপের মুনাফা অর্জনকারী শিল্পপ্রতিষ্ঠান থাকলেও তারা ব্যাংকের ঋণ পরিশোধ না করে খেলাপি হয়ে যায়। এর একটা কারণ, অবৈধভাবে বিদেশে মুনাফা পাচার। এ ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে বারবার ঋণ পুনঃ তফসিলকরণ, সুদ মওকুফ ইত্যাদি সুবিধা দিতে হয়। তিনি এর পরিবর্তে আর্থিক সহায়তা হিসেবে ওই প্রতিষ্ঠানের শেয়ার সরকারকে কিনে নেওয়ার পরামর্শ দেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উন্নয়ন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের মূল প্রবন্ধে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন। রাজধানীর লেকশোর হোটেলে তিন দিনব্যাপী এই সম্মেলন চলছে। উদ্বোধনী অধিবেশনে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে টাকা পাচারের কথাও বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণার কিছু উদাহরণ দেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এক লাখ ডলারের মার্সিডিজ বেঞ্জ গাড়ি মাত্র ২০ হাজার ডলারে আমদানির ঋণপত্র খোলা হয়েছে। বাকি অর্থ হুন্ডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ব্যাংক খাতের সুদের হার ১১-১২ শতাংশের করা যায় কি না, ভেবে দেখা উচিত।শামসুল আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী
আবার আমদানি করা বিভিন্ন পণ্যে ২০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত ওভার ইনভয়েস (আমদানিমূল্য বাড়িয়ে দেখানো) হয়েছে। গত জুলাই মাসে এমন আশ্চর্যজনক প্রায় ১০০টি ঋণপত্র বন্ধ করা হয়েছে। বৈদেশিক বাণিজ্যে পণ্যের দাম কম বা বেশি দেখিয়ে আমদানি নিয়ন্ত্রণ করতে পারলে ‘ট্রেড বেজড মানি লন্ডারিং’ বন্ধ করা সম্ভব।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) অর্থ পাচার নিয়ে প্রতিবেদনে বলেছে, আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে মূল্য কমবেশি দেখিয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৪ হাজার ৯৬৫ কোটি ডলার পাচার হয়েছে। প্রতিবছর গড়ে ৭৫ হাজার কোটি টাকা এভাবে পাচার হয়। জিএফআই বলেছে, বাংলাদেশের সঙ্গে অন্য দেশের যত আমদানি-রপ্তানি হয়, এর মধ্যে ১৭ দশমিক ৩ শতাংশ পণ্যের ক্ষেত্রে মূল্য ঘোষণায় গরমিল থাকে।
টাকা পাচার ছাড়াও বিআইডিএসের অনুষ্ঠানে ব্যাংকে সুদের হার, ডলার–সংকট, উচ্চ মূল্যস্ফীতি, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতার অভাব, আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ও শর্ত—এসব নিয়েও আলোচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন।
ঋণে ৯ শতাংশ সুদের হার সীমা সমন্বয় করার এখন ভালো সময় নয়।আব্দুর রউফ তালুকদার, গভর্নর, বাংলাদেশ ব্যাংক
দুই নীতিনির্ধারকের দুই মত: সুদের হার বিশেষ করে ‘নয়-ছয়’ ব্যবস্থার বিষয়টিও উঠে আসে উদ্বোধনী অনুষ্ঠানে। সরকারের দুই নীতিনির্ধারক সুদের হার সমন্বয় নিয়ে দুই রকম মত দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ব্যাংক খাতের সুদের হার ১১-১২ শতাংশের করা যায় কি না, ভেবে দেখা উচিত। কারণ, মূল্যস্ফীতি এখন ৮ শতাংশের বেশি। এতে ভোক্তা বা আমানতকারীদের ভোগান্তি বাড়ছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার তাঁর বক্তব্যে বলেন, মেয়াদি ও চলতি মূলধন ঋণে ৯ শতাংশ সুদের হার সীমা সমন্বয় করার এখন ‘ভালো’ সময় নয়। অন্য যেকোনো সুবিধাজনক সময়ে এটি করা যেত পারে।
আইএমএফের ঋণ নিয়ে: উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ। মূল প্রবন্ধে বলা হয়, আইএমএফের সঙ্গে ঋণ আলোচনায় কী ধরনের নীতি সংস্কার করতে হবে, তা এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। মোটাদাগে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, তা হলো বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার ব্যবস্থা; সুদের হারের ‘নয়-ছয়’ নীতি বাতিল, ঋণের সুদের হার বাড়ানো এবং কর আদায়ে জোরদার পদক্ষেপ নেওয়া, ভর্তুকি হ্রাস এবং স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা বরাদ্দ বৃদ্ধি।
মূল প্রবন্ধে আরও বলা হয়, আইএমএফের সঙ্গে ঋণচুক্তি শুধু আগামী তিন বছরে ৪০০-৫০০ কোটি ডলার নেওয়ার বিষয় নয়; কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন, যদিও তা সরকারের জন্য বাস্তবায়ন কঠিন। এ ধরনের সংস্কার ছাড়া আইএমএফের কর্মসূচির মাধ্যমে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব না–ও হতে পারে। এ অঞ্চলে আইএমএফের ঋণ নিয়ে সংস্কার করার উদাহরণ হলো ভারত। ভারতের সাবেক অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের (পরে প্রধানমন্ত্রী হন) আমলে ১৯৯১ থেকে ১৯৯৩ সালে আইএমএফের সঙ্গে এ ধরনের কর্মসূচিতে যায় দেশটি। সংস্কার করে ভারত নিয়ন্ত্রণমূলক বাজার অর্থনীতি থেকে অর্থনীতিতে আধুনিকায়ন আনে। এরপর ভারতকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আইএমএফের ঋণ কর্মসূচির আর প্রয়োজনও পড়েনি।
মূল্যস্ফীতি গণনা নিয়ে: অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, তিন মাস ধরে মূল্যস্ফীতি কমছে। সামনে আরও কমবে। অনেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু আমরা বিবিএস, বিআইডিএসের ওপর আস্থা রাখি। প্রশ্ন উঠে, এত কম কর-জিডিপি নিয়ে ৭-৮ শতাংশ প্রবৃদ্ধি কীভাবে অর্জন করলাম? নিশ্চয় এমন কোনো খাত আছে, যা এত কম কর-জিডিপি অনুপাতকে পুষিয়ে দিচ্ছে।
উচ্চ মূল্যস্ফীতি সম্পর্কে আরেকটি ব্যাখ্যা দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, মুদ্রা সরবরাহ বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি হয়নি। আমদানিমূল্য বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়েছে। যেমন চাহিদার শতভাগ জ্বালানি তেল, ৯০ শতাংশ আটা আমদানি করতে হয়। আমরা চাহিদাকে কমাতে চাই।
আমদানিতে নিষেধাজ্ঞা নেই: আমদানি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। সঠিক মূল্যে ঋণপত্র খুললে সবাই আমদানি করতে পারবেন। কোনোভাবে আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে না। ৩০-৩৫টি বিলাসী পণ্য আছে, যা আমদানি না করলেই হয়—এমন কিছু পণ্যে শুল্ক-কর বাড়ানো হয়েছে। এলসি মার্জিন বাড়ানো হয়েছে।
ডলারের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে আব্দুর রউফ তালুকদার বলেন, ‘বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারনির্ভর হওয়া উচিত। তাই এখন বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এ কারণে ১২১ টাকার ডলার ১১০ টাকায় পাওয়া যাচ্ছে। আর আমদানি পর্যায়ে ডলারের দর এখন ১০৩-১০৪ টাকা। কয়েক মাস আগেও এটি অনেক বেশি ছিল। এখন ধীরে ধীরে ডলারের বাজার নিয়ন্ত্রণে আসছে।
দেশে বৈষম্য বাড়ছে: গতকালের দ্বিতীয় অধিবেশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ‘উন্নয়নশীল দেশের গণতান্ত্রিক সমাজতন্ত্র: একটি রূপরেখা’ শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এ অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেন, ‘দেশে আয়বৈষম্য বাড়ছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বৈষম্যের দেশে আছি আমরা। বিবিএস কখনো গুলশানের কোনো বাড়িতে খানা আয় ও ব্যয় জরিপ করে না। গুলশানের ধনীদের জীবনযাত্রার চিত্র পাওয়া গেলে বৈষম্যের প্রকৃত অবস্থা আরও বেশি বোঝা যেত।’
গণতান্ত্রিক সমাজতন্ত্র সম্পর্কে রেহমান সোবহানের মত হলো গণতান্ত্রিক ব্যবস্থায় সবার সমান সুযোগ থাকবে। বাজার সুবিধা, সম্পদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসুবিধা ধনী-গরিব সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য ক্ষমতাসীন সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে ন্যায্য সমাজ গড়ে তুলতে হবে।
রেহমান সোবহান বলেন, রাজনৈতিকভাবে শক্তিশালীরা ক্ষমতা ও সম্পদ দুটোই আয়ত্তে রাখেন। সংসদ সদস্যদের ৮০ শতাংশ ব্যবসায়ী। ইউনিয়ন পর্যায়েও একই অবস্থা। এ ধরনের বৈষম্যমূলক সমাজ বৈষম্যমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো দিন দিন দুর্বল হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান সেই স্থান নিয়েছে। নায্যতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক পরিবেশ দরকার; যেখানে বৈষম্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ তাঁর মূল প্রবন্ধে বলেন, বাজার অর্থনীতি ও ব্যক্তি উদ্যোগের অন্তর্নিহিত শক্তি অস্বীকারের উপায় নেই। একই সঙ্গে কিছু মানুষের হাতে এত সম্পদ কেন্দ্রীভূত হতে দেওয়া যাবে না, এতে সামাজিক ও রাজনৈতিক কাঠামোর ভারসাম্য নষ্ট হয় এবং জনকল্যাণমুখী নীতি প্রবর্তনের প্রতিবন্ধকতা তৈরি হয়। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ব্যবস্থার জন্য রাজনৈতিক বিপ্লবের প্রয়োজন নেই। এ ব্যবস্থা বাজার অর্থনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ। এ জন্য দরকার গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক অঙ্গীকার ও জনসমর্থন।
বিনায়ক সেন বলেন, প্রচলিত সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ব্যর্থ হয়েছে। আবার মুক্তবাজার অর্থনীতি