অবশেষে হাউজ্যাট গেমসের যাত্রা শুরু
অবশেষে মোবাইলে বাংলাদেশি ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট: মুশি দ্য ডিপেন্ডেবল’ খেলা যাচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করতে পারছেন আগ্রহী ব্যক্তিরা।
‘হাউজ্যাট’ নামের এই মোবাইল গেমিং অ্যাপ নিয়ে এসেছে কেপিসি এন্টারপ্রাইজ ও টারটল সলিউশনস। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগের এই স্টার্টআপের সঙ্গে অংশীদার হিসেবে দুই বছরের জন্য যুক্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি এই মোবাইল গেমসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।
১ অক্টোবর রাজধানীর একটি হোটেলে গেমিং অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও ক্রিকেটার মুশফিকুর রহিম। কেপিসি ও টারটলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান বলেন, বর্তমানে জেনারেল বা সাধারণ মোডে গেমসটি খেলা যাবে। পরবর্তী সময়ে প্রীতি ম্যাচ বা টুর্নামেন্ট যুক্ত হবে। গেমাররা চাইলে সেটি সরাসরি নিজের ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হবে।
টারটল সলিউশনসের চেয়ারম্যান খান রিফাত সালাম বলেন, গেমসটি খেলতে দুই জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ভার্সন ৭.০–এর মোবাইল ফোন লাগবে। শিগগিরই গেমসটির আপডেট ভার্সন আসবে। সেখানে অনেক আকর্ষণীয় ফিচার থাকবে।
কেপিসি ও টারটল জানায়, আগামী বছরের শুরুতে আইওএস ভার্সন আসবে। আর অ্যাপটির প্রথম এক লাখ ডাউনলোডকারীর মধ্যে ১০০ জনকে লটারির মাধ্যমে হাউজ্যাট জার্সি উপহার দেওয়া হবে।
দুই উদ্যোক্তা গত মাসে জানান, দুই থেকে আড়াই বছরের চেষ্টার ফসল এই মোবাইল গেমস অ্যাপ। তবে মূল কাজ শুরু হয় গত মে মাসে। আটজন তরুণ প্রোগ্রামার গেমসটির প্রোগ্রামিংয়ের কাজ করেছেন। সব মিলিয়ে উদ্যোগটিতে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ৬০ লাখ টাকা, যা ভবিষ্যতে বাড়বে।
এর আগে ‘হাউজ্যাট: মুশি দ্য ডিপেন্ডেবল’ মোবাইল গেমসটির একটি বেটা ভার্সন পরীক্ষামূলকভাবে ছাড়া হয়েছিল, যা এক সপ্তাহে ৫০ লাখ বার দেখা হয়েছে। তার মধ্যে ৩০ শতাংশ ছিল ভারতীয় গ্রাহক। বাকিরা বাংলাদেশের। সেই ধারাবাহিকতায় হাউজ্যাটের পূর্ণাঙ্গ ভার্সন আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই ২৫ লাখ থেকে ৩০ লাখ গ্রাহক পাওয়ার প্রত্যাশা দুই উদ্যোক্তার।
গেমসটিতে তিনটি মডিউল রয়েছে। সেগুলো হচ্ছে জেনারেল, মাল্টি প্লেয়ার ও লিজেন্ডারি মোড। এর মধ্যে ১২ অক্টোবর থেকে প্রথম জেনারেল মোডে খেলা যাচ্ছে। এ ক্ষেত্রে পছন্দের টুর্নামেন্ট ও স্টেডিয়াম বাছাই করা যায়। টস থেকে শুরু করে রিভিউ, থার্ড আম্পায়ারের সিদ্ধান্তসহ ক্রিকেট খেলার প্রায় সব নিয়মই রয়েছে। পরে ধাপে ধাপে অন্যান্য মোডেও খেলা যাবে। টুর্নামেন্ট জিতলে কিংবা সর্বোচ্চ রান করলে মুশফিকের জার্সি, মুশফিকের অটোগ্রাফ–সংবলিত ব্যাট ইত্যাদি পুরস্কার পাবেন গ্রাহকেরা। তবে উদ্যোক্তাদের মূল আয়ের উৎস হবে স্পনসরশিপ। ক্রিকেট স্টেডিয়ামের যেমন বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন থাকে, গেমসটির মাঠেও তেমন থাকবে।