সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা নয় প্রান্তিকে নীতি সুদের হার অপরিবর্তিত রাখল ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। আগের আট প্রান্তিকের মতো আগামী জানুয়ারি-মার্চ প্রান্তিকের জন্য নীতি সুদের হার থাকবে ৪ শতাংশ।

ভারতের বাজারে নানা ধরনের আলোচনা ছিল। প্রবৃদ্ধির চাকায় গতি বাড়াতে স্থিতাবস্থা, নাকি মূল্যস্ফীতিতে লাগাম পরাতে সুদবৃদ্ধি, ঋণনীতিতে রিজার্ভ ব্যাংক কোন কৌশল নেবে, তা নিয়ে জল্পনা চলছিল। তবে শেষ পর্যন্ত মধ্যপথেই হাঁটল আরবিআই। সুদের হার অপরিবর্তিতই রাখল।

চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাসও ৯ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত রাখল তারা। তারা বলছে, মহামারির পরে জাতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে ঠিকই, কিন্তু তা এখনো যথেষ্ট গতি পায়নি। বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিরূপ ঘটনার প্রভাব থেকে বের হয়ে আসার শক্তি এখনো সঞ্চয় করতে পারেনি ভারতীয় অর্থনীতি। ফলে ঝুঁকি কিছুটা থেকেই যাচ্ছে। আর করোনার অমিক্রন ধরনকে কারণ হিসেবে দেখিয়ে প্রবৃদ্ধির পূর্বাভাস সরাসরি ছাঁটাই করেছে ফিচ রেটিংস।

ভারতের রেপো রেট (যে সুদে স্বল্প মেয়াদে বাণিজ্যিক ব্যাংককে রিজার্ভ ব্যাংক ঋণ দেয়) ও রিভার্স রেপো রেট (যে সুদে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে শীর্ষ ব্যাংক স্বল্প মেয়াদে ঋণ নেয়) এই মুহূর্তে ঐতিহাসিকভাবে কম। তবে বাজার থেকে অতিরিক্ত নগদের একাংশ তুলে নিতে কিছু কৌশল নিয়েছে আরবিআই। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতিকে স্বাগত জানিয়েছে ব্যাংকিং, আবাসনসহ বিভিন্ন খাত। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মূল্যস্ফীতি এভাবে বাড়তি থাকলে আগামী বছর সুদের হার বৃদ্ধি কার্যত অবশ্যম্ভাবী।

আরও পড়ুন

বুধবার ঋণনীতি ঘোষণার পর রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, করোনার পরে অর্থনীতির উন্নতি হচ্ছে, বাড়ছে চাহিদা ও বিক্রি। তবে তাঁর বক্তব্য, আর্থিক কর্মকাণ্ড বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিতে কিছুটা শিথিলতাও থেকে গেছে। মানুষের কেনাকাটা এখনো করোনার আগের অবস্থায় পৌঁছাতে পারেনি। অর্থনীতিকে সামগ্রিকভাবে ঘুরিয়ে দাঁড় করাতে এবং দীর্ঘ মেয়াদে তা বজায় রাখতে এখনো নীতিসহায়তা প্রয়োজন। তিনি আরও বলেন, কোনো কোনো ক্ষেত্রে চাহিদা এতটা কম যে কোম্পানিগুলো তাদের পূর্ণ অবকাঠামো কাজে লাগিয়ে উৎপাদনের ঝুঁকি নিতে পারছে না। কমছে ব্যাংক থেকে ঋণ নেওয়া। এসব কারণেই প্রবৃদ্ধির পালে হাওয়া দিতে সুদের হার স্থির রাখতে সহমত হয়েছেন আরবিআইয়ের ঋণনীতি কমিটির ছয় সদস্য। অন্যদিকে ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের পরে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ালেও তার গতি প্রত্যাশার তুলনায় কম। দেশের এক-তৃতীয়াংশের কম মানুষের পূর্ণ ডোজ টিকা পেয়েছেন। ফলে অমিক্রন সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস ৮ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৪ শতাংশ করেছে তারা।

পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পরিবর্তনশীল রিভার্স রেপো রেটে ব্যাংকের হাতে থাকা অতিরিক্ত নগদ তুলে নেওয়ার হার আরও বাড়ানোর কথাও জানিয়েছে শীর্ষ ব্যাংক।

আরও পড়ুন

ভারতের বাজারে চাহিদার অবস্থা যে খারাপ, তার আরেকটি নজির হচ্ছে নভেম্বর মাসে গাড়ি বিক্রি কমে যাওয়া। দীপাবলি, বিয়ের মৌসুম—সবই ছিল নভেম্বরে। সাধারণত এসব উৎসব উপলক্ষে গাড়ির চাহিদা বাড়ে। কিন্তু সেই চিত্র দেখা গেল না গত মাসে। উল্টো এ সময়ে ভারতের বিক্রয়কেন্দ্রগুলোতে হোঁচট খেল গাড়ি বিক্রি। বুধবার ভারতের গাড়ি পরিবেশকদের সংগঠন ফাডা বিক্রির হিসাব প্রকাশ করেছে। তথ্যানুসারে, গত বছর নভেম্বর মাসের তুলনায় এবার নভেম্বরে সার্বিক গাড়ি বিক্রি কমেছে প্রায় ৩ শতাংশ। আর ২০১৯ সালের নভেম্বরের চেয়ে তা প্রায় ২০ শতাংশ কম। ফাডা নিজ সদস্যদের মধ্যে যে সমীক্ষা চালিয়েছে, তাতে অধিকাংশ পরিবেশকই মনে করছেন, ডিসেম্বর মাসেও বিক্রি একইভাবে কমবে নয়তো অপরিবর্তিত থাকবে।