দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বাড়ল, কার্যকর ২০২৮ থেকে

দুর্নীতি দমন কমিশনের (দুদক)ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার। কর্মচারীদের গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় নিয়ে নতুন হারে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৮ থেকে নতুন হার কার্যকর হবে।

২ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮ সালের ২০ আগস্ট নির্ধারিত ঝুঁকি ভাতার হার সংশোধন করে নতুন হার নির্ধারণ করা হয়েছে। গ্রেড ও চাকরির মেয়াদ অনুযায়ী ভাতার পরিমাণে ভিন্নতা রাখা হয়েছে।

গ্রেড-১০-এর কর্মচারীরা চাকরির বয়স ৫ বছর বা এর কম হলে মাসে ৩ হাজার ২৪০ টাকা ঝুঁকি ভাতা পাবেন। আগের হার ছিল ২ হাজার ৭০০ টাকা। গ্রেড-১১-এর কর্মচারীদের ক্ষেত্রে নতুন ভাতা ২ হাজার ৬৪০ টাকা। গ্রেড-১২-এর কর্মচারীদের চাকরির বয়স অনুযায়ী নতুন ভাতার হার ২ হাজার ৫২০ টাকা। গ্রেড-১৩-এর ক্ষেত্রে ৫ বছর বা এর কম চাকরির বয়সে ২ হাজার ২৮০ টাকা।

আরও পড়ুন

এ ছাড়া গ্রেড-১৪ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের জন্যও চাকরির বয়সভিত্তিক নতুন হার নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৪-তে সর্বনিম্ন ২ হাজার ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৪ হাজার ৫৬০ টাকা, গ্রেড-১৫-তে ২ হাজার ৪০ টাকা থেকে ৪ হাজার ৮০ টাকা, গ্রেড-১৬-তে ১ হাজার ৯২০ টাকা থেকে ৩ হাজার ৮৪০ টাকা, গ্রেড-১৭-তে ১ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা এবং গ্রেড-১৮-তে ১ হাজার ৬৮০ টাকা থেকে ৩ হাজার ৩৬০ টাকা পর্যন্ত ভাতা পাওয়া যাবে।

গ্রেড-১৯-এর কর্মচারীদের জন্য চাকরির বয়সভেদে নতুন ভাতা ১ হাজার ৫৬০ টাকা থেকে ৩ হাজার ২৪০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গ্রেড-২০-এর কর্মচারীরা ১ হাজার ৪৪০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার ১২০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা পাবেন।

আরও পড়ুন