জীবনযাত্রার যে খরচ দেখাতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই করোনার সময়ে প্রায় সব সময় চোখ থাকে টিভিতে। টিভি চ্যানেল থেকে করোনার হালনাগাদ তথ্যের পাশাপাশি অন্যান্য খবর পাওয়া যায়। মাস শেষে পাড়ার স্যাটেলাইট চ্যানেল অপারেটরদের বিল দিতে হয়। নিজের একটি গাড়ি আছে, মাস শেষে ড্রাইভারের বেতন দিতে হয়। আবার ময়লা অপসারণের বিলও আছে। এমন ছোটখাটো সব হিসাবই রাখতে হবে। এমনকি বাসার গৃহকর্মীর বেতন-ভাতার হিসাবও বাদ যাবে না। কারণ, বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্নে জীবনযাত্রার খরচগুলো দেখাতে হবে।

আপনার করযোগ্য আয় থাকলেই অর্থাৎ তিন লাখ টাকার বেশি আয় হলেই সাধারণ রিটার্নের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। তবে কোম্পানির পরিচালক হলে আপনার আয় যা-ই হোক না কেন, খরচ বিবরণী জমা দিতেই হবে। কোম্পানি পরিচালকদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। এ বছর বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। কিন্তু জীবনযাত্রার খরচ দেখানোর জন্য আয়সীমার কোনো পরিবর্তন করা হয়নি। তাই যাঁদের কর বসবে, সবাইকে জীবনযাত্রার খরচ দেখাতে হবে।

আরও পড়ুন

জীবনযাত্রার ব্যয় কেন দিতে হয়, এর পেছনে কারণ আছে। আপনি কতটা ধনী, আপনি কত আয় করেন, কত খরচ করেন, আপনার সামাজিক অবস্থান কী—সেটা দেখতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আপনার বৈধ আয়ের সঙ্গে আপনার জীবনযাত্রার মিল আছে কি না, তা দেখতে চান কর কর্মকর্তারা। আয়কর বিবরণী ফরমের সঙ্গে থাকা আইটি-১০ বিবি ২০১৬ ফরমের মাধ্যমে জীবনযাত্রার খরচ দিতে হয়। এনবিআরের ওয়েবসাইটে ফরমটি নেই। তবে কর অঞ্চলে ছাপা ফরম আছে। এক মাস সময় বাড়ানোর পর আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দেওয়া যাবে।

এবার দেখা যাক, জীবনযাত্রার ফরমে কী কী দেখাতে হবে। আপনার জীবনযাত্রার বড় অনুষঙ্গ হলো, আপনি কেমন ধরনের বাড়িতে থাকেন। ফরমের ১ থেকে ৫ নম্বর সারণি পর্যন্ত সাধারণ তথ্য। ৬ নম্বর সারণিতে আবাসনের তথ্য দিতে হবে। নিজের বাড়ি কিংবা মা-বাবার বাড়ি বা অফিস থেকে কোয়ার্টার পেলেও তা লিখতে হবে। আপনি যদি ভাড়া বাসায় থাকেন, সেটা লিখতে হবে। বছরে কত টাকা ভাড়া দেন, তা জানাতে হবে। এরপর বাড়ির রক্ষণাবেক্ষণ খরচ (পৌরকর, সার্ভিস চার্জ প্রভৃতি) কত হয়েছে, তা লিখতে হবে।

রাজধানীর মধ্যবিত্ত অনেক পরিবারে গাড়ি এখন প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রায় বিবরণীতে গাড়ির চালকের বেতন, প্রতি মাসে জ্বালানি ও রক্ষণাবেক্ষণে কত খরচ করলেন, তা জানাতে হবে।

এ বছর বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। কিন্তু জীবনযাত্রার খরচ দেখানোর জন্য আয়সীমার কোনো পরিবর্তন করা হয়নি। তাই যাঁদের কর বসবে, সবাইকে জীবনযাত্রার খরচ দেখাতে হবে।

পরিষেবার বিল দেখেও আপনার জীবনযাত্রার ধরন বোঝা যাবে। বাড়িওয়ালা-ভাড়াটিয়ানির্বিশেষে সবাইকে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল দিতে হয়। বর্জ্য অপসারণের বিল, ইন্টারনেট ও ডিশের বিলের যাবতীয় তথ্য দিতে হবে। ৮ নম্বর সারণিতে এসব তথ্য দিতে হয়।

মনে রাখবেন, সন্তানদের পড়াশোনায় কত খরচ করছেন, তা কিন্তু এনবিআরকে জানাতে হবে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কে না চায়। তাই অনেকেই সন্তানদের নামীদামি স্কুলে পড়ান। তবে দুর্নীতিবাজদের জন্য খারাপ খবর। ছোট চাকরি করেন, কিন্তু সন্তানেরা পড়ে নামজাদা স্কুলে। তাঁরা যদি কর নথিতে তা না দেখান, তাহলে কর কর্মকর্তারা চাইলে খুঁজে বের করে ফেলতে পারবেন।

বিনোদন জীবনের অন্যতম অনুষঙ্গ। বিনোদন, আপ্যায়ন, উপহার—এসবের খরচও দেখাতে হবে। আপনি সামাজিক বা পারিবারিক উৎসবের আয়োজন করেছেন। লাখ লাখ টাকা খরচ করে শত শত মানুষকে খাইয়েছেন। বছর শেষে আপনাকে বলতে হবে, এসব উৎসবে আপনি কত খরচ করেছেন। শুধু তা-ই নয়, আপনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে কিংবা ব্যক্তিগতভাবে কাউকে উপহার দিলেও সেই খরচ লুকানো যাবে না।

ভ্রমণপ্রিয় ব্যক্তিদের খরচের খুঁটিনাটি জানাতে হবে। এ দেশে অনেক মধ্যবিত্ত পরিবারও এখন নিয়মিত দেশে-বিদেশে ঘুরতে যায়। অনেক টাকাও খরচ করে তারা। কর নথিতে এসব হিসাব দিতে হবে। এমনকি কোথায় চিকিৎসা করেছেন, কত টাকা খরচ হয়েছে, সেটাও জীবনযাত্রার বিবরণীতে লিখতে হবে।

আরও পড়ুন