বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.১৬% বরাদ্দ কমেছে
উচ্চ আয়ের দেশে উত্তরণে মহাপরিকল্পনা বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা ক্রমান্বয়ে বাড়বে। এটি সামনে রেখে এ খাতের অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখতে চায় সরকার। তবে এবারের প্রস্তাবিত বাজেটে আগের চেয়ে বরাদ্দ কমেছে ১ হাজার ৪১৮ কোটি টাকা। আগের অর্থবছরে বরাদ্দ ১৫ দশমিক ৫৬ শতাংশ বাড়ানো হলেও এবার কমেছে ৫ দশমিক ১৬ শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলমান বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যদিও সংশোধিত বাজেটে বরাদ্দ দাঁড়ায় ২৪ হাজার ৫১৯ কোটি টাকা। এবারের প্রস্তাবিত বাজেটে (২০২২-২৩) ২৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এবার উন্নয়ন বাজেটের ১০ শতাংশ বরাদ্দ হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ক্রমবর্ধিঞ্চু চাহিদার দিকে লক্ষ রেখে মানসম্মত বিদ্যুৎ ও জ্বালানির সংস্থান নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। কাজেই সবার জন্য বিদ্যুৎ পৌঁছানো ও দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপদ ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর।
প্রস্তাবিত বাজেটের সংক্ষিপ্তসার বলছে, এ বছর বিদ্যুৎ–জ্বালানিতে বরাদ্দ মোট বাজেটের ৩ দশমিক ৮ শতাংশ। বিদ্যুৎ খাতে ২৪ হাজার ১৯৬ কোটি টাকা এবং জ্বালানিতে ১ হাজার ৮৭০ কোটি টাকা জ্বালানিতে বরাদ্দ রাখা হয়েছে। দুই খাতেই আগের চেয়ে বরাদ্দ কমানো হয়েছে। বর্তমান বাজেটে বিদ্যুৎ খাতে ২৫ হাজার ৩৯৮ কোটি টাকা এবং জ্বালানি খাতের জন্য ২ হাজার ৮৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। যদিও সংশোধিত বাজেটে দুই খাতেই বরাদ্দ কমে যায়।
অর্থমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ খাতের সব কার্যক্রম বাস্তবায়িত হলে অচিরেই দেশের সব মানুষের জন্য মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
বিদ্যুৎ খাত নিয়ে বাজেট বক্তৃতায় জানানো হয়, বর্তমানে দেশে ১৩ হাজার ৫৩০ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। জমির প্রাপ্যতা, জ্বালানি পরিবহন সুবিধা এবং লোড সেন্টার বিবেচনায় পায়রা, মহেশখালী ও মাতারবাড়ী এলাকাকে পাওয়ার হাব হিসেবে চিহ্নিত করে বৃহৎ প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হচ্ছে। মোট চাহিদার শতকরা ১০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যে সৌরশক্তিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে সরকার সঞ্চালন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে।
জ্বালানি খাত নিয়ে অর্থমন্ত্রী বলেছেন, দেশের জ্বালানি তেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শোধন ক্ষমতা আরও ৩০ লাখ টন বাড়ানো হচ্ছে। দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জ্বালানির চাহিদাও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, যার একটি বড় অংশ মূলত প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে পূরণ করা হচ্ছে। চাহিদা পূরণে দিনে প্রায় ৬০ থেকে ৭৫ কোটি ঘনফুট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়তি আছে। তাই উৎপাদনের নতুন প্রকল্পের দিকে না গিয়ে বরাদ্দ কমানো হয়েছে। এটি যৌক্তিক। এতে উৎপাদনের চেয়ে সঞ্চালন ও বিতরণে আনুপাতিক বরাদ্দ কিছুটা বেড়েছে। তবে দেশে গ্যাস অনুসন্ধানে জোর দিতে জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানো উচিত।