টানা কয়েক দিন বৃদ্ধির পর আজ বিশ্ববাজারে কমল সোনার দাম
বিশ্ববাজারে টানা কয়েক দিন বৃদ্ধির পর আজ মঙ্গলবার সোনার দাম কিছুটা কমেছে। সোমবার যুক্তরাষ্ট্রের বাজারে সোনার দাম ২ শতাংশের বেশি বেড়েছিল, গত তিন সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। কিন্তু আজ মঙ্গলবার সোনার স্পট মূল্য প্রায় ১ শতাংশ কমে যায়।
সোমবার সোনার দাম ছিল আউন্সপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ২৩০ ডলার। আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সোনার দাম ১ দশমিক শূন্য ৫ শতাংশ কমে ৫ হাজার ১৭৬ ডলারে নেমে এসেছে। খবর রয়টার্স কমোডিটি মার্কেটের।
বিষয়টি হলো, যখনই অনিশ্চয়তা বাড়ে, তখনই বাড়তে শুরু করে সোনার দাম। বিনিয়োগের নিরাপদ খাত হিসেবে পরিচিত সোনায় বিনিয়োগ বাড়াতে থাকেন বিনিয়োগকারীরা। ফলে ঊর্ধ্বমুখী হয় সোনা। ঠিক তেমনই দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে।
সম্প্রতি জরুরি আইন ব্যবহার করে ট্রাম্প যে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, সুপ্রিম কোর্ট তা অবৈধ ঘোষণা করেছে। কিন্তু ট্রাম্প তো দমে যাওয়ার পাত্র নন। শুল্ক নিয়ে আবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই আবহেই সোনার দামের ওপর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর আবহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বাজারে। এক বছর ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী। ২০২৫ সালে সোনার স্পট মূল্য বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। ২০২৫ সালের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি প্রায় ২ হাজার ৮০০ ডলার। বছরের শেষে তা ৪ হাজার ৩০০ ডলারের কাছাকাছি চলে যায়।
এরপর চলতি বছরের শুরুতে সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে যায়। ২৯ জানুয়ারি বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্ট। এটাই ইতিহাসের সোনার সর্বোচ্চ দাম। ভবিষ্যতে সোনার দাম আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। এপ্রিলে ইউএস গোল্ড ফিউচারের সরবরাহ ২ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ২১৯ ডলার প্রতি আউন্স। একই সঙ্গে রুপার দামও অনেকটা বেড়েছে।
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে নানা অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা চলছে। আজ সোনার দামে কিছুটা সংশোধন হলেও চলতি বছর সোনার মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।
সোনার দাম কত হতে পারে
লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলএমবিএ) বার্ষিক পূর্বাভাস জরিপে বিশ্লেষকেরা বলছেন, ২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দাম হতে পারে ৪ হাজার ৭৪২ ডলার।
বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসও পূর্বাভাস বৃদ্ধি করেছে। তারা বলেছে, ২০২৬ সালের ডিসেম্বরে সোনার দাম ৫ হাজার ৪০০ ডলারে উঠতে পারে। এর আগে তাদের পূর্বাভাস ছিল ৪ হাজার ৯০০ ডলার।
স্বাধীন বিশ্লেষক রস নরম্যান মনে করেন, চলতি বছর সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দামের ক্ষেত্রে তাঁর পূর্বাভাস ৫ হাজার ৩৭৫ ডলার। রস নরম্যান বলেন, এই মুহূর্তে একমাত্র নিশ্চিত বিষয় হলো অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাই সোনার পালে হাওয়া দিচ্ছে।