প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত
সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে চলমান আন্দোলন এক মাসের জন্য স্থগিত করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির প্রতিনিধিদের সঙ্গে গতকাল সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় দাবি বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। আলোচনায় পাওয়া আশ্বাস এবং প্রস্তাবিত যৌথ কমিটির কার্যক্রম বিবেচনা করে আগামী এক মাস আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিষদ।
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, এক দফা কর্মসংস্থানের দাবি থেকে তাঁরা সরে যাননি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের কার্যক্রম ও দাবি অব্যাহত থাকবে।