এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ১১০টির বেশি স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নেয়।
গতকাল শনিবার দিনব্যাপী রাজধানীতে এআইইউবি ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, বিমা, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, এয়ারলাইনস, ট্রেডিং, অ্যাডভারটাইজিং, ইলেকট্রনিক মিডিয়া, জব পোর্টাল, রিয়েল এস্টেট ও নির্মাণকারী প্রতিষ্ঠান ইত্যাদি।
বাংলালিংক, বিকাশ, ইস্টার্ণ ব্যাংক, এনসিসি ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, মেঘনা গ্রুপ, আবদুল মোনেম লিমিটেড, বেঙ্গল গ্রুপ, সিঙ্গার, পারটেক্স, আরএফএল, র্যাংগস, ট্রান্সকম বেভারেজ লিমিটেড, ইউনাইটেড হাসপাতাল, নাভানা, শেভরন, বাটা, অ্যাপেক্সসহ অন্যান্য প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এ ছাড়া মেলায় এআইইউবি অ্যালামনাই সদস্যরা নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিয়ে অংশ নিয়েছেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত নিয়েছে। এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শন করেন। মেলায় অংশ নেওয়ায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির সহ–উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান, অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইয়ের পরিচালক রুমি তারেক মওদুদ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।