বেজোস–ইলনদের করতথ্য ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেফ বেজোস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেটসহ বিশ্বের শীর্ষ ধনীদের করতথ্য হাতে পেয়েছে মার্কিন নিউজ ওয়েবসাইট প্রপাবলিকা। প্রপাবলিকা দাবি করেছে, তারা জেফ বেজোস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেটসহ বিশ্বের কিছু ধনী ব্যক্তির কর রিটার্নের তথ্য দেখেছে। তারা দেখেছে, মার্কিন শতকোটিপতিরা কত সামান্য আয়কর দেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়েবসাইটটির অভিযোগ, আমাজনের জেফ বেজোস ২০০৭ ও ২০১১ সালে কোনো কর প্রদান করেননি এবং টেসলার ইলন মাস্ক ২০১৮ সালে কিছুই প্রদান করেননি।
তবে এ তথ্য ফাঁসের বিষয়টিকে বেআইনি বলছে হোয়াইট হাউসের মুখপাত্র। ইতিমধ্যে এফবিআই ও কর কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত শুরু করেছে।

তবে প্রপাবলিকা বলছে, তারা বিলিয়নিয়ারদের করের ওপর অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা তথ্যের বিশাল সম্ভার বিশ্লেষণ করছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বিশদ তথ্য প্রকাশ করবে।

প্রপাবলিকা বলছে, ধনী ২৫ আমেরিকান বেশির ভাগ মূলধারার মার্কিন কর্মীদের তুলনায় কম কর দেন। সমন্বিত মোট আয়ের ওপর গড়ে ১৫ দশমিক ৮ শতাংশের মতো।

ওয়েবসাইটটি বলছে, ‘পুরোপুরি আইনি শুল্ক কৌশল’ ব্যবহার করে, বেশির ভাগ ধনী ব্যক্তিরা তাঁদের ফেডারেল কর সংকুচিত করতে সক্ষম হয়েছেন। এমনকি গত কয়েক বছরে তাঁদের সম্পদ আরও বাড়ার পরেও।

ধনী ব্যক্তিরা দাতব্য অনুদান এবং আয়ের চেয়ে বিনিয়োগের বেশি দেখিয়ে কর কমান। প্রপাবলিকা ফোর্বস থেকে পাওয়া ডেটা ব্যবহার করেছে। তারা দেখেছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৫ ধনী ব্যক্তির সম্পদ সম্মিলিতভাবে ৪০১ বিলিয়ন ডলার বেড়েছে। তবে তারা এই বছরগুলোয় আয়কর হিসেবে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়েছেন।

আরও পড়ুন

এদিকে এমন এক সময়ে এ তথ্য ফাঁসের বিষয় সামনে এল, যখন ধনীদের ওপর কর বাড়ানোর বিষয়ে সব উন্নত বিশ্বই সরব অবস্থান নিয়েছে। সম্প্রতি জি-৭ ভুক্ত দেশগুলোর এক বৈঠকে অর্থমন্ত্রীরা বহুজাতিক জায়ান্ট প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরও বেশি কর আরোপ করার চুক্তিতে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সমর্থন করে বহুজাতিক করপোরেশনগুলোর আয়ের ওপর কমপক্ষে ১৫ শতাংশ কর আরোপ করার কথা বলা হচ্ছে।