ভালো ছাত্র মানেই কি ভালো কর্মজীবী, যা বলছে গবেষণা

ফাইল ছবি

ভালো একাডেমিক ফল কিংবা ক্লাসে শীর্ষস্থান—দীর্ঘদিন ধরেই এগুলোকে ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্যের পূর্বাভাস হিসেবে ধরা হতো। তবে সাম্প্রতিক গবেষণা ও কর্মক্ষেত্রের বাস্তবতা বলছে ভিন্ন কথা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, একাডেমিকে উজ্জ্বল শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে গিয়ে প্রত্যাশিত দক্ষতা দেখাতে পারছেন না।

২০২৪ সালে জার্নাল অব অ্যাপ্লায়েড সাইকোলজিতে প্রকাশিত একটি মেটা–অ্যানালাইসিসে বলা হয়েছে, জিপিএ বা একাডেমিক র‍্যাঙ্কিং কর্মক্ষেত্রের বাস্তব পারফরম্যান্সের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ভিন্নতা ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ ভালো ফল কারও চাকরির দরজা খুলে দিতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে তিনি কতটা সফল হবেন, সে বিষয়ে এর পূর্বাভাস খুবই সীমিত।

কেন তৈরি হচ্ছে এই ব্যবধান

বিশেষজ্ঞরা বলছেন, কাজের ধরন ও কর্মপরিবেশ গত কয়েক দশকে আমূল বদলে গেছে। একসময় ক্যারিয়ার ছিল তুলনামূলকভাবে সরল ও নির্দিষ্ট। পড়াশোনার বিষয় অনুযায়ী চাকরি, ধীরে ধীরে পদোন্নতি—এই ধারায় একাডেমিক সাফল্য অনেক সময়ই প্রাথমিক কর্মদক্ষতার সঙ্গে মিল খুঁজে পেত। কিন্তু বর্তমান বাস্তবতায় প্রযুক্তিগত পরিবর্তন, নতুন ব্যবসায়িক মডেল ও প্রজন্মগত মানসিকতার কারণে নিয়োগদাতারা এখন ডিগ্রির চেয়ে দক্ষতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অভিযোজন ক্ষমতা, দ্রুত শেখার মানসিকতা ও পরিবর্তনশীল পরিবেশে কাজ করার সক্ষমতাই হয়ে উঠছে পারফরম্যান্সের মূল মানদণ্ড।

অনেক উচ্চ ফলধারী শিক্ষার্থী নিয়মভিত্তিক ও কাঠামোবদ্ধ একাডেমিক পরিবেশে অভ্যস্ত। কিন্তু কর্মক্ষেত্রের অনিশ্চয়তা, দলগত কাজ ও নমনীয়তার চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে তাঁরা হোঁচট খান। আবার ব্যক্তিগত সাফল্যে অতিরিক্ত মনোযোগ দলগত সহযোগিতা ও দৃশ্যমান প্রভাব কমিয়ে দিতে পারে।

আরও পড়ুন

কেন শ্রেণিকক্ষ কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট নয়

নিশ্চয়তার বদলে অনিশ্চয়তা: একাডেমিকে নির্দেশনা স্পষ্ট, ফলাফল নির্ধারিত। কর্মক্ষেত্রে সমস্যা জটিল, অগ্রাধিকার বদলায় এবং একটিমাত্র সঠিক উত্তর থাকে না।

জ্ঞান নয়, বাস্তব প্রয়োগই মুখ্য: ভালো নম্বর বিষয়ভিত্তিক দক্ষতার পরিচায়ক হলেও কর্মক্ষেত্রে সাফল্য নির্ভর করে জ্ঞানের বাস্তব প্রয়োগের ওপর।

অতীত অর্জনের চেয়ে শেখার গতি: কর্মজীবনে নতুন টুল, দক্ষতা ও ভূমিকার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই কার্যকারিতার মূল চাবিকাঠি।

আচরণগত দক্ষতার গুরুত্ব: ফিডব্যাক গ্রহণ, দ্বন্দ্ব সামলানো, বিশ্বাস গড়া ও প্রভাব বিস্তার—এ বিষয়গুলো একাডেমিক মূল্যায়নে খুব কমই গুরুত্ব পায়, অথচ কর্মক্ষেত্রে এগুলোই সাফল্যের বড় নিয়ামক।

উদ্যোগ ও দৃশ্যমানতা: শুধু কাজ শেষ করলেই যথেষ্ট নয়, উদ্যোগ নেওয়া ও দায়িত্বের বাইরে গিয়ে অবদান রাখাও ক্যারিয়ার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

আত্মবিশ্বাসে ধাক্কা

কর্মক্ষেত্রে গড়পড়তা পারফরম্যান্স অনেক উচ্চ ফলধারী শিক্ষার্থীর আত্মপরিচয়ে আঘাত হানে। দীর্ঘদিনের ‘আমি ভালো করি’—এই বিশ্বাস চ্যালেঞ্জের মুখে পড়ে। ফলে আত্মবিশ্বাস কমে যায়, উদ্যোগ নেওয়ার প্রবণতা হ্রাস পায় এবং ধীরে ধীরে অনাগ্রহ তৈরি হয়।

সমাধান কোথায়

বিশেষজ্ঞদের মতে, একাডেমিক সাফল্যকে কর্মক্ষেত্রের প্রভাবশালী পারফরম্যান্সে রূপ দিতে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। শিক্ষাজীবনের শুরু থেকেই ইন্টার্নশিপ, লাইভ প্রজেক্ট ও বাস্তব সমস্যাভিত্তিক শেখার সুযোগ গ্রহণ করতে হবে। ভুলকে ব্যর্থতা নয়, শেখার অংশ হিসেবে দেখার সংস্কৃতি তৈরি করতে হবে।

সক্ষমতা থাকা এক বিষয়, আর সেই সক্ষমতাকে বাস্তব কাজে লাগানো আরেক বিষয়। সঠিক পরিবেশ, দিকনির্দেশনা ও শেখার সুযোগ পেলে মেধাবী শিক্ষার্থীরাই কর্মক্ষেত্রে টেকসই সাফল্য অর্জন করতে পারেন।