৪৪তম বিসিএস নন-ক্যাডার: দ্রুত ফল প্রকাশের দাবি প্রার্থীদের
৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে সোচ্চার হয়েছেন চাকরিপ্রার্থীরা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ফলাফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। কমিশন সূত্রে জানা গেছে, এই জটিলতা নিরসন হওয়ামাত্রই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
উদ্বেগে চাকরিপ্রার্থীরা
পিএসসি গত বছরের ডিসেম্বর মাসে নন-ক্যাডার প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম বা চয়েজ লিস্ট সংগ্রহ সম্পন্ন করেছে। অথচ দীর্ঘ সময় অতিবাহিত হলেও ফলাফল প্রকাশ না হওয়ায় প্রার্থীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রার্থী বলেন, পিএসসির অন্যান্য কার্যক্রম নিয়মিত চললেও ৪৪তম বিসিএস নন-ক্যাডার ফলাফল প্রকাশের বিষয়ে কমিশনের ভূমিকা রহস্যজনক।
সামনে জাতীয় নির্বাচন থাকায় এই দীর্ঘসূত্রতা নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রার্থীদের মধ্যে নানা প্রশ্ন উঠছে। চাকরিপ্রার্থীদের আশঙ্কা, এই অনিশ্চয়তা ভবিষ্যতে বড় কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ তৈরি করতে পারে, যা পিএসসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রত্যাশিত নয়। দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করে এই অনিশ্চয়তা দূর করার জন্য প্রার্থীরা কমিশনের কাছে জোরালো দাবি জানিয়েছেন।
নন–ক্যাডারে পদ সংখ্যা বেড়েছে
৪৪তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পিএসসির ওয়েবসাইটে ২০২৫ সালের ৭ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে আরও ১৪২টি পদ নন–ক্যাডারে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১২৪টি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ১৮টি পদ রয়েছে। নতুন এই পদগুলো যুক্ত হওয়ার পর ৪৪তম বিসিএস নন–ক্যাডারে মোট পদসংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১১৯–এ।
৪৪তম বিসিএসের ক্যাডার পদের ফলাফল ইতিমধ্যে তিন দফায় সংশোধন করে প্রকাশ করা হয়েছে। সর্বশেষ ১১ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত সংশোধিত বিধি অনুযায়ী, ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। ‘রিপিট ক্যাডার’ বা একই পদে আবার সুপারিশপ্রাপ্ত ব্যক্তিদের বাদ দিয়ে এই পরিবর্ধিত সম্পূরক ফলা প্রকাশ করা হয়। ক্যাডার পদে সুপারিশ না পাওয়া ৭ হাজার ১৩৯ জনকে নন-ক্যাডার পদের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে, যেখান থেকে ৪ হাজার ১১৯ জন চূড়ান্ত নিয়োগ পাবেন।