শিক্ষকদের যোগদান ও এমপিওভুক্তিতে হয়রানি করলে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ হাজার ৭৪ শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় শর্ত সাপেক্ষে নিয়োগের জন্য এসব প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত এসব শিক্ষকের যোগদানের সময় হয়রানির অভিযোগ পাওয়া গেলে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে, কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের নিয়োগপত্র গ্রহণ ও অনুমোদনের ক্ষেত্রে নানা রকম হয়রানি, বাধা প্রদান ও ক্ষেত্রবিশেষে নানা অজুহাতে কালক্ষেপণ করা হচ্ছে, যা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১–এর ১৮.১(ঘ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এরূপ সুস্পষ্ট অভিযোগ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিবিধানের আলোকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে উপজেলা পর্যায় থেকে অনলাইনে এমপিও–সংশ্লিষ্ট আবেদন অগ্রায়ণের ক্ষেত্রেও কোনো ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য বিধিবিধানের আলোকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া ২৭ হাজার ৭৪ জনকে ১৯ অক্টোবরের মধ্যে যোগদান করতে হবে। ইতিমধ্যে অনেক প্রার্থী যোগদানও করেছেন।
এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে এনটিআরসিএর ওয়েবসাইটের চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে অথবা সরাসরি এই লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে লেখা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

১৯ অক্টোবরের মধ্যে যোগদানের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়োগপত্র ইস্যু করবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত তারিখের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা না হলে কিংবা যোগদানপত্র গ্রহণ করা না হলে যথাযথ নিয়ম অনুসরণ করে প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগ বা অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে।