স্বেচ্ছায় চাকরি ছাড়লে এক বছরের বেতন দেবে যে দুই প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর ৫৭০টি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এ পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৯১৮ জন কর্মীকে ছাঁটাই করেছে।
ছবি: রয়টার্স

অর্থনৈতিক সংকটের কথা বলে বিশ্বের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো নিয়মিত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। গুগল, মেটা, টুইটার, অ্যামাজনসহ বেশকিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। কিন্তু সব দেশের শ্রম আইন এক নয়। এ কারণে এখন কর্মী ছাঁটাইয়ে নতুন পদ্ধতি চালু করেছে গুগল ও অ্যামাজন। প্রতিষ্ঠান দুটি এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে উৎসাহ দিচ্ছে। স্বেচ্ছায় চাকরি ছাড়লে ওই কর্মীকে এক বছরের বেতন দেওয়ারও ঘোষণা দিয়েছে এ দুই প্রতিষ্ঠান।

ইউরোপের দেশগুলোতে শ্রম আইন বেশ কঠোর। এসব দেশে কোনো প্রতিষ্ঠান চাইলেই কর্মীদের ছাঁটাই করতে পারে না। কর্মী ছাঁটাই করতে হলে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে আগে সেই দেশের ‘এমপ্লয়ি ইন্টারেস্ট গ্রুপের’ সঙ্গে আলোচনায় বসতে হয়। কর্মী ছাঁটাইয়ের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে ফ্রান্স ও জার্মানিতে এ রকম কাউন্সিলের কাছে ইতিমধ্যে আবেদন জানিয়েছে গুগল। এ প্রক্রিয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ। তবে নিজে থেকে কেউ চাকরি ছেড়ে দিতে চাইলে প্রতিষ্ঠানগুলোর জন্য বিষয়টি সহজ হয়। এ কারণে গুগল ও অ্যামাজন কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিতে উৎসাহ দিচ্ছে।

ফ্রান্সে স্বেচ্ছায় চাকরি ছাড়তে কর্মীদের নানা রকম প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।

আরও পড়ুন

এ ছাড়া অ্যামাজন তাঁদের পাঁচ থেকে আট বছরের অভিজ্ঞ কিছু জ্যেষ্ঠ ব্যবস্থাপককে স্বেচ্ছায় পদত্যাগ করলে এক বছরের পুরো বেতন পরিশোধ করে দেওয়ার প্যাকেজ ঘোষণা করেছে। জার্মানিতে প্রবেশনারি মেয়াদে কাজ করা কর্মীদের ছাঁটাই করতে চায় অ্যামাজন। এ কারণে তাঁদেরও স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

নাম প্রকাশ না করার শর্তে গুগলের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করছি। যেসব দেশে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে, সেসব দেশের আইনকানুন মেনেই কাজ করছি। দেশভেদে এসব আইন আলাদা হয়। তাই একটু বেশি সময় লাগছে।’

যুক্তরাজ্যে ৮ হাজার কর্মীর মধ্যে ৫০০ জনকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এসব কর্মীকে গোপন প্যাকেজ দেওয়া হবে। ডাবলিন ও জুরিখেও দুই শতাধিক কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের কর্মী ছাঁটাই পর্যবেক্ষণ করা ওয়েবসাইট লেঅফসডটএফওয়াইআই জানিয়েছে, চলতি বছর মেটা থেকে শুরু করে মাইক্রোসফট, গুগল, অ্যামাজনসহ ৫৭০টি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এ পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৯১৮ জন কর্মীকে ছাঁটাই করেছে।

আরও পড়ুন