সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রথম ধাপের লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১২ জুন এবং দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হয়েছে।
একেকটি উপজেলায় প্রতিদিন ৪০ থেকে ৭০ জনের পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রাথমিকের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে তাঁদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। আজ প্রকাশ করা হলো ষষ্ঠ পর্ব।
মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা
মুসলিমা আক্তার, সহকারী শিক্ষক, আশ্রাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা।
মুসলিমা আক্তার: ভেতরে আসতে পারি স্যার?
পরীক্ষক-১: জ্বি, আসুন।
মুসলিমা আক্তার: আসসালামু আলাইকুম।
পরীক্ষক-১: ওয়াআলাইকুম আসসালাম, বসুন।
মুসলিমা আক্তার: ধন্যবাদ স্যার।
পরীক্ষক-১: ফাইলটা দেন এবং এই কাগজে স্বাক্ষর করেন
মুসলিমা আক্তার: সব সার্টিফিকেট ও অন্য পেপারগুলো দিলাম। স্বাক্ষরও করলাম। পরীক্ষক সব পেপার চেক করলেন।
পরীক্ষক: এর আগে কয়টা ভাইভা দিয়েছেন?
মুসলিমা আক্তার: এটি আমার ১২তম ভাইভা।
পরীক্ষক-২: আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন?
মুসলিমা আক্তার: আইন বিষয়ে এলএলবি অনার্স এবং এলএলএম করেছি স্যার।
পরীক্ষক-২: বাংলাদেশের সাংবিধানিক নাম ইংরেজিতে বলুন?
মুসলিমা আক্তার: The people republic of Bangladesh (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)।
পরীক্ষক: OPEC–এর পূর্ণরূপ কি?
মুসলিমা আক্তার: Organization of Petroleum Exporting Countries.
পরীক্ষক: OPEC নয় APEC জানতে চেয়েছি।
মুসলিমা আক্তার: দুঃখিত, আমি OPEC শুনেছি। স্যার APEC হলো Asia Pacific Economic Cooperation.
পরীক্ষক-২: INTERPOL কি?
মুসলিমা আক্তার: International Criminal Police Organization.
পরীক্ষক-২: সিরিয়ার মুদ্রার নাম কি?
মুসলিমা আক্তার: পাউন্ড।
পরীক্ষক-২: ওয়াটার লুর যুদ্ধ ও প্রথম বিশ্ব যুদ্ধের পার্থক্য কত বছর?
মুসলিমা আক্তার: প্রায় ১০০ বছর (ওয়াটার লুর যুদ্ধ ১৮১৫ সালে এবং প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে হয়)।
পরীক্ষক-২: আপনার হাতের ঘড়িটি প্রথম কে আবিষ্কার করেছেন?
মুসলিমা আক্তার: সি হাইজেন। (তখন বলতে সময় বেশি লেগেছিল কারণ যখন আমার হাত বলেছে আমি জিনিসটা উল্টাপাল্টা করে ফেলছিলাম কিন্তু সময় দেওয়ার কারণে বলতে পেরেছি)।
পরীক্ষক-২: খাবার সোডায় কী থাকে?
মুসলিমা আক্তার: NaHCO3।
পরীক্ষক-২: একটা সাদা পেজে একটা দশমিকের গুণ করতে দিলেন?
মুসলিমা আক্তার: আমি গুণটা করে জমা দিলাম। পরে বাসায় এসে দেখি অংকটা ভুল হয়েছে।
পরীক্ষক-২: অকালে যাকে জাগরণ করা হয়?
মুসলিমা আক্তার: অকালবোধন।
পরীক্ষক-৩: কেন আপনি শিক্ষক হতে চান, আপনি তো কোর্টে প্র্যাকটিস করতে পারেন?
মুসলিমা আক্তার: শিক্ষকতা একটি মহান পেশা, আইন জানা দরকার জেনেছি এবং কিছু দিন মামলাও পরিচালনা করেছি। কিন্তু শিক্ষকতা পেশা আমার পছন্দের। তাই এসেছি।
পরীক্ষক-৩: একটি গান শোনাতে পারবেন?
মুসলিমা আক্তার: জি স্যার, পারব। আমরা করব জয় গানটি গেয়েছিলাম।
পরীক্ষক: ধন্যবাদ, আপনাকে। আপনি এখন আসুন।
মুসলিমা আক্তার: আপনাদেরকেও ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।