বিশেষ সভা ডেকেছে পিএসসি
বিভিন্ন বিসিএসের ফল ও অগ্রগতি নিয়ে আজ বৃৃহস্পতিবার বিশেষ সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। এই সভায় অগ্রাধিকার পাবে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল ও ৪০তম বিসিএসের নন-ক্যাডারসহ নানা দিক।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসি সূত্র প্রথম আলোকে জানায়, কমিশনের বিশেষ সভা ডাকা হয়েছে। এখানে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৪০তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগের সুপারিশের বিষয়ে আলোচনা, ৪৩তম বিসিএসের তৃতীয় পরীক্ষকের খাতা দেখার অগ্রগতি ও ৪৪তম বিসিএসের অগ্রগতি নিয়ো আলোচনা হওয়ার কথা রয়েছে। সভাতেই ৪১তম বিসিএসের ফল প্রকাশ করার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
গত ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা। পরীক্ষার্থীরা এখন চূড়ান্ত ফলের অপেক্ষায়। আবেদন প্রকাশের প্রায় দুই বছর পর (২০২১ সালের আগস্টের শুরুতে) ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসি ৪১তম বিসিএসের ফল প্রকাশের আগে ৪০তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগের সুপারিশ করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ৪০তম বিসিএসের নন-ক্যাডারে ১৫৬ জন প্রকৌশলীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। সেই জটিলতা এখনো কাটেনি।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। ৪১তম বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০৫ জন। ৪১তম বিসিএসে এখন পর্যন্ত ৩৭০টি পদ বাড়ছে বলে জানা গেছে।